ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকাআমাদের লোকশিল্পসুপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের ধারাবাহিকতায় আজ আলোচনা করব ‘আমাদের লোকশিল্প’ প্রবন্ধটির শেষ প্রশ্নোত্তর নিয়ে। প্রশ্ন: ঘ) ‘আমাদের লোকশিল্প’ প্রবন্ধটির মধ্যে লেখকের যে অন্তর্নিহিত মনোভাবটুকু ফুটে উঠেছে তার বর্ণনা দাও। ৪উত্তর: ঘ) খ্যাতিমান শিল্পী কামরুল হাসান রচিত লোকজ উপাদান সংবলিত গ্রন্থ আমাদের লোককৃষ্টি থেকে সংকলিত হয়েছে ‘আমাদের লোকশিল্প’ প্রবন্ধটি। এ দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা লোকশিল্পের প্রতি একান্ত মমত্ববোধ এবং লোক ঐতিহ্যের সংরক্ষণের প্রতি লেখকের আন্তরিক সদিচ্ছাটুকু প্রবন্ধটিতে স্থান পেয়েছে।লোকশিল্প একটি দেশের প্রতিনিধিত্ব করে। কারণ, একজন শিল্পী সম্পূর্ণ মন, মেধা আর প্রতিভার সর্বোচ্চ জৌলুশটুকু ঢেলে দিয়ে তাঁর শিল্পকর্মকে নিঁখুতভাবে ফুটিয়ে তোলেন। এখানে তাঁর শিল্পসত্তাটুকুই প্রাধান্য পায়। তাই অন্য একটি দেশের লোকের কাছে এই শৈল্পিক সৃষ্টিগুলো অবশ্যই প্রশংসার দাবিদার হয়ে ওঠে। এমনি হাজারো কুটিরশিল্পে একসময় আমাদের গ্রামবাংলা সমৃদ্ধ ছিল। প্রতিটি গ্রাম ছিল স্বয়ংসম্পূর্ণ। কামার, কুমোর, তাঁতি, কাঁসারু, কাঠমিস্ত্রি প্রভৃতি কারিগরের হাতে তৈরি জিনিসের প্রতি লোভ ছিল সমগ্র বিশ্বের। ঢাকার মসলিন কাপড়ের খ্যাতি ছিল দুনিয়াজোড়া। মোগল বাদশাহদের কাছে এটি ছিল সমাদৃত। বাঁশ, বেত ও কাঠ দিয়ে নির্মিত শৌখিন আসবাবপত্র সবাইকে প্রলুব্ধ করত। অথচ বৃহদায়তন শিল্পের ব্যাপক প্রসারের ফলে কুটিরশিল্পজাত সামগ্রী আজ বিলুপ্তির পথে। তা ছাড়া অভাবজনিত কারণে অনেকেই আজ তাদের পেশা পরিবর্তন করেছে। যন্ত্রনির্মিত দ্রব্যের সঙ্গে পাল্লা দিতে না পেরে মানুষের পরিবর্তিত রুচিবোধের সঙ্গে সঙ্গে লোকশিল্পের বাজারজাতকরণেও জটিলতা এসে গেছে। তাই বর্তমানে এ শিল্প অনেকটাই তার ঐতিহ্য ও জৌলুশ দুটোই হারাতে বসেছে। অথচ আমাদের মতো দরিদ্র দেশের বেকারত্ব সমাধানে এবং অর্থনৈতিক উন্নয়নে কুটিরশিল্পকে বাঁচিয়ে রাখা একান্ত জরুরি। আমাদের সরকারের পৃষ্ঠপোষকতা এ ব্যাপারে অধিক প্রয়োজন। লোকশিল্পের উদ্যোক্তাদের ঋণ দিয়ে দেশ-বিদেশে এ শিল্পের ব্যাপক প্রচার ও প্রসারতা বাড়িয়ে জননন্দিত এ শিল্পটিকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর দায়িত্ব আমাদের সবার। আর এ জন্য শিল্পটির প্রতি শুধু চোখ দিয়ে তাকানো নয়, হূদয়ের মমত্ববোধটুকু ঢেলে দিতে হবে। লেখক এখানে লোকসাহিত্যের বর্তমান অবস্থাকে উপলব্ধি করে শিল্পটির তত্ত্বাবধানে সরকার এবং সাধারণ মানুষের মানসিকতার পরিবর্তন ও আন্তরিক সদিচ্ছা উপলব্ধি করেছেন।