শেরে বাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকাপ্রিয় শিক্ষার্থীরা, আজ ৩য় অধ্যায়ের পলাশীর যুদ্ধ বিষয়ের প্রশ্নোত্তর আলোচনা করা হলো।নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:বাংলাদেশ টেলিভিশনে বিপুল সিরাজ-উদ-দৌলা নাটক দেখছিল। নাটকে বিভিন্ন দৃশ্যের একপর্যায়ে বিপুল দেখল, বিভিন্ন রাজকর্মচারী ও সৈনিকগণের অসহযোগিতায় নবাব যুদ্ধে পরাজিত হলেন। বাংলায় ভিনদেশি শাসনের সূত্রপাত হয়। নবাবের পরাজয়ে বিপুল মর্মাহত হয়।সৃজনশীল প্রশ্ন:প্রশ্ন: নবাব সিরাজ-উদ-দৌলা কোন যুদ্ধে পরাজিত হন? প্রশ্ন: উক্ত যুদ্ধে বিভিন্ন রাজকর্মচারী কেন নবাব সিরাজ-উদ-দৌলাকে অসহযোগিতা করেছিল? ব্যাখ্যা কর। প্রশ্ন: নবাব সিরাজ-উদ-দৌলার পরাজয়ে সাহেরার মর্মাহত হওয়ার কারণ ব্যাখ্যা কর। প্রশ্ন: বাংলায় ভিনদেশি শাসনের সুদূরপ্রসারী ফলাফল কী ছিল বলে তুমি মনে কর?উত্তর: ক. বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজ-উদ-দৌলা। ইংরেজদের বিরুদ্ধে পলাশীর যুদ্ধে নবাব সিরাজ-উদ-দৌলা পরাজিত হন। উত্তর: খ. পলাশীর যুদ্ধ ছিল একটি প্রহসনমূলক যুদ্ধ। এ যুদ্ধে সিরাজের বিশ্বস্ত রাজকর্মচারীরা যুদ্ধক্ষেত্রে দর্শকের ভূমিকা পালন করেছিল। মীরজাফর, উমিচাঁদ, রায়দুর্লভ, ইয়ার লতিফ প্রমুখ রাজকর্মচারী ষড়যন্ত্র করেছিল নবাব সিরাজ-উদ-দৌলাকে ক্ষমতাচ্যুত করার জন্য। ইংরেজরা যুদ্ধে বিজয়ী হলে মীরজাফরকে নবাব বানানো হবে—এ লোভে মীরজাফর নবাবকে অসহযোগিতা করেছিল। অন্য রাজকর্মচারীকেও দেশ পরিচালনার বড় বড় ক্ষমতায় আসীন হওয়ার স্বপ্ন দেখানো হয়েছিল। উত্তর: গ. বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল পলাশীর যুদ্ধে নবাব সিরাজ-উদ-দৌলার পরাজয়ের মধ্য দিয়ে। স্বাধীন বাংলা ইংরেজদের পরাধীনতার শৃঙ্খলে বন্দী হয়েছিল এ দেশেরই কিছু স্বার্থান্বেষী, অতিলোভী, অতি মুনাফাখোরী ব্যক্তির ষড়যন্ত্রের কারণে। ভিনদেশি ইংরেজ বণিক সম্প্রদায় এ দেশের রাজকীয় ক্ষমতা বগলদাবা করার জন্য কূটকৌশলের আশ্রয় নেয় এবং উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এ দেশেরই রাজকর্মচারীদের টোপ ফেলে। ব্রিটিশদের চালাকির কাছে হেরে গিয়ে তারাও টোপ গিলে ফেলে। আস্তে আস্তে ইংরেজরা লর্ড ক্লাইভের নেতৃত্বে লক্ষ্যের দিকে এগিয়ে যায়। ১৭৫৭ সালের ২৩ জুন ইংরেজ বাহিনীর বিরুদ্ধে নবাব সিরাজ-উদ-দৌলার যুদ্ধ বেধে যায়। নবাব সেনাপতি মীরজাফর যুদ্ধের ময়দানে উপস্থিত হয়েও যুদ্ধ না করে বরং যুদ্ধে ইংরেজদের জিতিয়ে দেওয়ার ফন্দি আঁটতে থাকে। এ পর্যায়ে সে সফল হয় এবং নবাব বিশ্বাসঘাতকতার কাছে পরাজিত হন। এ ধরনের পরাজয়ে দেশপ্রেমিক যে কেউ মর্মাহত হবেন। মধ্যযুগের সেই লোমহর্ষক ঘটনা তাই এ যুগের দেশপ্রেমিক সাহেরাকেও মর্মাহত করে। উত্তর: ঘ. পলাশীর যুদ্ধের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার শাসনক্ষমতায় আসে। তাদের এই শাসনের প্রভাব ছিল সুদূরপ্রসারী। শুরুতেই লর্ড ক্লাইভ প্রবর্তিত দ্বৈতশাসন বাংলার সমৃদ্ধ অর্থনীতির মেরুদণ্ডকে দুর্বল করে দেয়। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের ফলে বিশেষভাবে মুসলমানেরা চরম সংকটে পড়ে যায়। ধান ও পাটের পরিবর্তে নীল চাষে কৃষকদের বাধ্য করা হলে চরম খাদ্যসংকট দেখা দেয়। ইউরোপীয় শিল্পের প্রভাবে এ দেশের ক্ষুদ্র ও কুটির শিল্প ধ্বংস হয়ে যায়। ফারসি ভাষার পরিবর্তে রাজভাষা ইংরেজি হওয়ায় অনেক মুসলমান চাকরি হারায়। নানা কারণে ইংরেজ সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময় ফকির-সন্ন্যাসী আন্দোলন, তিতুমীরের বিদ্রোহ, ফরায়েজি আন্দোলন, নীল বিদ্রোহ প্রভৃতি সংঘটিত হয়। ইংরেজ শাসনের বিরুদ্ধে সশস্ত্র প্রতিবাদ ছিল সিপাহি বিদ্রোহ। মানুষের সচেতনতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ব্রিটিশবিরোধী আন্দোলন ভারতীয়দের ঐক্যবদ্ধ করে তোলে। বঙ্গভঙ্গ আন্দোলন, বঙ্গভঙ্গ রদ আন্দোলন, খিলাফত আন্দোলন, অসহযোগ আন্দোলন, ভারত ছাড় আন্দোলন প্রভৃতি ব্রিটিশ শাসনের ভিত নাড়িয়ে দেয়। তবে ব্রিটিশ শাসনামলে বেশ কিছু ক্ষেত্রে সামাজিক ও ধর্মীয় সংস্কার সাধিত হয়। পাশাপাশি পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করে এ দেশবাসী আধুনিক জীবনধারায় অভ্যস্ত হয়। পরিবর্তন আসে পোশাক-পরিচ্ছদে, সাংস্কৃতিক কর্মকাণ্ডে, অর্থনৈতিক ব্যবস্থায়, খেলাধুলায় প্রভৃতি সব ক্ষেত্রে। অর্থাৎ বাঙালি জীবনের সর্বক্ষেত্রেই ইংরেজ শাসনের প্রভাব লক্ষ করা যায়।