ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকামহত্ত্বের শক্তিপ্রিয় শিক্ষার্থী গতকালের পর আজ ‘মহত্ত্ব্বের শক্তি’ প্রবন্ধের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো।প্রশ্ন: গ) কোন কোন গুণের সমাবেশ ঘটলে মানবজীবন সার্থক হয়, বুঝিয়ে লেখো। উত্তর: গ) মানুষের মানবীয় গুণাবলির মধ্যে ক্ষমা, উদারতা, নৈতিকতা, স্বার্থহীনতা ইত্যাদি উল্লেখযোগ্য মহৎ গুণ। যেকোনো মানুষ এসব সদ্গুণ দিয়ে নিজেকে মহিমান্বিত করে তুলতে পারে। পক্ষান্তরে স্বার্থপরতা, হীনম্মন্যতা, পরশ্রীকাতরতা ও হিংসাত্মক মনোবৃত্তি সর্বদা মানুষকে পাপপথে পরিচালিত করে। জগতে মানুষ তার আপন ব্যক্তিত্ববলেই অপরের প্রিয়ভাজন হয়, আবার নিজের আচার-আচরণের জন্যই অন্যের বিরাগভাজন হয়। এ ক্ষেত্রে মানুষ হিসেবে তার প্রধান দায়িত্ব হলো মানুষের সর্বশ্রেষ্ঠ রূপটি ফুটিয়ে তোলা। সৃষ্টিকর্তার সর্বশ্রেষ্ঠ স্বীকৃতিপ্রাপ্ত মানুষ যদি পৃথিবীতে সদ্গুণগুলোর বিকাশ ঘটাতে পারে, তবেই মানুষ হিসেবে তার সার্থকতা। কিন্তু কিছু কিছু মানুষরূপী নরাধম আছে, যারা পশুর চেয়েও নিকৃষ্ট। অন্যের প্রতি অন্যায়-অত্যাচার আর নিজের সুখ ভোগের আকাঙ্ক্ষা ছাড়া আর কিছুই সে করতে পারে না। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী এসব অসাধু ব্যক্তিকে সবাই অন্তর থেকে ঘৃণা করে। তার বিপুল অর্থ-সম্পদকে কেউ মূল্য দেয় না। সামনা সামনি তার ভয়ে নত হলেও, আড়ালে তার নিন্দা করে। এ রকম মানবজীবন কারও কাম্য হতে পারে না। বরং নশ্বর মানবজীবনে তার মহান কীর্তিগুলোই তাকে অমর করে রাখে। এজন্য প্রয়োজন মানুষের মধ্যে নৈতিকতাবোধ, বন্ধুসুলভ আচরণ, অন্যের কল্যাণে নিজের আত্মত্যাগ, সহনশীলতা ও অমায়িক ব্যবহার। এগুলোর দ্বারা সে জগতে যেমন সবার শিরোমণি হয়ে উঠতে পারে, আবার মৃত্যুর পরও মানুষ তার মহত্ত্বের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। একটি মহৎ জীবনের অধিকারী হওয়াটাই হলো মানবজীবনের পূর্ণাঙ্গ সার্থকতা। প্রশ্ন: ঘ) তাহার যশোধ্বনি, তাহার মহত্ত্ব মহিমারই অনুরূপ—বিশ্লেষণ করো।উত্তর: ঘ) প্রখ্যাত সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরী বিরচিত ধর্মের কথা গ্রন্থ থেকে সংকলিত হয়েছে ‘মহত্ত্বের শক্তি’ প্রবন্ধটি। এখানে অসাধারণ জ্ঞানপ্রভায় সমুজ্জ্বল, আরবের এক অতি সাধারণ অথচ ব্যক্তিত্বের মহিমায় জীবন যার পুণ্যকর্মময় সেই মহামানব হাতেমতায়ীর মহত্ত্বের মহিমা সম্পর্কে ইয়েমেন অধিপতির মনোভাবের প্রকাশ ঘটেছে।রাজ্যের মধ্যে প্রজাদের মুখে হাতেমের জয়গানে ক্ষিপ্ত হয়ে নরপতি তাঁর একক সুখ্যাতি রক্ষায় হাতেমের নাম চিরতরে মুছে ফেলার জন্য গুপ্তঘাতক প্রেরণ করেন হাতেমকে হত্যার উদ্দেশ্যে। রওনা হয়ে ঘাতক পথিমধ্যে এক অসাধারণ যুবকের সাক্ষাৎ পান। তাঁর সুমিষ্ট ব্যবহার, সমুধুর আলাপচারিতা ও আন্তরিক আতিথেয়তায় হন্তা মুগ্ধ হয়ে পড়েন। অতঃপর একপর্যায়ে পথিক তাঁর অন্তরের গোপন কথা যুবকের কাছে প্রকাশ করেন। পরে যখন জানতে পারলেন, এই যুবকই আসলে হাতেমতায়ী। তখন মুহূর্তের মধ্যে ঘাতকের সমস্ত শরীর ও মন অবসন্ন হয়ে পড়ল। হাতেমের প্রতি তাঁর ভক্তি এতটাই প্রবল হয়ে উঠল যে ঘাতক নিজেকে হাতেমের পদতলে সমর্পণ করে সেখান থেকে সোজা নরপতির কাছে এসে হাজির হলেন। নরপতি ঘাতকের মুখে হাতেমের সব কথা শুনে নিজেও হাতেম-প্রশংসায় ব্যাকুল হয়ে উঠলেন। হাতেমের প্রতি সব প্রতিহিংসা উবে গিয়ে হাতেমের মহত্ত্বের কাছে নিজেই নতিস্বীকার করলেন। শেষ পর্যন্ত নরপতি হাতেমের মহত্ত্ব, খ্যাতি ও মহিমারই একটা অংশ বলে মনে করলেন।