শিক্ষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকারূপাইপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ‘রূপাই’ কবিতার নমুনা প্রশ্নোত্তরের গ ও ঘ অংশ আলোচনা করব।প্রশ্ন: গ. তোমার দেখা গ্রামবাংলার সঙ্গে রূপাই কবিতায় বর্ণিত গ্রামবাংলার দৃশ্যের সাদৃশ্য বর্ণনা করো।উত্তর: গ. পল্লিকবি জসীমউদ্দীন রূপাই কবিতাটিতে রূপাই নামক এক রাখাল বালককে উপজীব্য করে পল্লিজীবনের বাস্তব প্রতিচ্ছবিগুলো নিখুঁত পটে আঁকা ছবির মতো ফুটিয়ে তুলেছেন। কবিতায় গ্রাম বাংলার চিরাচরিত অপরূপ প্রাকৃতিক দৃশ্য, গ্রামীণ জীবন প্রণালি, এদের সংস্কৃতি এবং পল্লির সুবিন্যস্ত সম্পদগুলো অত্যন্ত সাবলীলভাবে স্থান পেয়েছে। প্রকৃতির অফুরন্ত দানে সমৃদ্ধ গ্রামবাংলা। গ্রামে ফসলের মাঠে কচি ধানের চারাগুলো যেন মাথা উঁচু করে প্রকৃতিকে উদ্ভাসিত করে। চতুর্দিকে সবুজ-শ্যামল ছায়াঘেরা গাছলতাতে পরিপূর্ণ। কৃষাণীর স্বপ্নীল আঙ্গিনায় কখনো চোখে পড়ে লাউয়ের মাচা—যার সবুজ কচি ডাঁটাগুলো সহজেই চোখে মায়ার অঞ্জন বুলিয়ে দেয়। শ্রাবণের জলধারাপতিত হওয়ার সঙ্গে সঙ্গে প্রকৃতির রূপ পাল্টে এক অনন্য সুন্দর রূপ ধারণ করে। হিজল-তমালের মতো বলিষ্ঠ বৃক্ষ থেকে শুরু করে ছোটবড় গাছ ও লতাপাতাগুলো নববর্ষার শীতল জলে স্নিগ্ধ ও কমনীয় হয়ে ওঠে। আকাশের একপ্রান্ত থেকে অন্যপ্রান্ত পর্যন্ত ছুটোছুটি করে বিজলি মেয়ের রূপের ঝলক। তখন ক্ষণিকের জন্য আলোকিত হয়ে ওঠে গ্রামবাংলার মাঠ-ঘাট, প্রান্তর। সত্যিই এ এক অভাবনীয় দৃশ্য। মাঠে কৃষকের মুখে কখনো থাকে ক্লান্তির মেঘ, আবার কখনো বিরাজ করে ফসল তোলার আনন্দ-উচ্ছ্বাস। বাংলার এ শাশ্বত রূপ অবিনশ্বর, অমলিন। আমার দেখা গ্রামবাংলার সঙ্গে, কবিতার চিত্রায়িত গ্রামের সাদৃশ্য অভিন্ন। গ্রামের রঙিন ফুল, ভ্রমরের গুঞ্জন, অবারিত মাঠ, সজলবর্ষা, বৃষ্টিস্নাত তমাল-তরু, কৃষকের সচকিত হাসি—সবকিছুর মধ্যেই রয়েছে অবিমিশ্র চমৎকারিত্ব। যা যুগযুগ ধরে মানুষকে করেছে শৈল্পিক ভাবাপন্ন। তাই পল্লিদরদি কবি জসীমউদ্দীনের দেখা অসাধারণ গ্রামবাংলার সঙ্গে, আমার অনুভবে গ্রাম্যপ্রকৃতির যে মনোমুগ্ধকর রূপ তার সবটুকুই অভিন্নতা পেয়েছে।প্রশ্ন: ঘ. ‘রূপাইয়ের অনবদ্য রূপটি যেন গ্রাম্য প্রকৃতিরই অনুরূপ’— উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।উত্তর: ঘ. আবহমান গ্রামবাংলার সার্থক রূপকার কবি জসীমউদ্দীন বিরচিত অনবদ্য কাব্যগ্রন্থ নকসী কাঁথার মাঠ থেকে সংকলিত হয়েছে রূপাই কবিতাটি। কাব্যটির কেন্দ্রীয় চরিত্র রূপাইকে কবি প্রকৃতির সহজ, সুন্দর ও স্বাভাবিক বৈশিষ্ট্যে উপস্থাপন করেছেন।গ্রামের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতিশয় সৌন্দর্যের নানা উপমা দ্বারা কবি রূপাইয়ের রূপকে আরও দৃষ্টিনন্দন করে তুলেছেন। কবির তীক্ষ পর্যবেক্ষণ শক্তিতে রূপাইয়ের রূপ যেন গ্রাম্যপ্রকৃতিরই অনুরূপ। পল্লির চাষিকুলের প্রতিনিধি রূপাই। তার গায়ের রং কালো অথচ লাবণ্যময়। প্রকৃতির প্রতিটি মনোলোভা বস্তুর মধ্যেই কবি রূপাইয়ের রূপের সাদৃশ্য খুঁজেছেন। তার মাথার নিবিড় কালো চুলগুলো মায়ার অঞ্জন বুলিয়ে দেয়। ফুলের অনাবিল সৌন্দর্যও তার কাছে হার মানে। রূপাইয়ের মায়াবী মুখখানি কাঁচা ধানের কচিপাতার মতোই কোমল ও স্নিগ্ধ। সদ্য বেড়ে ওঠা লাউয়ের ডগার মতো তার হাত দুইখানি মসৃণ। রূপাইয়ের দৈহিক অবকাঠামোকে কবি অনুপম সৌন্দর্যে ফুটিয়ে তুলেছেন। শ্রাবণের বৃষ্টিস্নাত তমালগাছ যেমন নির্মল ও সৌষ্ঠবময় তেমনই রূপাইয়ের শরীরও সতেজ এবং পবিত্র মনে হয়। আকাশে চমকিত বিজলির রূপও যেন রূপাইয়ের কালো রূপের কাছে লজ্জাবনতভাবে মুখ লুকিয়ে আছে। রূপাইয়ের সদাহাস্য মুখখানি সবারই মন হরণ করে। মাঠে ফসল তোলার সময় কৃষকের মুখে যে অনাবিল হাসিটুকু ফুটে ওঠে রূপাইয়ের রূপেও বিরাজ করে সেই প্রাণময় হাসির ঝিলিক। রূপাইয়ের কালো রূপটি যেন জগতের সমস্ত কালোর মহিমাকে আরও তাৎপর্যমণ্ডিত করে তুলেছে। তাই তো তার কালো বরণ গায়ের রংই সবার কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। রূপাইয়ের রূপ যেন পল্লি বাংলারই অনন্ত রূপের প্রতিকৃতি। রংধনুর সাত রঙে সাজিয়ে কবি রূপাইকে আরও মোহনীয় করে তুলতে চেয়েছেন। আবহমান পল্লি বাংলার সৌন্দর্যের ধারা বহন করে আছে রূপাই। তাকে দেখে সবার মনে জাগ্রত হয় প্রশান্তির অনুভূতি।কবিতাটিতে গ্রামীণ লোকজ সম্পদের পসার সাজিয়ে কবি রূপাইয়ের প্রতীকী রূপকে অনবদ্য করে তুলেছেন। বৈচিত্র্যময়তায় ঘেরা পল্লিপ্রকৃতির সবটুকু রূপ যেন চাষির ছেলে রূপাইয়ের অবয়বে উছলে পড়েছে।