জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক শুভেচ্ছা তোমাদের জন্য। গতকালের ধারাবাহিকতায় তোমাদের ‘বাংলা ভাষার জন্মকথা’ প্রবন্ধটির ১নং প্রশ্নগুচ্ছের শেষ ২টি প্রশ্নের উত্তর দেওয়া হলো।প্রশ্ন: গ. পৃথিবীর বুকে বাংলা ভাষাকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দেওয়ার কারণ ব্যাখ্যা করো।উত্তর: গ. বাংলা আমাদের মাতৃভাষা, আমাদের প্রাণের ভাষা। এ ভাষার মাধ্যমে আমরা দৈনন্দিন জীবনের সুখ-দুঃখ, আনন্দ-বেদনার বহিঃপ্রকাশ ঘটিয়ে থাকি। তবে এ ভাষা আজ আর শুধু আমাদের প্রিয় ভাষার আসনেই সীমাবদ্ধ নেই। পৃথিবীব্যাপী এ ভাষা আজ মর্যাদার আসনে অধিষ্ঠিত। বাংলা ভাষার উৎপত্তি নিয়ে মতভেদ থাকলেও বাংলা ভাষা যে পৃথিবীর বুকে একটি সুদৃঢ় অবস্থান করে নিয়েছে, তাতে কারও দ্বিমত নেই। আজ থেকে ১০০ বছর আগেও বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে কারও স্পষ্ট ধারণা ছিল না। অথচ বর্তমান পৃথিবীতে প্রায় ২৪ কোটি মানুষের মুখের ভাষা বাংলা। এ ভাষা আজ বিশ্বব্যাপী মর্যাদার আসনে অভিসিক্ত। মাতৃভাষার জন্য বাঙালি জাতির আত্মদানই এর অন্যতম কারণ। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি এ দেশের তরুণ সেনারা ভাষার জন্য লড়াই করেছে, বুকের রক্তে রাজপথ রঞ্জিত করেছে। তাই এ ভাষার প্রতি বাঙালি জাতির যেমন অকুণ্ঠ ভালোবাসা ও আবেগ প্রকাশিত হয়েছে, তেমনি বিশ্বের কাছেও বাংলা ভাষা মাথা উঁচু করে সগর্বে দাঁড়িয়ে আছে। ইউনেসকোর সিদ্ধান্তের মাধ্যমে অমর একুশে এখন বিশ্ব তাৎপর্যমণ্ডিত প্রতীক, যা বাঙালির গর্ব আর অহংকারের দ্যোতনা। সারা বিশ্বের মানুষ আজ বাংলাদেশ, বাঙালি জাতি ও বাংলা ভাষার কথা জানতে পারে। পৃথিবীতে অন্য কোনো জাতি ভাষার জন্য এত রক্ত বিসর্জন দেয়নি। তাই বাংলা ভাষাকে কোনোভাবেই কেউ অবহেলা করতে পারে না।বাংলাদেশ তৃতীয় বিশ্বের দেশ হলেও তার ভাষা তাকে অনেক উচুতে তুলতে সহায়তা করেছে।প্রশ্ন: ঘ. বাংলা ভাষার বিবর্তন সম্পর্কে বিবরণ দাও।উত্তর: ঘ. বিশিষ্ট ভাষাবিজ্ঞানী হুমায়ুন আজাদ রচিত কতো নদী সরোবর বা বাংলা ভাষার জীবনী থেকে নেওয়া হয়েছে ‘বাংলা ভাষার জন্মকথা’ প্রবন্ধটি। এখানে লেখক বাংলা ভাষার উৎপত্তি ও বিবর্তনের পরিচয়বাহী সমীক্ষাটিই তুলে ধরেছেন।আজ থেকে হাজার বছর আগে বাংলা ভাষার জন্ম হলেও এর উদ্ভব সম্পর্কে পণ্ডিতদের মধ্যে নানা বিভাজনের সৃষ্টি হয়েছে। ভাষার ধর্মই বদলে যাওয়া। মানুষের মুখে মুখে বদলে যায় ভাষার ধ্বনি, রূপ বদলে যায় শব্দের, বদল ঘটে অর্থের। অনেকে মনে করেন, এ দেশের আদি অধিবাসী বা নিচু শ্রেণীর কথ্যভাষা প্রাকৃত থেকে বাংলা ভাষা এসেছে। এ প্রসঙ্গে উইলিয়াম মুর বলেন, অগণিত দ্রাবিড় মুষ্টিমেয় আর্যের ভাষা গ্রহণ তো করেইনি, পরন্তু আর্যভাষা সংস্কৃত ও দ্রাবিড়দের ভাষা থেকে গড়ে উঠেছে। ভাষাবিজ্ঞানী ড. এনামুল হকের মতে, আদিম মানুষের মুখের ভাষারই বিবর্তিত ও রূপান্তরিত রূপই বাংলা ভাষা। পণ্ডিতদের মতে, মানুষের মুখে মুখেই ভাষার এ বিবর্তন ঘটেছে। প্রাকৃতের পরে ভাষার যে বিবর্তন এসেছে তার নাম অপভ্রংশ। তার পরবর্তী রূপ হলো মাগধী। এ মাগধী থেকেই প্রাচীন বাংলা ভাষার জন্ম হয়েছে। এটি আবার নানা ভাঙাগড়ার মধ্য দিয়ে আধুনিক বাংলায় রূপান্তরিত হয়েছে। ড. মুহম্মদ শহীদুল্লাহ ভিন্নমত পোষণ করেন। তাঁর মতে, গৌড়ি প্রাকৃতেরই পরিণত অবস্থা গৌড় অপভ্রংশ থেকে উৎপত্তি ঘটে বাংলার। মোটকথা, বিভিন্ন ঘাত-প্রতিঘাত পেরিয়ে আজকের বাংলা ভাষা এক বিরাট ঐতিহ্যের অধিকারী। তাই একদিনে এ ভাষার উত্কর্ষ সাধিত হয়নি। হাজার বছরের সাধনায় গড়ে উঠেছে এ ভাষা ও সাহিত্য।বাংলা ভাষা এ দেশের সাধারণ মানুষের মুখের ভাষা প্রাকৃতেরই পরিবর্তিত রূপ—এ কথাটিই সবচেয়ে গ্রহণযোগ্য।