দুই বিঘা জমিপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে থাকছে বাংলা প্রথম পত্রের ‘দুই বিঘা জমি’ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর। নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।# আতিক চৌধুরীর বাগানবাড়িসংলগ্ন জরিনার ছোট্ট কুটির। লতাপতা বেষ্টিত স্নিগ্ধ এই নীড়টুকুই তার একমাত্র আশ্রয়স্থল। হঠাৎ একদিন কাজ শেষে বাড়ি ফিরে সে দেখে, তার সুখের নীড়টুকু মরুভূমিতে পরিণত হয়েছে। ডুকরে কেঁদে ওঠে জরিনা। অবশেষে জানতে পারে চৌধুরীর লোকেরা পুকুর খননের কাজে তার ভিটেবাড়িটুকু উচ্ছেদ করেছে। নিঃস্ব জরিনা হতবিহ্বল দৃষ্টি মেলে চেয়ে থাকে তার চিরচেনা জন্মভিটার আঙ্গিক পরিবর্তনের দিকে। প্রশ্ন: ক. ‘ডিক্রি’ শব্দের অর্থ কী? প্রশ্ন: খ. উপেন তার জন্মভিটাকে নিলাজ কুলটা বলে ধিক্কার জানিয়েছে কেন? প্রশ্ন: গ. উদ্দীপকের জরিনা চরিত্রটা ‘দুই বিঘা জমি’ কবিতার কোন চরিত্রের প্রতিচ্ছবি এবং কেন, তা ব্যাখ্যা করো। প্রশ্ন: ঘ. মূলভাব এক হলেও উদ্দীপক এবং দুই বিঘা জমি কবিতার দৃশ্যপট ভিন্ন— উক্তিটির যৌক্তিকতা নিরূপণ করো। উত্তর: ক. ‘ডিক্রি’ শব্দের অর্থ আদালতের হুকুম বা নির্দেশমালা। উত্তর: খ. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত ‘দুই বিঘা জমি’ কবিতায় দরিদ্র কৃষক উপেন তার জন্মভিটার আঙ্গিক পরিবর্তনকে আপন পরিচয় ভুলে যাওয়ার মতো আচরণ ভেবে, তাকে ‘নিলাজ কুলটা’ বলে ধিক্কার জানিয়েছে। মাতৃভিটা থেকে বিতাড়িত হয়ে দেশ-দেশান্তরে দীর্ঘদিন অবস্থান শেষে মমতার টানে উপেন একদিন ফিরে আসে তার নিজ গাঁয়ে। অতঃপর তার চিরচেনা সাধের ভিটায় এসে সে লক্ষ করে, জননীরূপী তার ভিটের আমূল পরিবর্তন। এ ভিটেটুকু ছিল তার হূদয়ে দেবীর মতো। অথচ আজ এর সাজগোজ যতই চাকচিক্যময় হোক না কেন, সে আজ পরদাসী। মাতৃভিটার এহেন পরিবর্তনকে উপেনের দৃষ্টিতে মনে হয়েছে অকৃতজ্ঞ, স্বার্থপর ও দাসত্ব গ্রহণের হীন মনোবৃত্তি রূপে। তাই তো প্রাণাধিক মাতৃভিটার প্রতি আক্ষেপ প্রকাশ করে উপেন তাকে ‘নিলাজ কুলটা’ বলে আখ্যায়িত করেছে। মূলত এ কথাটির মধ্যে প্রকাশ পেয়েছে জন্মভিটার প্রতি উপেনের অভিমান মিশ্রিত হূদয়ের প্রবল মমত্ববোধ। উত্তর: গ. উদ্দীপকের জরিনা চরিত্রটি ‘দুই বিঘা জমি’ কবিতার উপেন চরিত্রটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। সহায়-সম্বলহীন জরিনার একমাত্র সম্পদ বলতে ছিল তার প্রিয় ভিটেবাড়িটুকু। পুকুর খননের উদ্দেশ্যে ধনবান আতিক চৌধুরীর লোকেরা যখন জরিনার ভিটেটুকু উচ্ছেদ করে, তখন এক অব্যক্ত যন্ত্রণায় ডুকরে কেঁদে ওঠে জরিনা। চৌধুরী সাহেবের এই নির্মম আচরণে হতবিহ্বল দৃষ্টিতে সে চেয়ে থাকে অসীমের পানে। নিঃস্ব জরিনা ভাবতেই পারে না তার প্রিয় জন্মভূমি ছেড়ে তাকে অন্যত্র চলে যেতে হবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত দুই বিঘা জমি কবিতাটিতে দেখা যায়, ভুস্বামী বাবু সাহেব নিজের বাগানবাড়ির জৌলুশ বৃদ্ধির লক্ষ্যে উপেনের জমিটুকু দখল করে নেওয়ার ষড়যন্ত্র করে। শেষ পর্যন্ত নিঃস্ব উপেন বাস্তুহারা হয়ে আপন ভিটেবাড়ি ছেড়ে দেশ-দেশান্তরে ঘুরে বেড়ায়। পৃথিবীর কোনো স্থানই উপেনকে তার মাতৃভিটার আকর্ষণ থেকে সরাতে পারেনি। অথচ জামিদারের নিষ্ঠুর আস্ফাালন তার সেই মাতৃরূপী জন্মভিটা থেকে বিতাড়িত করে তাকে বিবাগী করেছে। এখানে আতিক চৌধুরীও জরিনার বাড়িটুকু গ্রাস করে তাকে নিঃস্ব করেছে। তার মনটাও জন্মভিটার শোকে ব্যাকুল হয়ে উঠেছে। তাই বলা যায়, উদ্দীপকের জরিনা এবং ‘দুই বিঘা জমি’ কবিতার উপেন চরিত্রটি যেন একই আদলে নির্মিত হয়েছে। উত্তর: ঘ. উদ্দীপক এবং ‘দুই বিঘা জমি’ কবিতার মূলভাব এক হলেও দুটোর দৃশ্যপট ভিন্ন। অনুচ্ছেদে বর্ণিত আতিক চৌধুরী জরিনার ভিটেটুকু দখল করেছে পুকুর খননের কাজে। হঠাৎ করে কাজ শেষে একদিন বাড়ি ফিরে জরিনা দেখে তার ভিটেবাড়িটুকু মরুভূমিতে পরিণত হয়েছে। কিছু বুঝে ওঠার আগেই তার বাড়িটির এই আকস্মিক পরিবর্তনে জরিনা হতবিহ্বল হয়ে পড়ে। রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত ‘দুই বিঘা জমি’ কবিতায় দেখা যায়, দরিদ্র উপেন ঋণের দায়ে তার সমস্ত সম্পদ হারিয়ে একমাত্র শেষ সম্বল দুই বিঘা জমির ওপর নির্মিত একটি সাধারণ বাড়িতে সে বসবাস করে। অথচ ধনী জমিদার তার বাগানবাড়ির কলেবর বৃদ্ধির লক্ষ্যে উপেনের জমিটুকু কিনতে চায়। উপেন কিছুতেই তার শেষ সম্বল ভিটেবাড়িটুকু বিক্রি করতে রাজি হয়নি। কিন্তু নিষ্ঠুর জমিদার উপেনকে মিথ্যা ঋণের মামলায় জড়িয়ে তার বাড়িটি নিলামে তোলে। অবশেষে মিথ্যা মামলার দায়ে উপেনকে তার বাস্তুভিটা ছেড়ে যেতে বাধ্য করা হয়। চির মমতার ভিটাবাড়ি থেকে বের হয়ে সন্ন্যাসীর বেসে উপেনের বিবাগী মন পথে পথে কেঁদে ফেরে। অবশেষে অসহায়ের মতো একদিন সে নিজগ্রামে ফিরে আসে। তার অতি আদরের মাতৃভিটাকে তার চির অচেনা মনে হয়। কল্যাণময়ী মাতৃভিটার এই পরিবর্তন দেখে উপেনের হূদয় ক্ষত-বিক্ষত হয়। যে ভিটেটুকু তার কাছে ছিল দেবীর মতো, আজ যেন সে রাজদাসী। এখানে উদ্দীপকে উল্লিখিত চিত্রপটের সঙ্গে ‘দুই বিঘা জমি’ কবিতার দৃশ্যপট ভিন্নধর্মী বলা যায়। তা ছাড়া জমিদার এবং চৌধুরী সাহেবের জমি দখলের ঘটনাটিও ভিন্ন আঙ্গিকে ফুটে উঠেছে। তাই বলা যায়, মূলভাব এক হলেও উদ্দীপক এবং ‘দুই বিঘা জমি’ কবিতার দৃশ্যপট ভিন্নধর্মী।