জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা-২০১০: বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্পিউটারের কথাপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ‘কম্পিউটারের কথা’ প্রবন্ধ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ অংশ আলোচনা করব। প্রশ্ন: ঘ) আধুনিক জীবনে কম্পিউটারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা উদ্দীপকের আলোকে আলোচনা করো। উত্তর: ঘ. খ্যাতনামা অধ্যাপক এ এম হারুনর রশীদ রচিত কম্পিউটারের কাহিনী গ্রন্থ থেকে সংগৃহীত হয়েছে ‘কম্পিউটারের কথা’ প্রবন্ধটি। উদ্দীপক এবং প্রবন্ধটিতে আধুনিক বিজ্ঞানের বিস্ময়কর অবদান হিসেবে কম্পিউটার প্রযুক্তিকে উল্লেখযোগ্য ভূমিকায় অবতীর্ণ করা হয়েছে। বিজ্ঞানের আধুনিক আবিষ্কার কম্পিউটার এবং বিভিন্ন প্রযুক্তির সীমাহীন কল্যাণকর দিকগুলো লেখক সুন্দরভাবে শিক্ষার্থীদের অবহিত করেছেন প্রবন্ধটিতে।বিংশ শতাব্দীর শেষলগ্নে মানবসভ্যতাকে উঁচু শিখরে নিয়ে আসার জন্য বিজ্ঞানের যেসব অবদান আমরা দেখতে পাই, এর মধ্যে সবচেয়ে অনন্য নিদর্শন হলো কম্পিউটার। বর্তমান যুগে অনেক দুরূহ কাজই সম্ভব হচ্ছে কম্পিউটারের অভাবিত উন্নতির ফলে। এর সীমাহীন উপযোগিতা, সমস্যা সমাধানের ব্যাপকতা ইত্যাদি বহু গুণ আজ মানুষের বিচিত্র কার্যক্রমের নিত্যসঙ্গী হিসেবে কাজ করছে। দৈনন্দিন কাজ থেকে শুরু করে মহাশূন্যের গবেষণায়, কম্পিউটারের ব্যবহার এখন অপরিহার্য হয়ে উঠেছে। কম্পিউটার গণনাকারী যন্ত্র হিসেবে তৈরি হলেও তা আজকের দিনে সব কাজের জন্য উপযোগী। ব্যবসা-বাণিজ্যের সাধারণ হিসাব থেকে শুরু করে মহাকাশ গবেষণায়ও এটি কাজে লাগানো হচ্ছে। কম্পিউটার এখন প্রযুক্তিবিদ্যা, মহাকাশবিজ্ঞান, কৃষি, রসায়ন, চিকিৎসাশাস্ত্র, পদার্থবিজ্ঞান ইত্যাদি ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। মানুষের চিন্তাধারায়, পরিকল্পনায়, বিশ্লেষণ, নিরীক্ষণ, নিয়ন্ত্রণ ইত্যাদি ক্ষেত্রে এর অবদান বিস্ময়কর। কম্পিউটার কেবল ভৌতবিজ্ঞানের সমস্যা সমাধানের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, আরও নানা ক্ষেত্রে যেমন: খেলাধুলা, কবিতা লেখা, অনুবাদ করা, পরিকল্পনা তৈরি, প্রকল্প বিশ্লেষণ, শিক্ষা, স্বাস্থ্য, জনসংখ্যা নিয়ন্ত্রণ, বাজেট প্রণয়ন, অর্থনৈতিক, সামাজিক, শিল্প, বাণিজ্য—সব ক্ষেত্রেই কম্পিউটার আমাদের সহায়তা করছে। জীবনের জটিলতর অবস্থার সমাধান করার দায়িত্বটুকু অনায়াসে কম্পিউটারের হাতে তুলে দেওয়া যায়। মানুষ চাঁদে গেছে, মঙ্গলগ্রহে অবতরণ করেছে মহাকাশযান—সবই কম্পিউটারের অবদানেই সম্ভব হয়েছে। আজকাল বেতন, আয়কর হিসাব, বিদ্যুৎ বিল, টেলিফোন বিল, ব্যাংকের হিসাব, নির্ভুল চিঠি লেখা—সবই কম্পিউটারের মাধ্যমে হয়।মোটকথা, বিজ্ঞানের জটিল কাজ এবং দৈনন্দিন ব্যবহারিক কাজ—দুটোর ক্ষেত্রেই কম্পিউটার আজ বড় বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মানুষের জীবনকে গতিশীল ও স্বচ্ছন্দময় করে তুলতে কম্পিউটারের অবদান তুলনাহীন। তাই তো এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনস্বীকার্য।