ফুলের মেলাপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ‘ফুলের মেলা’ প্রবন্ধ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: গ. মানবজীবনকে কীভাবে ফুলের মতো সুন্দর করা যায়, এর স্বরূপ বর্ণনা করো।উত্তর: গ. মানবজীবন ফুলের সঙ্গে তুলনীয়। ফুল যেমন সৌন্দর্যের উৎস, তেমনই পবিত্রতারও প্রতীক। মানবজীবনকেও একটি ফুটন্ত ফুলের মতো সুন্দর ও পবিত্রময় করে তুলতে পারলে তা সার্থক হয়। সুন্দরের প্রতীক এই ফুল অকাতরে তার রূপ, রস, গন্ধ ও স্পর্শ সবাইকে বিলিয়ে একসময় বৃন্তচ্যুত হয়। এতেই ফুলের সার্থকতা। মানুষও পৃথিবীতে জন্ম নেয় ক্ষণিকের জন্য। তারপর জীবনসায়াহ্নে পাড়ি জমায় অনন্তকালের পথে। জীবনের এই জন্ম-মৃত্যুর সঙ্গে ফুল ফোটা, বিকশিত হওয়া আর ঝরে যাওয়ার এক অদ্ভুত মিল লক্ষ করা যায়। নশ্বর মানবজীবনকে শুধু ব্যক্তিস্বার্থে নিয়োজিত না রেখে প্রস্ফুটিত পুষ্পের মতোই পরসেবার ও অপরের কল্যাণে উৎসর্গ করা উচিত। ফুল শুধু তার ফোটার আনন্দেই ব্যাকুল। তার স্নিগ্ধতা ও নির্মল সৌন্দর্য পান করে আত্মার পরিতৃপ্তি সাধন করে সৌন্দর্যপিপাসু মানুষ। এভাবে একটা ফুল যেমন ফোটা থেকে শুরু করে ঝরে পড়া পর্যন্ত নিজের জীবনকে সম্পূর্ণ অন্যের সেবাদানে ব্যয় করে, তেমনই মানবজীবনও হওয়া উচিত পরহিতব্রত। শুধু নিজের ভোগবিলাস আর স্বার্থের মধ্যে নিজের কাজকে সীমাবদ্ধ রাখলে তা শুধু মানুষের স্বার্থপরতা আর সংকীর্ণতাকে প্রকাশ করে। মানুষকে হতে হবে পরোপকারী। একজন মহৎ ও সাধু ব্যক্তির শারীরিকভাবে মৃত্যু ঘটলেও পৃথিবীতে তার মহৎ কর্ম আর কীর্তি সুরভিত পুষ্পের মতোই সৌরভ ছড়িয়ে যায়। তাই জীবনকে ফুলের মতোই উদার ও সুন্দর করতে হবে। ফল যেমন তার সুবাস ও সৌন্দর্যদানে নিজেকে সার্থক করে তোলে, তেমনই মানবজীবনকেও ফুলের মতোই উদারনীতি ও মহানুভবতার আদর্শে উদ্বুদ্ধ করতে হবে। এর মধ্যেই মানবজীবনের প্রকৃত গৌরব নিহিত। প্রশ্ন: ঘ. ‘ফুলের মেলা’ নামটির সার্থকতা নিরূপণ করো।উত্তর: ঘ. নামকরণ অনেকটা বিষয়বস্তুর অলংকারস্বরূপ। দার্শনিক ক্যাভেন্ডিস বলেছেন, A beautiful name is better than wealth. সুতরাং নামকরণ হতে হবে সুন্দর, যথার্থ, মানানসই এবং গল্পের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যেকোনো সাহিত্যকর্মের নামকরণ থেকেই শিল্পীর শিল্পসত্তার একটি Art ফুটে ওঠে। সমগ্র রচনাটির মূল উদ্দেশ্য, অর্থ ও পরিণতি সার্থক হয়ে ওঠে নামকরণে। এখানে ‘ফুলের মেলা’ নামকরণ করা হয়েছে মূলত ইংল্যান্ডের বিচিত্র ফুলের অপূর্ব সমন্বয়কে কেন্দ্র করে। উপজীব্য বিষয়কে কেন্দ্র করেই লেখক প্রবন্ধটির নামকরণ করেছেন ফুলের মেলা।‘মেলা’ বলতে আমরা বুঝি কোনো জিনিসের বিপুল সমারোহকে। ইংল্যান্ডে শীত-উত্তর মৃতপ্রায় গাছপালাতে প্রাণের সঞ্চার করে ঋতুরাজ বসন্ত নিয়ে আসে হরেক রকম ফুলের অপরূপ বিন্যাস। প্রতিটি শাখায় ফুটে ওঠে মন-মাতানো রঙের অসংখ্য ফুল। তরুলতায় এনে দেয় প্রাণ সঞ্জীবনী প্রাচুর্য। প্রকৃতির রাজ্যে তরঙ্গায়িত হয় এসব ফুলের মহিমা। লাল, নীল, হলদে, বেগুনি নানা রঙের ফুল যেন চোখে নেশা ধরিয়ে দেয়। গাছপালার প্রতিটি অঙ্গ যেন ফুলের অলংকারে সজ্জিত হয়ে ওঠে। লাইলাক, টিউলিপ, মেজব্লমস, চেস্টনাট, ডেইজি ইত্যাদি ফুলের মেলা বসে ইংল্যান্ডে। বসন্তের মনরাঙানো প্রকৃতির বুকে অজস্র ফুলের আধিক্য বোঝাতে লেখক এখানে ‘মেলা’ শব্দটি ব্যবহার করেছেন। সুতরাং বিষয়বস্তুর আঙ্গিকে দৃষ্টি দিলে সহজেই অনুমান করা যায়, রচনাটির নাম ‘ফুলের মেলা’ যথার্থ হয়েছে। এখানে ফুলই অনন্য, ফুলই সেরা। ফুলের এই শ্রেষ্ঠত্বকে লেখক ফুলের মেলা উপাধিতে ভূষিত করেছেন। তাই সবদিক দিয়েই বলা যায়, বিষয়বস্তুর সঙ্গে ‘ফুলের মেলা’ নামকরণটি অত্যন্ত যুক্তিযুক্ত ও মানানসই হয়েছে।