বাবুরের মহত্ত্বপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ‘বাবুরের মহত্ত্ব’ কবিতা থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ অংশ আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য কবিতাটির বিষয়বস্তু ভালভাবে পড়বে।প্রশ্ন: ঘ. ‘বড়ই কঠিন জীবন দেওয়া যে জীবন নেওয়ার চেয়ে, জান নাকি ভাই? ধন্য হলাম আজিকে তোমায় পেয়ে’—উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।উত্তর: ঘ. উল্লিখিত চরণদ্বয় কবি কালিদাস রায় রচিত পর্ণপুট কাব্যগ্রন্থের অন্তর্গত ‘বাবুরের মহত্ত্ব’ কবিতা থেকে নেওয়া হয়েছে।অপরাধকে ঘৃণা করা উচিত, অপরাধীকে নয়। বরং অপরাধীকে শাস্তি না দিয়ে ভালোবাসলে, সাহায্য করলে সেও মন্দ কাজ থেকে বিরত হতে পারে। ক্ষমার সৌন্দর্যে আপ্লুত হয়ে সে হয়ে ওঠতে পারে আদর্শ একজন মানুষ, বন্ধু। এটাই মহত্বের লক্ষ্মণ। উদ্দীপকে মহৎ ব্যক্তির এবং কবিতার চরণে বাবুরের এই গুণটিই প্রকাশ পেয়েছে। সম্রাট বাবুর পর্যায়ক্রমে প্রতিপক্ষকে মোকাবিলা করে সমগ্র উত্তর ভারত করতলগত করলেন। বাবুরের এই আধিপত্যকে নিজ দেশের অপমান ভেবে এক রাজপুত যুবক রণবীর চৌহান বাবুরকে হত্যার উদ্দেশে গোপনে তরবারি লুকিয়ে রাজপথে ঘুরতে লাগলেন। এ অবস্থায় হঠাৎ করে একটি পাগলা হাতি রাজপথে নেমে আসে এবং এক মেথরশিশু হাতিটির কবলে পড়ে। সবাই প্রাণভয়ে যার যার মতো চারদিকে ছুটে পালায়, তবে জনতার ভিড় ঠেলে এক বিদেশি যুবক নিজের জীবন বিপন্ন ভেবেও শিশুটিকে উদ্ধার করলেন। রণবীর চৌহান দূর থেকে এটি লক্ষ করে কৌতূহলবশত কাছে এগিয়ে আসতেই বুঝতে পারলেন, এই সাহসী যুবক আর কেউ নন, সম্রাট বাবুর। রণবীর চৌহানের মন বিগলিত হয়ে গেল। বাবুরের প্রতি তাঁর সব প্রতিহিংসা নিভে গেল। তিনি বাবুরের কাছে আত্মসমর্পণ করে লুকিয়ে রাখা ছুরিটা তাঁর হাতে দিয়ে বললেন তাঁকে মৃত্যুদণ্ড দিতে। সম্রাট বাবুর যুবকের এই অনুশোচনায় মুগ্ধ হয়ে, রাজপথ থেকে তাঁকে উঠিয়ে এনে বললেন, একটা জীবন নেওয়া যতটা সহজ, সে জীবন ফিরিয়ে দেওয়াটা ততটাই দুরূহ। অতএব যুবকটিকে তিনি পরম স্নেহভরে দেহরক্ষী হিসেবে গ্রহণ করলেন। আসলে পৃথিবীতে কিছু ভাঙা যত সহজ, গড়াটা ততই কঠিন। সৃষ্টিকর্তা তাঁর এই অসীম ক্ষমতা কাউকে দান করেননি। তাই মানুষের উচিত স্রষ্টার সৃষ্টিকে রক্ষা করা, ধ্বংস করা নয়। মানুষের প্রতি ভালোবাসার অস্ত্র প্রদর্শন করে যেকোনো বিক্ষোভকে প্রশমিত করা যায়। কারণ মৃত্যু কোনো সমাধান নয়; বরং বেঁচে থেকে আত্মশুদ্ধি লাভই হলো প্রকৃত জীবন।