জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা-২০১০:বাংলা ১ম পত্র
রূপাইপ্রিয় শিক্ষার্থী, গতকালের পর আজ বাংলা বিষয়ের ‘রূপাই’ কবিতার সৃজনশীল পদ্ধতির নমুনা প্রশ্নোত্তরটির শেষঅংশ আলোচনা করব।প্রশ্ন: ঘ) ‘সোনায় যে-জন সোনা বানায় কিসের গরব তাররং পেলে ভাই গড়তে পারি রামধনুকের হার’—লাইন দুটির তাৎপর্য ব্যাখ্যা কর।উত্তর: ঘ) পল্লীদরদি কবি জসীমউদ্দীন বিরচিত অনবদ্য কাব্যগ্রন্থ নকশী কাঁথার মাঠ থেকে সংকলিত হয়েছে রূপাই কবিতাটি। এখানে কাব্যটির কেন্দ্রীয় চরিত্র রূপাইকে কবি পল্লী প্রকৃতির সহজ-সুন্দর বৈশিষ্ট্যের সঙ্গে তুলনা করেছেন। সেই সঙ্গে কবি গ্রামবাংলার অপূর্ব রূপকে রূপাইয়ের প্রতীকী চরিত্রের মধ্যে উপস্থাপন করেছেন।রংধনুকে এখানে বলা হয়েছে রামধনু। মেঘ হতে পতিত গুড়ি গুড়ি বৃষ্টি সূর্যালোকে উদ্ভাসিত হয়ে আকাশে যে বিচিত্র বর্ণের প্রতিবিম্ব রচনা করে, তা-ই রংধনু। সেই প্রতিবিম্ব অনেক রঙে শোভিত হয়। আকাশের দিকে তাকালে এই প্রতিবিম্বগুলোকে ধনুকের মতো বাঁকা মনে হয়। তাই কবি একে বলেছেন রামধনুকের হার। স্বর্ণকারের তৈরি সৌন্দর্যখচিত অলংকারের গৌরব মোটেই স্বর্ণকারের নয়। কারণ, সে শুধু স্বর্ণের রূপান্তর করে মাত্র। পিতলের চাকচিক্যময় শোভা যদিও চোখকে ঝলসে দেয়, তবুও সেটা ততটা মোহনীয় নয়। অথচ চাষির ছেলে রূপাইয়ের রূপের কাছে তা অতি নগণ্য। কবি রূপাইয়ের রূপ দেখে এতটাই মুগ্ধ যে, রূপাইয়ের মুখের হাসি কবির কাছে সোনার চেয়েও দামি। তাই তিনি সোনার তৈরি হার নয়, রংধনুর অমূল্য সাতটি রং নিয়ে রূপাইয়ের জন্য হার গড়তে চান। সে হারখানি একমাত্র রূপাইয়ের কণ্ঠেই মানায়। চাষির ছেলে রূপাইয়ের এমন মনোহারিণী রূপের প্রশংসায় কবি উচ্ছ্বসিত হয়েছেন। রূপাইয়ের মুখের হাসিতে যে স্বর্ণাভা ফুটে উঠেছে, তার সঙ্গে দেহাবরণের সুষমা একাকার হয়ে তৈরি হয়েছে অসাধারণ লাবণ্য। তার মধ্যে কবির দেওয়া রামধনুকের হারখানি রূপাইকে আরও অলংকৃত করেছে।এভাবেই কবি রূপাইয়ের রূপমাধুরীর সঙ্গে রামধনুকের হারকে অত্যন্ত মানানসইভাবে ফুটিয়ে তুলেছেন।