অধ্যায়-১প্রিয় শিক্ষার্থীরা, আজ কৃষি শিক্ষার একটি সৃজনশীল প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও শফিক একজন শিক্ষিত বেকার যুবক। প্রায় দিন মা তাকে বাজার করতে পাঠান। বাজার করতে গিয়ে সে লক্ষ করল, কতগুলো জিনিস প্রায়ই কিনতে হয়। এগুলোর অধিকাংশই উদ্যানজাতীয় ফসল। তার মনে হলো, ইচ্ছে করলে নিজেই এ উদ্যান ফসলগুলো আবাদ করতে পারে। এতে তার পারিবারিক চাহিদা মিটিয়ে আত্মকর্মসংস্থানও করা সম্ভব।প্রশ্ন: ক. উদ্যান ফসল কাকে বলে?প্রশ্ন: খ. উদ্যান ফসল কত প্রকার ও কী কী?প্রশ্ন: গ. পারিবারিক চাহিদা পূরণে উদ্যান ফসল কীভাবে সহায়তা করতে পারে—ব্যাখ্যা করো।উত্তর: ক. উদ্যান ফসল: ফুল, ফল, শাকসবজি ও মসলাজাতীয় ফসলকে উদ্যান ফসল বলা হয়। আম, লাউ, গোলাপ, পেঁয়াজ ইত্যাদি উদ্যান ফসলের উদাহরণ। উত্তর: খ. উদ্যান ফসলের প্রকারভেদ: উদ্যান ফসলকে চার ভাগে ভাগ করা যায়। যথা: ১. ফলজাতীয় উদ্যান ফসল: যেমন—আম, লিচু, কলা ইত্যাদি। ২. শাকসবজিজাতীয় উদ্যান ফসল: যেমন—লাউ, শিম ইত্যাদি। ৩. ফুলজাতীয় উদ্যান ফসল: যেমন—গোলাপ, জবা ইত্যাদি। ৪. মসলাজাতীয় উদ্যান ফসল: যেমন—পেঁয়াজ, রসুন, মরিচ ইত্যাদি।উত্তর: গ. পারিবারিক চাহিদা পূরণে উদ্যান ফসল যেভাবে সহায়তা করতে পারে: পারিবারিক চাহিদা পূরণে প্রতিনিয়ত আমরা উদ্যান ফসলগুলো ব্যবহার করে থাকি। খাদ্য ঘাটতি ও পুষ্টির চাহিদা পূরণ, চিত্তবিনোদন এবং পারিবারের আয়বর্ধক উৎস হিসেবে উদ্যান ফসলের গুরুত্ব অপরিসীম। পারিবারিক চাহিদা পূরণে উদ্যান ফসল কীভাবে সহায়তা করে তার কিছু উদাহরণ নিচে দেওয়া হলো: খাদ্য ঘাটতি পূরণ: বর্তমান বিশ্বে দানাজাতীয় খাদ্যের দাম দ্রুত বৃদ্ধি পাচ্ছে। জমির উর্বরতা হ্রাস, সার, কীটনাশক ও জ্বালানি তেলের উচ্চমূল্যের কারণে ভবিষ্যতে খাদ্যদ্রব্যের মূল্য আরও বৃদ্ধি পাবে। এ অবস্থায় দানাজাতীয় খাদ্যের বিকল্প হিসেবে আলু, কলা, কাঁঠালের মতো উদ্যান ফসলগুলোকে পরিবারের দৈনিক খাদ্য তালিকায় রাখা যায়। পুষ্টির চাহিদা পূরণ: উদ্যান ফসলগুলো পরিবারের পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন : শিম, লালশাক, পালংশাক, শুকনো মরিচ ইত্যাদিতে প্রচুর পরিমাণে আমিষ থাকে। কলা, কুল, হলুদ ও আলু শর্করা জাতীয় খাদ্য। লালশাক, পুঁইশাক, মিষ্টিকুমড়া ও আমে প্রচুর পরিমাণে ভিটামিন ‘এ’ আছে। খাদ্যের অন্যান্য উপাদান উদ্যান ফসলে বিদ্যমান আছে। শর্করা ও স্নেহ দেহের তাপ ও শক্তি জোগায় এবং ভিটামিন দেহের রোগ প্রতিরোধ করে। চিত্তবিনোদন: বিভিন্ন ধরনের ফুলজাতীয় উদ্যান ফসল। যেমন: গোলাপ, রজনীগন্ধা, গন্ধরাজ প্রভৃতি পরিবারের চিত্তবিনোদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবারের আয় বৃদ্ধি: বাড়তি ফসল বিক্রি করে পরিবারের আয় বৃদ্ধি করা সম্ভব। এতে ক্রয় বাবদ খরচ বাঁচে এবং বিক্রি বাবদ আয়ও বাড়ে। এ ছাড়া উদ্যান পরিবারের কাঠ ও জ্বালানি কাঠের চাহিদা পূরণ করে।পারিবারিক চাহিদা পূরণে উদ্যান ফসল সহায়ক ভূমিকা পালন করে। তাই প্রতিটি পরিবারের উচিত, নিজেদের প্রয়োজনে বাড়ির আশপাশে পতিত জমিতে উদ্যান ফসলের চাষাবাদ করা।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল