জোঁকপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ‘জোঁক’ গল্পটির প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য গল্পটির বিষয়বস্তু ভালভাবে পড়বে। প্রশ্ন: গ. সমাজ থেকে শোষকশ্রেণীর অপশক্তিকে রোধ করতে হলে সাধারণ মানুষের কী ধরনের ভূমিকা পালন করতে হবে?উত্তর: গ. যুগ যুগ ধরে আমাদের সমাজব্যবস্থায় দুটি শ্রেণীর সহাবস্থান লক্ষণীয়। এর একটি হলো শোষকশ্রেণী, অন্যটি হলো শোষিত ও নির্যাতিত শ্রেণী। তাদের সীমাহীন দুর্নীতি গ্রাস করে রেখেছে সমাজজীবনকে। নীতিহীন-বিবেকহীন এসব মানুষ সদম্ভে সমাজে বিচরণ করছে এবং ন্যায়নীতির কণ্ঠরোধ করার জন্য তারা সদা তৎপর। অন্যায় ও অবৈধভাবে তারা সাধারণ মানুষের সম্পদকে জোরপূর্বক দখল করে পদে পদে ঠকাচ্ছে। জোঁক গল্পটির মধ্যেও সমাজের এসব লোভী, দুশ্চরিত্র ও নির্যাতনকারী অসাধু ব্যক্তিদের চরিত্র উন্মোচিত হয়েছে। তারা প্রতিনিয়ত গ্রামবাংলার অসংখ্য সহজ-সরল, দরিদ্র চাষি-মজুরদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে। তাদের এই শোষণের কোপানল থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হলো সবার সমবেত প্রচেষ্টা। আর এ জন্য প্রথমেই গড়ে তুলতে হবে সামাজিক আন্দোলন। দেশের আপামর মানুষ যদি একত্র হয়, তাহলে তাদের মতো গুটিকয়েক নরপশুকে ঘায়েল করা অবশ্যই সম্ভব। এ ছাড়াও তাদের নৈতিক অবক্ষয় থেকে উত্তরণের জন্য রাষ্ট্র ও সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। সাধারণ জনগণের মধ্যেও নিজেদের মূল্যবোধকে জাগ্রত করতে হবে। শিক্ষাদীক্ষার মাধ্যমে নিজেদের অধিকার সম্বন্ধে সচেতন হতে হবে। তা ছাড়া সমাজ, রাষ্ট্র, পরিবার তথা সমগ্র জনগণের মধ্যেই শিক্ষা ও সচেতনতার আলো পৌঁছে দিতে হবে। তা হলেই সমাজ থেকে এসব অপশক্তিকে নির্মূল করা সম্ভব হবে। মনে রাখতে হবে, একার পক্ষে যা অসম্ভব, সবার সমন্বিত প্রচেষ্টার ফলে তা সম্ভব হয়ে উঠতে বাধ্য।প্রশ্ন: ঘ. ওসমান কীভাবে জোতদারের শোষণের শিকার হলো, ব্যাখ্যা করো। উত্তর: ঘ. বিশিষ্ট কথাসাহিত্যিক আবু ইসহাক রচিত গল্পগ্রন্থ মহাপতঙ্গ থেকে সংকলিত হয়েছে ‘জোঁক’ গল্পটি। গল্পটিতে লেখক সমাজের লোভী, দুশ্চরিত্র, অসাধু জোতদার শ্রেণীর নির্মম শোষণের চিত্র এবং এদের বিরুদ্ধে শোষিত মানুষের প্রতিবাদ ও তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন।গল্পে ওসমান একজন ভূমিহীন দরিদ্র কৃষক। সারা দিন প্রাণান্ত পরিশ্রম করে তিনি জমিদার ওয়াজেদ চৌধুরীর জমিতে ফসল ফলান। অথচ তাঁর এই কষ্টার্জিত ফসলের বেশির ভাগই নিয়ে যায় জমিদারের লোকজন। পাটের মৌসুমে পচাপানির মধ্যে শরীর ডুবিয়ে, খেয়ে না খেয়ে অতিকষ্টে যখন পাটের আঁশগুলো বাড়িতে এনে রোদে শুকাতে দেন, ঠিক সেই মুহূর্তে জমিদারের ছেলে ইউসুফ এসে কামলাদের বলে দেয়, তিন ভাগের দুই ভাগ পাট তাদের গোলায় ওঠানোর জন্য। এতে ওসমান যেন আকাশ থেকে পড়েন। কারণ এত দিন দুই ভাগ করে এক ভাগ ওসমান পেতেন। অথচ এবার এই তিন ভাগ করার কারণ স্বরূপ দেখায় যে ওসমান লাঙল-গরু তথা কৃষি উপকরণ ব্যবহারের সুবাদে গত বছর টিপসই দিয়ে পাঁচশত টাকা নিয়েছিলেন। অতএব, এবারে সে গরু-লাঙল বাবদ কোনো ভাগ পাবে না। ওসমানের তৎক্ষণাৎ মনে পড়ে, গত বছর সে টিপসই দিয়েছিলেন ঠিকই, তবে সেটা জমিদারের ছেলে জমি বন্দোবস্ত করার কারণ দেখিয়ে সই নিয়েছিল। কিন্তু এর বিনিময়ে সে কোনো টাকাই নেয়নি। এই অনৈতিক অনাকাঙ্ক্ষিত ঘটনায় দিশেহারা হয়ে ওসমান ছুটে গেল জমিদারের ছেলে ইউসুফের কাছে। কিন্তু ইউসুফ কিছুতেই তার দুরভিসন্ধির কথা স্বীকার করল না এবং যথারীতি পাটের বেশির ভাগ নিজের গুদামে তুলে নিল। নিরীহ ওসমানের নিরক্ষরতার সুযোগ নিয়ে এভাবেই অত্যাচারী ভূস্বামী তার রক্ত পানি করা ফসল লুটে নিল। সোনালি পাটকে ঘিরে ওসমানের মনের গভীরে গড়ে ওঠা রঙিন স্বপ্নটুকু ধূলিসাৎ হয়ে গেল। এভাবেই ভূমিহীন নিরীহ, দরিদ্র কৃষক ওসমান লোভী জোতদার ওয়াজেদ চৌধুরীর নির্মম শোষণের শিকার হয়েছিল।