নিমন্ত্রণপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘নিমন্ত্রণ’ কবিতা থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য কবিতাটির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। আবিদের বড় চাচার ছেলে মহিম শহরে আবিদদের বাসায় বেড়াতে আসে। কয়েক দিনের মধ্যেই জমে ওঠে তাদের বন্ধুত্ব। মহিমের মুখে গ্রামের সবুজ শ্যামল প্রকৃতি, দিগন্তবিস্তৃতি মাঠ, সাঁঝ-সকালে গ্রামের দৃশ্য, রাখাল বালকের স্বাধীন জীবন, কাজলাদিঘি ও বর্ষা প্রকৃতির বর্ণনা শুনে মুগ্ধ হয় আবিদ। শহরের শৃঙ্খলাবদ্ধ পরিবেশ থেকে বের হয়ে গ্রামে যাওয়ার জন্য তার মন আনচান করে। মহিমও সাদরে আমন্ত্রণ জানায়, বন্ধুকে গ্রাম্য পরিবেশের সঙ্গে পরিচিত করতে। ক. ‘কল্পপুরী’ অর্থ কী?খ. গাঁয়ের বিলের দৃশ্য কেমন, তা লেখো।গ. আবিদ কেন মহিমের কথা শুনে গ্রামে যেতে প্রলুব্ধ হলো। তার কারণ বর্ণনা করো। ঘ. উদ্দীপক এবং ‘নিমন্ত্রণ’ কবিতা অনুসরণে গ্রামের প্রকৃতি ও সৌন্দর্যের বর্ণনা দাও। উত্তর: ক. ‘কল্পপুরী’ অর্থ কল্পনার জগ ৎ , যেখানে যা ইচ্ছা কল্পনা করা যায়। উত্তর: খ. প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বাংলাদেশের বুকে অনন্য শোভা বিস্তার করে আছে অবারিত মাঠ-ঘাট, তরুলতা, বন-বনানী, নদী-নালা, খাল-বিল, সাগর-পাহাড় ইত্যাদি। কবি আশরাফ সিদ্দিকী রচিত ‘নিমন্ত্রণ’ কবিতাটিতে গাঁয়ের বিলের এক অপার সৌন্দর্য ফুটে উঠেছে। গাঁয়ের সন্নিকটে অবস্থিত বিলের পানিতে ফুটে থাকা লাল পদ্ম, শাপলা, শালুক ও কলমিলতাগুলো এক মোহনীয় সৌন্দর্যের ডালি নিয়ে শোভা বিস্তার করে আছে। থরে থরে সাজানো এসব লতানো ফুলমল্লিকা হূদয়কে আন্দোলিত করে। মনকে বিমোহিত করে তোলে। বিলের ধারে বিস্তীর্ণ মাঠজুড়ে অসংখ্য পাখির চরাচর। তাদের কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে বিলের চারিধার। দিনের বেলায় বিলের এই চাঞ্চল্য থাকলেও সন্ধ্যাবেলা ফুটে ওঠে ভিন্নরূপ। সন্ধ্যায় পাখিরা নীড়ে ফেরে, থেমে যায় কর্মব্যস্ত মানুষের কোলাহল। নিস্তব্ধ নিথর এই পরিবেশে বিলের পাশের মাঠখানিকে রূপকথার তেপান্তরের মাঠের মতোই কল্পময় মনে হয়। বিলের এই অভাবনীয় চিত্রপট গ্রাম্যপ্রকৃতিতে নিয়ে আসে বিশেষত্ব।উত্তর: গ. শহরের কৃত্রিমতার বাঁধনে আবিষ্ট আবিদ একটি স্বাধীন মুক্ত পরিবেশে যাওয়ার জন্য ব্যাকুল হয়। নিজেকে সব সময় একটি শৃঙ্খলাবদ্ধ অবস্থায় বন্দী রাখা আবিদের কাছে অসহনীয় মনে হয়। গ্রাম থেকে বেড়াতে আসা চাচাতো ভাই মহিমের মুখে সে গ্রামের উন্মুক্ত পরিবেশ এবং সেখানকার স্বাধীন জীবন আবিদকে আকৃষ্ট করে। মহিমের মুখেই সে জানতে পারে গ্রামবাংলার সবুজ-শ্যামল অকৃত্রিম সৌন্দর্যের কথা। গ্রামে আছে অবাধ বিচরণের ক্ষেত্র। সেখানে রাখাল বালক খোলা মাঠে সারা দিন হেসে-খেলে সন্ধ্যায় গরুগুলো নিয়ে বাঁশি বাজাতে বাজাতে ফিরে আসে আপন কুটিরে। সন্ধ্যায় সূর্যাস্তের আবির রঙে ছেয়ে যায় সমস্ত প্রকৃতি। হাওয়ায় দুলে কচি ধানের শিষগুলো সবাইকে কাছে ডাকে। ঝাউবনের ফাঁকে নিত্য শোনা যায় ডাহুকের কলধ্বনি। সন্ধ্যার আকাশে ফুটে ওঠে অসংখ্য তারা। যেগুলোকে ফুটন্ত ফুলের মতোই দেদীপ্যমান মনে হয়। বন-বনানীর পাশে অবস্থিত কাজলাদিঘির শীতল জলে অবগাহন করে শরীর ও মনের প্রশান্তি ঘটে। বিলের ধারে ফুটে থাকা শাপলা-শালুক আর লালপদ্মগুলো সহজেই হূদয়কে বিমোহিত করে। বর্ষাকালে চারদিকে থইথই পানির মধ্যে গ্রামখানিকে ভাসমান দ্বীপের মতো মনে হয়। সন্ধ্যায় সূর্যাস্তের সঙ্গে সঙ্গে চারদিকের নিস্তব্ধতায় গ্রাম্য প্রকৃতির বুকে বিরাজ করে একটি পবিত্র ও শান্ত সমাহিত রূপ। এসবই আবিদের কল্পনার জগ ৎ কে আরও নিবিড় করে পাওয়ার জন্য ব্যতিব্যস্ত করে তোলে। তার কাছে শহরের জীবন থেকে গ্রামের জীবন এবং প্রকৃতি অনেক বেশি মোহনীয় মনে হয়। তাই তো সে মহিমের আমন্ত্রণে সাড়া দিতে গ্রামে যাওয়ার জন্য প্রলুব্ধ হয়। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল