ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকানওল কিশোরপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘নওল কিশোর’ কবিতা থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ অংশ আলোচনা করব।প্রশ্ন: ঘ) ‘হোক জীবনের জয়’ বলতে কবি কী বোঝাতে চেয়েছেন। নবীন কিশোর কীভাবে জীবনের জয় নিশ্চিত করবে উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর?উত্তর: ঘ) নারী জাগরণের অন্যতম পথিকৃৎ কবি সুফিয়া কামাল রচিত নওলকিশোরের দরবারে গ্রন্থ থেকে সংকলিত হয়েছে ‘নওল কিশোর’ কবিতাটি। এখানে কবি নওল কিশোরদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন একটি নতুন পৃথিবী গড়ার, সেই সঙ্গে তিনি তরুণদের আশাতীত সাফল্যও কামনা করেছেন। উদ্দীপকের কিশোর সুমন এমনই আত্মপ্রত্যয়ী ও দৃঢ় চিত্তের। ঘুণে ধরা সমাজটাকে কলুষমুক্ত করতে তরুণরা যেভাবে কঠোর প্রত্যয় ব্যক্ত করবে, তাতে পৃথিবী থেকে দূরীভূত হবে সব কলুষতা, হানাহানি আর অবক্ষয়ের ধূম্রজাল। একমাত্র তরুণরাই পারে সমাজ থেকে অন্যায়-অত্যাচারকে সমূলে উৎপাটন করতে। এ ধারাকে তারা স্বর্গের অমৃত সুধায় সিক্ত করে মানুষের মুখে হাসি ফোটাতে পারে। কবি তরুণদের জেগে উঠতে বলেছেন সব প্রতিকূলতার বিরুদ্ধে। এই জেগে ওঠাকেই বলা হয়েছে জীবনের জয়।নবীন কিশোরদের হাতের পরশে জরাজীর্ণ পৃথিবী প্রাণ ফিরে পাবে। পৃথিবীতে বেজে উঠবে আনন্দের জয়ডংকার। তাদের আখি দুটি নিষ্কলুষ। তারা মাটিতে ফলাতে পারে শস্য। ক্ষুধার্তকে দিতে পারে অন্ন। জ্ঞানের বিশাল জগতকে আয়ত্ত করে জাতিকে দিতে পারে চেতনা। তাদের সাধনার বলেই জয়কে নিশ্চিত করতে পারে। কবির এ আহ্বানে সাড়া দিয়ে নবীন কিশোররা এগিয়ে এলে এদের স্বপ্ন একদিন বাস্তবায়িত হতে বাধ্য। তাদের সঙ্গে আছে বিধাতার আশীর্বাদ। এতে করে নবীন কিশোরদের বিজয় আরও সুনিশ্চিত হয়ে উঠবে।নবীন প্রাণের সজীব প্রাণময়তা আর একনিষ্ঠ কর্মতৎপরতাই সাফল্যের সম্ভাবনাকে সুনিশ্চিত করতে পারে।