রূপাইপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘রূপাই’ কবিতা থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য কবিতাটির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। প্রশ্ন: ঘ. ‘রূপাই’ কবিতায় রূপাইয়ের রূপ বর্ণনা করতে গিয়ে কবি পল্লি প্রকৃতির যে চিত্র তুলে ধরেছেন, উদ্দীপকের আলোকে তা বিশ্লেষণ করো।উত্তর: ঘ. রূপাই নামক এক পল্লি রাখাল বালককে উপজীব্য করে কবি জসীমউদ্দীন পল্লি জীবনের বাস্তব প্রতিচ্ছবিগুলো অত্যন্ত মনোমুগ্ধকর রূপে ফুটিয়ে তুলেছেন। প্রকৃতির অফুরন্ত দানে সমৃদ্ধ গ্রামবাংলা। রূপাইয়ের গভীর ঘন কালো চোখ দুটি এবং লম্বা মাথায় কালো চুলগুলো ভ্রমরের রংয়ের অনুরূপ। গ্রামে ফসলের মাঠে কচি ধান গাছের চারা মাথা উঁচু করে পৃথিবীকে উদ্ভাসিত করে।চতুর্দিকে সবুজ শ্যামল ছায়াঘেরা গাছ লতায় পরিপূর্ণ। কৃষাণীর আঙিনায় চোখে পড়ে লাউয়ের মাচা। শ্রাবণের জলধারা পতিত হওয়ার সঙ্গে সঙ্গে প্রকৃতির রূপ পাল্টে যায়। আকাশের একপ্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ছোটাছুটি করে বিজলি মেঘের রূপের ঝলক। ক্ষণিকের জন্য আলোকিত হয়ে ওঠে বাংলার মাঠ-ঘাট-প্রান্তর। কৃষকেরা মাঠে ফসল তোলার সময় তাদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি। বাংলার এ শাশ্বত রূপটি অমলিন ও অবিনশ্বর। কবি গ্রামবংলার প্রতিটি কন্দরে লুকিয়ে থাকা বস্তুগুলোর মাঝে আগমনের মাধুরী মিশিয়ে তাতে সুর সংযোজন করেছেন। গ্রামের রঙিন ফুল, অবারিত মাঠ, ভ্রমরের গুঞ্জন, সজলবর্ষা, বৃষ্টিস্নাত তমালতরু, কৃষকের সচকিত হাসি, রামধনুকের আবিররঙা মেঘ সবকিছুর মাঝে তিনি লেপন করেছেন এক অসাধারণ চমৎকারিত্ব। এর সঙ্গে পল্লিবালক রূপাইয়ের কালো রঙের চেহারা যেন আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। পল্লির রূপমাধুরী যুগ যুগ ধরে মানুষকে করেছে শৈল্পিক ভাবাপন্ন। ‘রূপাই’ কবিতাটিতে তারই প্রস্ফুটন ঘটেছে রূপাইয়ের রূপের মাঝে। উদ্দীপকের চরণগুলোর মধ্যেও ‘সাজু’ চরিত্রটির সঙ্গে পল্লির রূপের সামঞ্জস্য প্রকাশের প্রয়াসটুকু ফুটে উঠেছে।