জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা: বাংলা ও সামাজিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্পিউটারের কথাপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ১ম পত্রের ‘কম্পিউটারের কথা’ প্রবন্ধ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ অংশ আলোচনা করব।ঘ. শতাব্দীর বিস্ময়কর আবিষ্কার কম্পিউটারই বর্তমানে আমাদের জীবন চলার অন্যতম পাথেয়—উদ্দীপকের আলোকে কথাটির মতামত বিশ্লেষণ করো।উত্তর: ঘ. খ্যাতনামা অধ্যাপক এ এম হারুনর রশীদ রচিত কম্পিউটারের কাহিনী গ্রন্থ থেকে সংগৃহীত হয়েছে ‘কম্পিউটারের কথা’ প্রবন্ধটি। এখানে লেখক আধুনিক বিজ্ঞানের বিস্ময়কর অবদান কম্পিউটারের সীমাহীন উপযোগিতার কথা তুলে ধরেছেন। প্রবন্ধের বিষয়বস্তু উদ্দীপকের মূল কথারই অনুরূপ, উদ্দীপকে কম্পিউটার কীভাবে মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে স্বাচ্ছন্দ্যময় করে তুলেছে সে বিষয়টিই উল্লেখ করা হয়েছে।বিংশ শতাব্দীর শেষলগ্নে মানবসভ্যতাকে উঁচুশিখরে নিয়ে আসার ক্ষেত্রে বিজ্ঞানের যেসব অবদান কাজ করছে, তন্মধ্যে সবচেয়ে যুগান্তকারী সাফল্য বয়ে আনছে কম্পিউটার। বর্তমানে অনেক দুরূহ কাজই সম্ভব হচ্ছে কম্পিউটারের অভাবিত উন্নতির ফলে। এর সীমাহীন উপযোগিতা, সমস্যা সমাধানের ব্যাপকতা ইত্যাদি বহুগুণ আজ মানুষের বিচিত্র কার্যক্রমের নিত্যসঙ্গী হিসেবে কাজ করছে। কম্পিউটার মূলত গণনাকারী যন্ত্র হিসেবে তৈরি হলেও আজ তা সর্বকাজের উপযোগী হয়ে উঠেছে। এটি এখন প্রযুক্তি বিদ্যা, মহাকাশ বিজ্ঞান, কৃষি, রসায়ন, চিকিৎসাশাস্ত্র, পদার্থবিজ্ঞান ইত্যাদি ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। কম্পিউটার কেবল ভৌত বিজ্ঞানের সমস্যা সমাধানের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়—খেলাধুলা, কবিতা লেখা, অনুবাদ করা, পরিকল্পনা তৈরি, প্রকল্প বিশ্লেষণ, শিক্ষা, স্বাস্থ্য, জনসংখ্যা নিয়ন্ত্রণ, বাজেট প্রণয়ন, অর্থনৈতিক, সামাজিক, শিল্প, বাণিজ্য সর্বক্ষেত্রেই কম্পিউটার আমাদের সহায়তা প্রদান করছে। মানুষ চাঁদে গেছে, মঙ্গল গ্রহে অবতরণ করেছে—সবই কম্পিউটারের ফলে সম্ভব হয়েছে। আজকাল বেতন, আয়কর হিসাব, বিদ্যুৎ বিল, টেলিফোন বিল, ব্যাংকের হিসাব, নির্ভুল চিঠি লেখা—এসব কাজও অনায়াসে কম্পিউটার করে দিচ্ছে। বিজ্ঞানের জটিল কাজ এবং দৈনন্দিন ব্যবহারিক কাজ দুটোর ক্ষেত্রেই কম্পিউটার আজ বড় বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মোটকথা শতাব্দীর এই বিস্ময়কর অবদান কম্পিউটারই আজ আমাদের জীবনচলার পথে অন্যতম পাথেয় হিসেবে কাজ করছে। তাই এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা অসীম এবং অনস্বীকার্য।