ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকাজোঁকপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ‘জোঁক’ গল্পটির প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য গল্পটির বিষয়বস্তু ভালভাবে পড়বে।নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।জোঁক গল্পটির মধ্যে সামাজিক জীবনের অন্যায় ও অবিচারের প্রতিবাদ প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে শোষিত মানুষের প্রতি সহানুভূতিটুকুও ব্যক্ত হয়েছে। তা ছাড়া গল্পটিতে লেখাপড়া না জানার কুফল সম্পর্কে সচেতন করা হয়েছে। অশিক্ষিত মানুষ অন্ধের শামিল। আর এই অন্ধত্বই তাদের জীবনকে ঠেলে দেয় অনিশ্চিত ভবিষ্যতের দিকে।প্রশ্ন: ক. দলিলে টিপসই দিয়ে ওসমান কত টাকার প্রতারণার শিকার হলো। প্রশ্ন: খ. করিম গাজী কে? সে ওসমানকে কী বলেছিল?প্রশ্ন: গ. অশিক্ষিত মানুষ অন্ধের শামিল—কথাটি ব্যাখ্যা করো।উত্তর: ক. জোঁক গল্পে নিরক্ষর ভূমিহীন কৃষক ওসমান দলিলে টিপসই দিয়ে ৫০০ টাকা প্রতারণার শিকার হয়েছিল।উত্তর: খ. গ্রামে ওসমানের মতো আরও অনেক নিরীহ চাষি বাস করত এবং তারা কমবেশি সবাই জমিদার ওয়াজেদ চৌধুরীর দ্বারা শোষিত হচ্ছিল। তাদেরই একজন হলো করিম গাজী।ওসমান জমিদার বাড়ি থেকে নিরাশ হয়ে ফিরছিল। পথে করিম গাজীর সঙ্গে তার দেখা হলে সে ওসমানকে তাদের সঙ্গে জমিদারের কাছে ফিরে যেতে বলে। তারা সকলে মিলে জমিদারের অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের প্রত্যয় ব্যক্ত করে।উত্তর: গ. অক্ষরজ্ঞানবঞ্চিত মানুষকেই সাধারণত বলা যায় নিরক্ষর। শিক্ষাকে বলা হয় আলো আর অশিক্ষাকে বলা হয় অন্ধকার। নিরক্ষরতা মানুষকে অজ্ঞতায় ডুবিয়ে রাখে এবং জীবন বিকাশের পথে পদে পদে বাধার সৃষ্টি করে। নিরক্ষর মানুষ তাই অন্ধের সমতুল্য। স্রষ্টাপ্রদত্ত কর্মক্ষমতা, প্রতিভা ও নৈতিক ক্ষমতার বিকাশ তার সাধিত হতে পারে না। বর্তমান যুগে শুধু শারীরিক শক্তি নিয়ে টিকে থাকা যায় না। পদে পদে সে অন্যের দ্বারা লাঞ্ছিত ও পদদলিত হয়। যেকোনো প্রতারণার ফাঁদে আটকে তার জীবনটা দুর্বিষহ হয়ে ওঠে। নিজস্ব চিন্তা-চেতনা প্রকাশের কোনো সুযোগ তার থাকে না। সে একদিকে যেমন সামাজিকভাবে পঙ্গুত্বের শিকার হয়, অন্যদিকে ব্যক্তিজীবনেও সে হয়ে পড়ে অসার, অথর্ব। তাদের নিরক্ষরতাকে পুঁজি করে সমাজের অসাধু ব্যক্তিরা জোরপূর্বক অন্যের সহায়-সম্পদকে কেড়ে নিয়ে নিজেরা অঢেল সম্পদের মালিক হয়। এ সবকিছুর মূলেই রয়েছে অশিক্ষা বা নিরক্ষরতা। সৃষ্টিকর্তার দেওয়া চোখের দৃষ্টি শুধু তাকিয়ে দেখা ছাড়া অন্য কোনো ভূমিকাই রাখতে পারে না তারা। অতএব এই অন্ধত্ব থেকে মুক্তির একমাত্র উপায় হলো শিক্ষা। নিরক্ষর ব্যক্তি এ পৃথিবীর রূপ-রস-গন্ধ, ন্যায়-অন্যায়, লাভ-লোকসান, সুখ-দুঃখ সবকিছু থেকেই বঞ্চিত হয়। তার জীবনটাই অভিশপ্ত। এ ক্ষেত্রে তাদের এ অন্ধত্ব থেকে মুক্ত করার ভারটুকু এ দেশের শিক্ষিত জনগোষ্ঠী ও সরকার উভয়েরই সমানভাবে নেওয়া উচিত বলে আমি মনে করি।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল