ফুলের মেলাপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ফুলের মেলা প্রবন্ধ থেকে সৃজনশীল পদ্ধতির নমুনা প্রশ্নোত্তরের শেষ অংশ আলোচনা করব।প্রশ্ন: ঘ) ইংল্যান্ডের বসন্ত ঋতুর বৈশিষ্ট্য বর্ণনা করো।উত্তর: ঘ) প্রখ্যাত ভাষাবিদ ও প্রবন্ধকার মুহম্মদ আব্দুল হাই বিরচিত ভ্রমণকাহিনি বিলাতে সাড়ে সাত শ দিন থেকে সংকলিত হয়েছে ‘ফুলের মেলা’ প্রবন্ধটি। লেখক ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতির অপার সৌন্দর্য ও বৈচিত্র্যময় ফুলের সমারোহকে সাবলীলভাবে উপস্থাপন করেছেন এ প্রবন্ধে।ইংল্যান্ডে বসন্ত ঋতুর আবির্ভাব অত্যন্ত বৈচিত্র্যময়। চতুর্দিকে শুধু ফুল আর ফুল। মনে হয় যেন প্রকৃতিতে ফুলের আগুন লেগে গেছে। শীতে মুষড়ে থাকা মৃতপ্রায় গাছপালার মধ্যে নতুন করে আবার সঞ্চারিত হয় প্রাণ এবং প্রকৃতিতেও সেই প্রাণ তরঙ্গায়িত হয়। পাতাহীন ছোট ছোট গাছ ফুলে ফুলে ছেয়ে যায়। এসব ফুলের স্নিগ্ধ সৌন্দর্যে মুগ্ধ হয়ে অনেক সৌন্দর্যপিয়াসী মানুষ বেরিয়ে পড়ে প্রকৃতির রূপ অন্বেষণে। ইংল্যান্ডের বসন্তকাল আমাদের দেশের মতো নয়। সেখানে মার্চ মাস শেষ না হতেই তরুলতার পাতায় মুকুল দেখা যায়। দেখতে না দেখতে বেরিয়ে আসে নানা বর্ণের বাহারি ফুল। শুধু বড় গাছেই নয়, ক্ষুদ্রাকৃতি ছোট গাছ, তরুলতা সর্বত্রই ফুলের বিপুল সমারোহ। ফুলের অপূর্ব সৌন্দর্য মাতিয়ে তোলে প্রকৃতিকে। বসন্তকালে প্রকৃতি যেন সকাল সন্ধ্যায় তার রূপ বদলায়। যে দিকে তাকানো যায় শুধু সুন্দরের নয়নাভিরাম দৃশ্য। ফুলগুলো যেমন প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, তেমনই বসন্ত ঋতু সে সৌন্দর্যকে আরও শতগুণে বাড়িয়ে দেয়। পুরো বসন্তজুড়ে ইংল্যান্ডে শুধু ফুলেরই বিচিত্র রূপ। এত ফুল দেখে লেখক এ সময়ের প্রকৃতিকে ‘সুন্দরের আগুন’ বলে অভিহিত করেছেন। রূপলাবণ্যে ভরা ইংল্যান্ডের বসন্ত ঋতুর নৈসর্গিক রূপ স্বচক্ষে প্রত্যক্ষ না করলে বোঝা যাবে না যে কী অতুলনীয় সে দৃশ্য।শীতের আড়ষ্ঠতায় জর্জরিত প্রকৃতির বুকে প্রাণ-প্রাচুর্য সঞ্চার করাই হলো বসন্ত ঋতুর বৈশিষ্ট্য। এ সময় প্রকৃতি সবুজ, শ্যামল ও সতেজ আকার ধারণ করে, মানুষের দৃষ্টিকে করে বিমোহিত। এ জন্যই বসন্ত ঋতুকে বলা হয় ঋতুরাজ।