ভাষা ও শিক্ষাপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ‘ভাষা ও শিক্ষা’ প্রবন্ধ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ অংশ আলোচনা করব। প্রশ্ন: ঘ. শিক্ষার মাধ্যম হিসেবে মাতৃভাষা বাংলার গুরুত্ব নিরূপণ কর।উত্তর: ঘ. প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদ রচিত পাক বাংলার কালচার থেকে গৃহীত হয়েছে ‘ভাষা ও শিক্ষা’ প্রবন্ধটি। এখানে লেখক শিক্ষা অর্জন ও শিক্ষাদানে মাতৃভাষার অপরিহার্যতার কথাই তুলে ধরেছেন।মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান তথা জীবনের সর্বক্ষেত্রে মাতৃভাষা ব্যবহারের গুরুত্ব সর্বাধিক। মাতৃভাষায় আমরা স্বচ্ছন্দ্যে প্রকাশ করতে পারি মনের ভাব, আবেগ ও চিন্তাধারা। তাই সর্বস্তরে মাতৃভাষা ব্যবহার গুরুত্বপূর্ণ ও অপরিহার্য। ড. মুহম্মদ শহীদুল্লাহ বলেছেন, ‘পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করিয়া দেখ মাতৃভাষার উন্নতি ব্যতীত কোনো জাতি কি কখনো বড় হইতে পারিয়াছে, বাংলা ও বাঙালির নিজস্ব সাহিত্য ও সংস্কৃতির স্বতন্ত্র বজায় রাখতে হলে আমাদের প্রয়োজন মাতৃভাষায় রচিত নিজস্ব সাহিত্যের ভেতর দিয়ে আপন অস্তিত্বকে খুঁজে বের করা। এই যে জাগরণ ও স্বীকৃতি, একুশে ফেব্রুয়ারি তারই স্মারক। মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান করার বিশেষ কিছু দিক হলো, এক. শিক্ষাদান ও জ্ঞান লাভ সহজ হয়। দুই. সঙ্গে সঙ্গে মাতৃভাষার উৎকর্ষ সাধনের প্রক্রিয়া শুরু হয়। তিন. বিদ্যাও আভিজাত্যের উঁচু মিনার থেকে সাধারণ জনগণের মধ্যে নেমে আসে। মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান করলে শিক্ষার্থীরা অতি সহজেই তা হূদয়ে ধারণ করতে পারে, যা অন্য কোনো ভাষার মাধ্যমে সম্ভব হয় না। সেই সঙ্গে মাতৃভাষার যথেষ্ট প্রবৃদ্ধি ও বিদ্যার্জন সর্বসাধারণের নাগালের মধ্যে চলে আসে। তাই জাতির উন্নতি অবারিত করতে এবং জ্ঞানের পরিসীমাকে বৃদ্ধি করতে মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানের কোনো বিকল্প নেই। প্রমথ চৌধুরী যথার্থই বলেছেন, ‘মাতৃভাষা বুদ্ধিবৃত্তির সঞ্জীবনী রসায়ন’।বিজাতীয় ভাষায় শিক্ষা গ্রহণ করে আমরা হয়তো উত্তীর্ণ হই বটে কিন্তু তাতে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য সাধিত হয় না। কোমলমতি শিশুরা যে সময়টুকু বিদেশি ভাষা শিক্ষা লাভের জন্য ব্যয় করে, সেই সময়টুকু নিজ মাতৃভাষায় জ্ঞান-বিজ্ঞানের চর্চা করলে তাতে অনেক বেশি উপকৃত হবে। জীবনের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার শুধু একুশে ফেব্রুয়ারির আবেগময় স্লোগানে বন্দী না থেকে জনগণের মধ্যে যাতে প্রকৃত মাতৃভাষার মূল্যায়ন ও প্রচলন সম্পর্কে আন্তর্জাতিক প্রকাশ ঘটে, সেদিকে লক্ষ রাখতে হবে।অতএব আমরা সহজেই অনুধাবন করতে পারি, মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানই হলো প্রকৃত শিক্ষা।