ভাষা ও শিক্ষাপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ‘ভাষা ও শিক্ষা’ প্রবন্ধটি থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ দুটি অংশ আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য প্রবন্ধটির বিষয়বস্তু ভালভাবে পড়বে।প্রশ্ন: গ) মাহবুব সাহেবের মানসিকতাকে তুমি কতটুকু সমর্থন করো, তার যুক্তি বিশ্লেষণ করো।উত্তর: গ) একমাত্র মাতৃভাষার মাধ্যমেই শিক্ষা সহজ ও পূর্ণাঙ্গ হয়। তাই আমার মতে, বিদ্যাশিক্ষার ক্ষেত্রে মাতৃভাষাই সর্বোৎকৃষ্ট মাধ্যম। যে শিক্ষা মনে-প্রাণে তৃপ্তি দিতে পারে না, যে শিক্ষা শুধু বাহ্যিক আবরণের মধ্যেই সীমাবদ্ধ থাকে, অন্তরে ধারণ করা যায় না, সে শিক্ষা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। সামাজিক ফ্যাশন হিসেবে শিক্ষাটাকে নেওয়ার অর্থ শিক্ষার গলদ তৈরি করে রাখা। যেসব ব্যক্তি মাতৃভাষাকে কঠিন ও অবহেলাযোগ্য মনে করে, সে তার আত্মবিশ্বাসকে কখনো কাজে লাগাতে পারে না। তা ছাড়া সামাজিক আভিজাত্যের দোহাই দিয়ে নিজের অক্ষমতাকে চাকচিক্যময় করার ব্যর্থ প্রয়াস নিতান্তই বোকামি ছাড়া আর কিছু নয়। তাই মাহবুব সাহেবের এ হেন মানসিকতাকে মোটেই যুক্তিসংঘত বলে মনে করা যায় না। তা ছাড়া বিদেশি ভাষা শেখাটাও কষ্টসাধ্য ব্যাপার। মাতৃভাষা যেমন প্রাত্যহিক জীবনযাত্রার অবলম্বন, তেমনি চিন্তা-চেতনা, জ্ঞান-বিজ্ঞান সাধনার মাধ্যম হিসেবেও এর কোনো বিকল্প নেই। তাই মাতৃভাষায় জ্ঞানানুশীলন ব্যতীত কোনো জাতিই উন্নতি লাভ করতে পারেনি। বিদেশি ভাষায় শিক্ষা গ্রহণ করার অর্থ নিজের মননশীলতাকে সংকুচিত করে রাখা। শিক্ষা যেখানে মানুষের সহজাত অধিকার, সভ্যতার ক্রমঅগ্রগতির অনিবার্য অঙ্গীকার, সেখানে এটাকে কৃত্রিমতার বাঁধনে না জড়ানোটাই আমি মনে করি উন্নত মানসিকতার পরিচয়। তাই সামাজিক আভিজ্যের অবগুণ্ঠন থেকে বেরিয়ে এসে নিজের মানসিক উৎকর্ষ বিধানই বড় মনে করা উচিত। শিক্ষার সর্বশ্রেষ্ঠ উদ্দেশ্য হচ্ছে ব্যক্তিসত্তার পূর্ণতা সাধন এবং জীবনকে সর্বদিক দিয়ে উপযোগী করে গড়ে তোলা। আর এ জন্য মাতৃভাষার মাধ্যমে শিক্ষাগ্রহণটাই যুক্তিসংগত বলে আমি মনে করি। পক্ষান্তরে বিদেশি ভাষাকে আমরা গ্রহণ করব শুধু আন্তর্জাতিক যোগাযোগের সুবিধার জন্য। তাই বলে এ ভাষায় মাধ্যমে শিক্ষাগ্রহণ করতে গিয়ে শিক্ষার মানকে ক্ষুণ্ন করা মোটেই যুক্তিসংগত নয়।প্রশ্ন: ঘ) স্ট্যান্ডার্ড মানে জ্ঞানের স্ট্যান্ডার্ড, মিডিয়ামের স্ট্যান্ডার্ড নয়—ব্যাখ্যা করো।উত্তর: ঘ) প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদ রচিত পাক বাংলার কালচার গ্রন্থের অন্তর্গত ‘ভাষা ও শিক্ষা’ প্রবন্ধটিতে লেখক মূলত শিক্ষাগ্রহণ ও শিক্ষাদানে মাতৃভাষার অপরিহার্যতার কথাটিই তুলে ধরেছেন। শিক্ষাক্ষেত্রে আমাদের জ্ঞানার্জনের পরিধিটাই আসল। এখানে মিডিয়াম বা মাধ্যমের কোনো স্থান নেই। জীবনেক সব গুণে উপযোগী করতে পারাটাই প্রকৃত মূল্যায়নের জন্য যথেষ্ট। এ ক্ষেত্রে ভাষার মাধ্যমটা বড় কথা নয়। এ উপলব্ধিটুকুই আলোচ্য অংশে ফুটে উঠেছে। একসময় মানুষ শিক্ষাকে কিছু উচ্চবিত্ত শ্রেণীর মধ্যে কেন্দ্রীভূত করে ফেলেছিল। কারণ, তারা বিদেশি ভাষায়, বিশেষ করে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করাকে অভিজাত্যিক হিসেবে ধরে নিত। ফলে সেখানে সাধারণ মানুষের কোনো স্থান ছিল না। তা ছাড়া জ্ঞানার্জনের জন্য পর্যাপ্ত উপকরণের সুযোগও সাধারণ মানুষ পেত না। শিক্ষাকে অনেকটা লোক দেখানো বাহ্যিক আবরণ বলে মনে করা হতো। ক্রমে মানুষের মন থেকে এই ভ্রান্ত ধারণা পাল্টে যেতে থাকে। এখন শিক্ষাকে মনে করা হয় জ্ঞানার্জনের ক্ষেত্র হিসেবে। কে বাংলা মিডিয়াম, কে ইংলিশ মিডিয়াম নিয়ে পড়ছে এটা দিয়ে শিক্ষার আসল স্ট্যান্ডার্ডকে পরিমাপ করা উচিত নয়। তা ছাড়া ইংরেজিতে শিক্ষাগ্রহণ করলেই তার শিক্ষা উঁচুমানের হবে, এমন ধারণাও সঠিক নয়। শিক্ষা মানে জনগণের শিক্ষা, সেখানে সাধারণ মানুষের অগ্রাধিকার থাকবে। এবং সেটা হতে হবে সবার ক্ষমতার নাগালে। বিদেশি ভাষা শেখারও প্রয়োজন আছে, তবে এটা তার আলাদা গুণ বলে ধরে নিতে হবে। জানার ক্ষেত্রে যে যত পারদর্শী, সে-ই তত জ্ঞানী। এটাই হচ্ছে বিবেচ্য বিষয়। তাই বিদ্যালয়, স্থান কিংবা মাধ্যমের ওপর ভিত্তি করে শিক্ষার স্ট্যান্ডার্ডকে কখনোই পরিমাপ করা যায় না। মাতৃভাষার মাধ্যমে শিক্ষাটাকে অন্তরে ধারণ করাই হলো প্রকৃত উপায়। অনেকে জ্ঞানার্জনের ক্ষেত্রে বিদেশি মাধ্যমকে বেশি গুরুত্ব দেয়, এটা তার নির্বুদ্ধিতা ছাড়া আর কিছুই নয়। অতএব নিঃসন্দেহে এ কথাটি ধরে নেওয়া যায় যে শিক্ষার ক্ষেত্রে জ্ঞানার্জনটা মুখ্য মাধ্যম।