কম্পিউটারের কথাপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ‘কম্পিউটারের কথা’ প্রবন্ধ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের একটি অংশ আলোচনা করব। প্রশ্ন: গ) কম্পিউটার ছাড়াও বিজ্ঞানের অন্যান্য আবিষ্কার মানুষের জীবনকে কীভাবে ত্বরান্বিত করেছে, উদ্দীপকের আলোকে বুঝিয়ে লেখো। উত্তর: গ. বিজ্ঞানের এক বিস্ময়কর অবদান কম্পিউটার, যা বর্তমান জীবনকে করেছে গতিশীল। পাশাপাশি বিজ্ঞানের অন্যান্য অবদানও বর্তমানে মানুষের জীবনযাত্রাকে অনেক সহজ ও স্বচ্ছন্দময় করে তুলেছে। উদ্দীপকের আলোকে বলা যায়, বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ কম্পিউটার ও ইন্টারনেটে বিভিন্ন ব্লগ ব্যবহার করে বিভিন্ন স্থানে অবস্থান করেও সবাই এক সঙ্গে একটি বৃহৎ আনুষ্ঠানিকতায় অংশ নিয়েছে। পাশাপাশি অন্যান্য প্রযুক্তি ও গণমাধ্যমের সাহায্যে তারা দিনটি সম্পর্কে নানা ধরনের তথ্য জানতে পেরেছে। তাই কম্পিউটারের পাশাপাশি বিজ্ঞানের অন্যান্য আবিষ্কারও আমাদের জীবনকে প্রভাবিত ও ত্বরান্বিত করছে।বিজ্ঞান আমাদের জীবনকে বিস্তৃতি দিয়েছে। প্রতিদিন প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে সংবাদপত্র আমাদের ঘরে পৌঁছে দেয় বিশ্বের অসংখ্য সংবাদকণিকা। বেতারে ধ্বনিত হয় বিশ্ববার্তা। দূরদর্শনের পর্দায় ভেসে ওঠে পৃথিবীর দূর-দূরান্তের ছবি। ঘুম থেকে জেগে রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত বিজ্ঞানশক্তির অকৃপণ দাক্ষিণ্য লাভ করে চলেছি আমরা। আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্তকে সমৃদ্ধ করে তুলেছে বিজ্ঞান। আমাদের পরিধেয় বস্ত্র থেকে শুরু করে ঘরবাড়ি, পথঘাট, ওষুধপত্র, কৃষিজ, ভোগ্যপণ্য—সবই তো বিজ্ঞানের প্রযুক্তিবিদ্যার ফসল। বৈদ্যুতিক আলো, পাখা থেকে যানবাহনের ব্যবহার—সবকিছু বিজ্ঞানের অবদান। বস্তুত আমাদের বর্তমান জীবনটাই বিজ্ঞান-নিয়ন্ত্রিত। প্রতি মুহূর্তে শ্বাস-প্রশ্বাসের মধ্যে বেঁচে থেকেও যেমন বায়ুমণ্ডল সম্পর্কে আমরা প্রতিনিয়ত সচেতন নই, তেমনই ব্যবহারিক জীবনে বিজ্ঞানের অজস্র আবিষ্কারে এমনই অভ্যস্ত হয়ে পড়েছি যে এর কথা স্বতন্ত্রভাবে আমরা আর স্মরণ করি না। এভাবেই বিজ্ঞান আমাদের ব্যবহারিক জীবনে এনেছে মৌল পরিবর্তন। কৃষি, শিক্ষা, যাতায়াত, চিকিৎসা, আবহাওয়া—প্রতিটি ক্ষেত্রেই বিজ্ঞানের অপরিসীম অবদান অনস্বীকার্য। তাই বলা যায়, শুধু কম্পিউটারই নয়, বিজ্ঞানের অন্যান্য অসাধারণ সাফল্যও আমাদের বর্তমান জীবনকে ক্রমাগত এগিয়ে নিয়ে চলেছে সভ্যতার শিখরে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল