নওল কিশোরপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘নওল কিশোর’ কবিতা থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য কবিতাটির বিষয়বস্তু ভালভাবে পড়বে।# নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।মুকুলের বয়স ১৮। তার মনে আছে প্রত্যয় আর বুকে আছে বল। তার মতো মানুষদের অদম্য উৎসাহ আর উদ্দীপনাই দূর করবে এ পৃথিবীর সব দুঃখ, দারিদ্র্য আর হতাশা। এক সুন্দর পৃথিবী গড়ার স্বপ্নই তাদের পথ চলার অঙ্গীকার। অসম্ভবকে সম্ভব করার জন্য তারা শিক্ষার আলোয় নিজেদের আলোকিত করে তৈরি করছে সৃষ্টির সম্ভাবনা। প্রশ্ন: ক) উদ্দীপকটির মূল কথা কোন কবিতার ইঙ্গিত বহন করে?প্রশ্ন: খ) ‘মুমূর্ষু ধরা’ বলতে কবি কী বোঝাতে চেয়েছেন? কারা, কীভাবে এ মুমূর্ষু ধরাকে নতুন প্রাণ দান করবে?প্রশ্ন: গ) ‘নওল কিশোর’ কবিতা ও উদ্দীপকের আলোকে তোমার কিশোর মনের অভিপ্রায়টুকু উপস্থাপন করো।প্রশ্ন: ঘ) ‘নওল কিশোর’ কবিতাটির মর্মার্থ উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।উত্তর: ক) উদ্দীপকটির মূল কথা কবি সুফিয়া কামাল রচিত নওল কিশোর কবিতাটির তাৎপর্য নির্দেশ করে।উত্তর: খ) ‘মুমূর্ষু ধরা’ বলতে কবি মৃতপ্রায় পৃথিবীকে বুঝিয়েছেন। অর্থাৎ দুঃখ-দৈন্য, হিংসা-দ্বেষ, ক্ষুধা-দারিদ্র্য, অন্যায়-অত্যাচারে জরাজীর্ণ এই পুরোনো পৃথিবীকে কবি মুমূর্ষু ধরা হিসেবে আখ্যায়িত করেছেন।নবীন কিশোররা তাদের নতুনত্বের স্পর্শে মুমূর্ষু ধরাকে নতুন প্রাণ দান করবে। তারা কলুষিত পৃথিবীকে কলুষমুক্ত করে তুলবে। কিশোরদের ওপরই নির্ভর করছে দেশের ভবিষ্যৎ কল্যাণ ও সমৃদ্ধি। তারা তাদের শ্রম আর মেধা দিয়ে এই জরাজীর্ণ পৃথিবীকে নবরূপে সাজিয়ে তুলবে। ধূলিমলিন এই পৃথিবীকে স্বর্গসুষমায় ভরে তুলবে। ক্ষুধার্ত নিরন্ন মানুষের মুখে তারা অন্ন জোগাবে ও হাসি ফোটাবে। জ্ঞানের আলো দিয়ে তারা অজ্ঞানতার অন্ধকার দূর করবে। এভাবেই নতুন যুগের নবীন কিশোর-কিশোরীরা তাদের নিষ্পাপ কোমল স্পর্শ দিয়ে মুমূর্ষু পৃথিবীতে নবজীবনের জোয়ার বয়ে আনবে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল