কম্পিউটারের কথাপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ‘কম্পিউটারের কথা’ প্রবন্ধ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ অংশ আলোচনা করব। এধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য প্রবন্ধটির বিষয়বস্তু ভালভাবে পড়বে।প্রশ্ন: ঘ. কম্পিউটারের জনক কে? তাঁর অবদান আমাদের ব্যবাহারিক জীবনে কী কাজে লাগছে? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।উত্তর: ঘ. খ্যাতনামা অধ্যাপক এ এম হারুনর রশীদ রচিত কম্পিউটারের কাহিনী গ্রন্থ থেকে সংগৃহীত হয়েছে ‘কম্পিউটারের কথা’ প্রবন্ধটি। উদ্দীপক এবং প্রবন্ধে কম্পিউটারের উদ্ভাবন ও এর বিস্ময়কর অবদানের কথা আলোচিত হয়েছে।১৮২২ সালে চার্লস ব্যাবেজ ব্রিটিশ সরকারের কাছ থেকে একটি অনুদান পেয়েছিলেন। তাঁকে একটি ‘ডিফারেন্স ইঞ্জিন’ বা বিয়োগ করার যন্ত্র তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছিল। উদ্দেশ্য ছিল বিভিন্ন সংখ্যার ঘাত গণনা করা। কিন্তু মজার ব্যাপার হলো, এই বিয়োগ করার যন্ত্র আবিষ্কার করার সূত্র ধরেই তিনি একটি নতুন যন্ত্র তৈরি করার স্বপ্ন দেখেছিলেন। যদিও এই নতুন যন্ত্রটি তিনি তৈরি করে যেতে পারেননি। নতুন যন্ত্রটির তিনি নাম দিয়েছিলেন ‘অ্যানালিটিক্যাল ইঞ্জিন’ বা বিশ্লেষণী যন্ত্র।আসলে ব্যাবেজ ছিলেন মূলত একজন তাত্ত্বিক। চার্লস ব্যাবেজ যে বিশ্লেষণী যন্ত্রের কল্পনা করেছিলেন, এর মধ্যে আধুনিক স্বয়ংক্রিয় কম্পিউটারের অনেক গুণই উপস্থিত ছিল। আধুনিক কম্পিউটারের স্মৃতির মতোই পঞ্চাশ সংখ্যাবিশিষ্ট এক হাজার রাশি জমা রাখার ব্যবস্থা তিনি চিন্তা করেছিলেন। এতে ছিদ্র করা কার্ডের সাহায্যে তথ্য আদান-প্রদানের ব্যবস্থাও করা যেত। এমনকি এ ধরনের কার্ডের মাধ্যমে গণনার সংশ্লিষ্ট নির্দেশাবলি যন্ত্রের মাধ্যমে আগেই রাখার কথা চিন্তা করা হয়েছিল। ব্যাবেজের সময় এই জটিল যন্ত্র তৈরি করা সম্ভব ছিল না। তাই তাঁর অসমসাহসিক নকশার বাস্তবায়ন সম্ভব হয়নি। ব্যাবেজের ধ্যানধারণার ওপর ভিত্তি করে তাঁর ঘনিষ্ঠ বন্ধু লেডি লাভলেস বা আডাবাইরন বিশ্লেষণী যন্ত্রের অনেক কর্মসূচি বা প্রোগ্রাম তৈরি করেছিলেন। চার্লস ব্যাবেজ ছিলেন গণিতের অধ্যাপক। তিনিই মানুষের মস্তিষ্কের সাহায্যের জন্য মোটা একটা কাঠামোর কথা লিপিবদ্ধ করেন। আজ মানবসভ্যতার ইতিহাসে বিজ্ঞানের সবচেয়ে বড় অবদান হলো কম্পিউটার। যুগের পরিপ্রেক্ষিতে এই গুরুত্বপূর্ণ যন্ত্রটির আধুনিকায়ন করা যদিও তখন সম্ভব হয়নি, তবুও চার্লস ব্যাবেজের আবিষ্কৃত বিশ্লেষণী যন্ত্র থেকেই পরবর্তীকালে কম্পিউটার আবিষ্কারের সূত্রপাত ঘটেছে। এই হিসেবে আমরা চার্লস ব্যাবেজকেই কম্পিউটার যন্ত্রের জনক বলে মনে করতে পারি। বর্তমান যুগে আমাদের ব্যবহারিক জীবনে অনেক দুরূহ কাজই সম্ভব হচ্ছে কম্পিউটারের অভাবিত উন্নতির ফলে। এর সীমাহীন উপযোগিতা, সমস্যা সমাধানের ব্যাপকতা ইত্যাদি বহু গুণ আজ মানুষের বিচিত্র কার্যক্রমের নিত্যসঙ্গী হিসেবে কাজ করছে। দৈনন্দিন কাজ থেকে শুরু করে মহাশূন্যের গবেষণায়, কম্পিউটারের ব্যবহার এখন অপরিহার্য হয়ে উঠেছে। কম্পিউটার গণনাকারী যন্ত্র হিসেবে তৈরি হলেও তা আজকের দিনে সব সমস্যা সমাধানের জন্য উপযোগী। ব্যবসা-বাণিজ্যের সাধারণ হিসাব থেকে শুরু করে মহাকাশ গবেষণায়ও এটি কাজে লাগানো হচ্ছে। কম্পিউটার ব্যবহার করে প্রযুক্তিবিদ্যা, মহাকাশবিজ্ঞান, কৃষি, রসায়ন, চিকিৎসাশাস্ত্র, পদার্থবিজ্ঞান ইত্যাদি ক্ষেত্রে অনেক কাজ করা যাচ্ছে। মানুষের চিন্তাধারায়, পরিকল্পনায়, বিশ্লেষণ, নিরীক্ষণ, নিয়ন্ত্রণ ইত্যাদি ক্ষেত্রে এর অবদান বিস্ময়কর। কম্পিউটার কেবল ভৌতবিজ্ঞানের সমস্যা সমাধানের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, আরও নানা ক্ষেত্রে যেমন: খেলাধুলা, কবিতা লেখা, অনুবাদ করা, পরিকল্পনা তৈরি, প্রকল্প বিশ্লেষণ, শিক্ষা, স্বাস্থ্য, জনসংখ্যা নিয়ন্ত্রণ, বাজেট প্রণয়ন, অর্থনৈতিক, সামাজিক, শিল্প, বাণিজ্য—সব ক্ষেত্রেই কম্পিউটার আমাদের সহায়তা করছে। অনন্তকাল ধরে ব্যাবেজ তাঁর এই অবদানের জন্য মানুষের মাঝে অমর হয়ে থাকবেন।# গতকাল ‘কম্পিউটারের কথা’ প্রবন্ধ নিয়ে আলোচনায় ব্যবহারকৃত হার্ডডিস্কের ছবির ক্যাপশনে ভুলবশত র্যাম লেখা হয়েছে। এ অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখিত। —বি.স.।