রূপাইপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ‘রূপাই’ কবিতার একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।বিপ্লব গ্রামে বাস করে। সকাল-সন্ধ্যা জমিতে কাজ করে ফসল ফলায়। সেই ফসলে শহরের মানুষ তাদের প্রয়োজন মেটায়। গ্রামে বাস করলেও তার রূপ সৌন্দর্য অতুলনীয়। সৃষ্টি জগতের অনেক সুন্দর সৃষ্টিও যেন তার রূপের কাছে হার মানে। কালো চেহারার চাষীর ছেলেটিকে দেখলে মন জুড়িয়ে যায়। প্রশ্ন: ক) রূপাইয়ের রূপকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন?প্রশ্ন: খ) চাষিদের কালো ছেলে কীভাবে সবার মন জয় করেছে?প্রশ্ন: গ) ‘শহুরে কিশোরদের তুলনায় গ্রাম্য কিশোররা মোটেই তুচ্ছ নয় বরং স্বাভাবিক সৌন্দর্যের অধিকারী’—কথাটি বুঝিয়ে লিখ।উত্তর: ক) পল্লীকবি জসীমউদ্দীন রূপাই কবিতাটিতে গ্রামের প্রাকৃতিক পরিবেশ ও পল্লী প্রকৃতির সহজ-সুন্দর রূপটির সঙ্গে চাষির ছেলে রূপাইয়ের রূপসাযুজ্য অঙ্কন করেছেন।উত্তর: খ) রূপাইয়ের কালো বরণ রূপ ও গভীর কালো চোখ দুটিকে কবি ভ্রমরের সঙ্গে তুলনা করেছেন। কবির দৃষ্টিতে রূপাইয়ের কালো রূপটুকু জগতের অন্যান্য আকর্ষণীয় রূপের চেয়ে অনেক বেশি মোহনীয়। রূপাইয়ের মুখখানিতে যে সবুজাভ মায়াবি প্রলেপ, তা স্নিগ্ধতার আবেশে ভরপুর। তার বাহুখানি কচি লাউয়ের ডগার মতো মসৃণ। বৃষ্টিস্নাত তমাল তরুর মতো রূপাইয়ের শরীরটাও নির্মল ও সতেজ। বিজলীর রূপের ঝলকের পাশেও ধরা পড়েছে রূপাইয়ের অনিন্দ্য সুন্দর রূপের জৌলুস। তার মুখের অনাবিল হাসিটুকু সবাইকে মুগ্ধ করে। তার কালো রঙের মধ্যে বিরাজ করছে মন হরণ করা অসাধারণত্ব। এ সবকিছুই সাধারণ মানুষের মনকে করে উচ্ছ্বসিত। তাই তো চাষির ছেলে রূপাইয়ের কালো রং আর মায়াময় মুখের হাসি ধন্য করেছে জগৎকে।উত্তর: গ) বিধাতা গড়েছেন গ্রাম, আর মানুষ গড়েছে শহর—এমন একটা কল্পিত কথার মধ্যেই আমরা উপলব্ধি করতে পারি গ্রামবাংলার অপার মহিমা। শিশু-কিশোরদের শৈশব গড়ে ওঠে প্রকৃতির নিটোল সান্নিধ্যে। প্রকৃতির মতোই উদার, সহজ-সরল সৌন্দর্যে তারা ভরপুর। তাদের দেহ-মনে বিরাজ করে মধুর সারল্য। প্রকৃতির আলো-বাতাসে বেড়ে ওঠা এসব কিশোর নির্মল চরিত্রের অধিকারী হয়। ভোরের স্নিগ্ধ আলো গায়ে মেখে তারা মাঠে গিয়ে ফসল বোনে। তাদের মুখে থাকে পরিতৃপ্তির হাসি, যা সহজেই অন্যের মনে আনন্দ দেয়। অকৃত্রিমতার ছোঁয়ায় তাদের হূদয়-মন পবিত্র। স্বভাবতই তারা গ্রামের স্বাভাবিক সৌন্দর্যের অধিকারী হয়। শহুরে পরিবেশে বেড়ে ওঠা শিশু-কিশোরদের মনটা থাকে শৃঙ্খলে আবদ্ধ। তাদের উপযুক্ত বিকাশের সুযোগ নেই। কৃত্রিমতার বন্ধনে আবিষ্ট এসব কিশোর মনের দিক দিয়ে অনেকটা নির্জীবভাবে বেড়ে ওঠে। মানসিক বিকাশ সাধনে তারা বাধাগ্রস্ত হয়। ফলে পড়ালেখায় এগিয়ে থাকলেও জীবনের স্বাভাবিকতাকে তারা হারিয়ে ফেলে। এ ক্ষেত্রে তাদের বৈশিষ্ট্যে ফুটে ওঠে নানা ধরনের হতাশা ও যান্ত্রিকতার ছাপ। তাই গ্রাম্য পরিবেশে বেড়ে ওঠা একটি কিশোরকে মোটেই তুচ্ছ ভাবা উচিত নয়। বরং তারাই শহুরে কিশোরদের তুলনায় অনেক বেশি স্বাভাবিক ও স্বচ্ছন্দ চিন্তার অধিকারী হয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল