রবীন্দ্রনাথের কথা প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ‘রবীন্দ্রনাথের কথা’ প্রবন্ধ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ অংশ আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য প্রবন্ধটির বিষয়বস্তু ভালোভাবে পড়বে।প্রশ্ন: ঘ) উদ্দীপকের আলোকে সাধারণ মানুষের প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের মমত্ববোধের পরিচয় দাও। উত্তর: ঘ) উদ্দীপকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনবোধ ও সমাজ সংস্কারমূলক কাজের কথা বলা হয়েছে। মানুষের প্রতি ভালবাসা ও সাহিত্য কর্মের কথা বলা হয়েছে। প্রখ্যাত শিক্ষাবিদ ও গবেষক আনিসুজ্জামান রচিত রবীন্দ্রনথের কথা প্রবন্ধটিতেও স্থান পেয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও কর্মের এক মহৎ দিকনির্দেশনা। বাংলা সাহিত্যাঙ্গনের সেরা প্রতিভা রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন জ্ঞানে, গুণে, চিন্তা ও মননশীলতায় এক অনন্য বৈশিষ্ট্যের অধিকারী। ঠাকুর পরিবারের সৃষ্টিশীল পরিমণ্ডলেই রবীন্দ্রনাথের কাব্যচর্চার শুরু। একদিকে শৈশবের শাসন-বাঁধন, অন্যদিকে মুক্ত জীবনের প্রতি মমতা, তাঁকে সাহিত্যের প্রতি আকৃষ্ট করেছে। তিনি ছিলেন মনুষ্যত্বের সাধক। সাহিত্যে তিনি প্রকৃতি ও সাধারণ মানুষের কথাই বারবার টেনে এনেছেন। সমকালীন বহু ঘটনা তাঁর মনে ঝড় তুলেছে। তিনি যেখানেই দেখেছেন প্রবলের উদ্ধত আচরণ, উন্মত্ত বর্বরতা—সেখানেই তিনি প্রতিবাদে মুখর হয়েছেন। তাঁর কাছে চিরচেনা মানুষগুলোই ছিল চিরকালের মানুষ। তিনি দুখী ও অবমানিতের ছিলেন জাগরণ কণ্ঠ। সুন্দরের আরাধনা করতে গিয়ে তিনি কখনো মানবতাকে বিসর্জন দেননি। সবার ওপরে তিনি স্থান দিয়েছেন মনুষ্যত্বকে। আজীবন তিনি বঞ্চিত, অবহেলিত মানুষকে বুকে টেনে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করেছেন। মানুষকে সুখী হতে দেখলে তিনি আনন্দিত হয়েছেন। তিনি জীবদ্দশায় তাঁর সৃষ্টিকর্মে সাধারণ মানুষের প্রতি প্রকৃত ভালোবাসা দেখাতে পারলেন কি না এটাই ছিল তাঁর চিন্তার বিষয়। কৃষক-শ্রমিক, জেলে-মুটে, কামার-কুমার সমাজের নিম্নবিত্ত এসব মানুষকে তিনি কাছে টানতে চেয়েছেন তাঁর লেখনীর ভাষাতে। গ্রামের আটপৌরে জীবনগাথা লিখতেই তিনি স্বাচ্ছন্দ্য বোধ করতেন। মানুষকে তিনি সত্যি সত্যি ভালোবাসতে পেরেছিলেন বলেই তাঁর মহৎ প্রেরণাগুলো কালের সাক্ষী হয়ে আছে। রবীন্দ্রনাথ খণ্ডকালের হয়েও ছিলেন চিরকালের। নৈরাশ্য ও পীড়িতকে তিনি শুনিয়ে গেছেন নবজীবনের গান, আর জাতির কণ্ঠে দিয়েছেন গণসংগীত।