রবীন্দ্রনাথের কথা প্রিয় শিক্ষার্থীরা, আজ ‘রবীন্দ্রনাথের কথা’ প্রবন্ধ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ অংশ আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য প্রবন্ধটির বিষয়বস্তু ভালোভাবে পড়বে।# নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।সমাজে একশ্রেণীর মানুষ আছে, যারা বিত্তবলে সবসময় সমাজের উচ্চ আসনটি দখল করে থাকে। অপরদিকে অন্য একশ্রেণীর মানুষ আছে, যারা তাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে ওইসব উচ্চবিত্ত শ্রেণীর দৈনন্দিন জীবনের চাহিদা মেটানোর কাজে সদা তৎপর। অথচ তারাই সমাজের কাছে অপাঙেক্তয়। মনুষ্যত্বের এই অপমানকে রবীন্দ্রনাথ ঠাকুর চেয়েছিলেন সমূলে বিনাশ করতে। মৃত্যুর আগে তিনি আশাবাদ ব্যক্ত করেন এই ভেবে, একদিন হয়তো এই কলুষিত পৃথিবী আলোর মুখ দেখবে। সেদিন সূচনা হবে এক নতুন পৃথিবী। প্রশ্ন: ক) কোন বিষয়টি সারা জীবন ধরে রবীন্দ্রনাথের মর্মে আঘাত হেনেছে?প্রশ্ন: খ) চিরকালের প্রকৃতি বলতে কী বোঝানো হয়েছে? প্রশ্ন: গ) ‘যে অত্যাচার করে সেও মানুষ, কিন্তু সে তার মনুষ্যত্ব হারিয়েছে, আর যে অত্যাচারিত হয়, সেও মানুষ, মনুষ্যত্বের স্বীকৃতি তার জোটেনি’—উক্তিটি ও উদ্দীপকের আলোকে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনদর্শন সম্পর্কে আলোকপাত করো। প্রশ্ন: ঘ) এক নতুন পৃথিবী রচনায় রবীন্দ্রনাথ যে আশাবাদ ব্যক্ত করেছেন— উদ্দীপকের আলোকে তার বর্ণনা দাও। উত্তর: ক) যে বিষয়টি সারা জীবন ধরে রবীন্দ্রনাথের মনকে পীড়িত করেছে, তা হলো মনুষ্যত্বের অপমান। এটাকে তিনি মোটেও সহ্য করতে পারেননি। উত্তর: খ) চিরকালের প্রকৃতি বলতে আমাদের চারপাশের সাধারণ জগৎটাকে বোঝানো হয়েছে। দূরের কোনো নৈসর্গিক সৌন্দর্য অবলোকনের জন্য সময়, অর্থ এবং আড়ম্বরের দরকার হয়। তার চেয়ে নিকট প্রকৃতি অনেক বেশি উপভোগ্য। তবে এগুলো অনুভবের জন্য প্রয়োজন সুন্দর একটা মন। রবীন্দ্রনাথের শৈশব কেটেছে ঠাকুর বাড়ির আবদ্ধ পরিমণ্ডলে। পরিচারকদের শাসনে দিন কাটত বলে বাইরের জগৎকে দেখার সুযোগ তাঁর ঘটত না। হঠাৎ একদিন বাবার সঙ্গে হিমালয় দেখার সুযোগ পেয়ে তাঁর মধ্যে জেগে উঠল এক ধরনের ঔদাসীন্য। প্রকৃতি জগৎ সম্পর্কে জানার আগ্রহ তাঁর মনকে উতলা করল। বাড়ির বারান্দা থেকে গাছের আড়ালে সুর্যোদয় দেখে তিনি আনন্দে অভিভূত হলেন। তাঁর মন থেকে না দেখার অভাববোধ ঘুচে গেল। তিনি উপলব্ধি করলেন, আসলে প্রকৃতিকে একান্ত কাছের থেকে দেখার সুযোগ ঘটলে আমরা চিরকালের প্রকৃতি জগৎকে আরও নিবিড়ভাবে উপভোগ করতে পারি। এজন্য দূর সীমানা পাড়ি দেওয়ার দরকার হয় না। আমাদের অতি সন্নিকটেই সেই চিরকালের প্রকৃতি অবস্থান করছে। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল