রবীন্দ্রনাথের কথা প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ‘রবীন্দ্রনাথের কথা’ প্রবন্ধ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ অংশ আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য প্রবন্ধটির বিষয়বস্তু ভালোভাবে পড়বে।প্রশ্ন: গ) ‘যে অত্যাচার করে সেও মানুষ, কিন্তু সে তার মনুষ্যত্ব হারিয়েছে, আর যে অত্যাচারিত হয়, সেও মানুষ, মনুষ্যত্বের স্বীকৃতি তার জোটেনি’—উক্তিটি ও উদ্দীপকের আলোকে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনদর্শন সম্পর্কে আলোকপাত করো। উত্তর: গ) শুধু কবি শ্রেষ্ঠ হিসেবেই নয়, মানব জীবনের এমন কোনো ক্ষেত্র নেই, এমন কোনো চিন্তা নেই, যেখানে রবীন্দ্রনাথের বিচরণ ঘটেনি। তিনি তার মহৎ ও উন্নত চিন্তার বেদিমূলে বসিয়েছিলেন সাধারণ মানুষকে। তাঁর এই মহৎ জীবনদর্শন সত্যিই অসাধারণ। দুর্বলের প্রতি সবলের অত্যাচার তাঁর অন্তরকে ব্যথিত করে। মনুষ্যত্বের অপমান তাঁর মনে বেজেছে সারাটি জীবন ধরে। ধনী-দরিদ্র, ছোট-বড়র ব্যবধানকে তিনি মেনে নিতে পারেননি। উদ্দীপকে রবীন্দ্রনাথ ঠাকুরের এই মনোভাবই প্রকাশ পেয়েছে। প্রবন্ধটিতে রবীন্দ্রনাথের ব্যক্তিগত, সামাজিক জীবনের বিভিন্ন কাজ ও কাজের দিক নির্দেশ করা হয়েছে। তাঁর কাছে দেশের বাঁধন, ধর্মের গণ্ডি কিংবা পেশার আভিজাত্য সাধারণ মানুষের সঙ্গে মিশতে কোনো বাধার সৃষ্টি করেনি। বরং এসব পেরিয়ে মানুষ যেখানে এক, সেখানেই তিনি পৌঁছাতে চেয়েছেন। মানবতার অপমানকারীদের তিনি ঘৃণা করেছেন। তিনি ভাবতেন, অন্যের পরিশ্রমের ফসল যারা কুক্ষিগত করে, জোর দখলের মাধ্যমে যারা নিজের ভোগবিলাসকে বেছে নেয়, সত্য ও সরলতাকে যারা দুর্বলতা ভেবে অপমান করে, তারা সমাজে মিথ্যা অহমিকা নিয়ে নিজেদের জাহির করলেও আসলে তারা মনুষ্যবিবর্জিত এক ধরনের নরপশু। অথচ এসব মানুষ, যারা সারা জীবন অক্লান্ত পরিশ্রম দিয়ে অন্যের মুখের অন্ন জোগায়, অকাতরে সেবার হাত বাড়িয়ে দেয় অপরের সুখ-শান্তির জন্য, তারা বিরাট মনুষ্যত্বের অধিকারী হওয়া সত্ত্বেও ভাগ্যের কষাঘাতে পিষ্ট এসব মানুষ তাদের কর্মের স্বীকৃতি পায় না। এ ব্যাপারটি রবীন্দ্রনাথের মনকে অস্থির করে তুলত। তিনি চাইতেন, এ পৃথিবীতে মানুষ হিসেবে সবাই সমান কাতারে স্থান পাক। জীবনের এই গভীর দর্শন তাঁর লেখনীর ভাষা হয়ে প্রতিবাদ করেছে সারা জীবন। তাই উদ্দীপকের আলোকে বলা যায়, চিন্তা-চেতনা, ধ্যান ও কর্মে রবীন্দ্রনাথ ছিলেন এক বিদগ্ধ ভাবাদর্শের অধিকারী। প্রশ্ন: ঘ) এক নতুন পৃথিবী রচনায় রবীন্দ্রনাথ যে আশাবাদ ব্যক্ত করেছেন— তা কীভাবে সম্ভব উদ্দীপকের আলোকে তার বর্ণনা দাও। উত্তর: ঘ) প্রখ্যাত শিক্ষাবিদ ও গবেষক আলিমুজ্জামান রচিত রবীন্দ্রনাথের কথা প্রবন্ধটিতে স্থান পেয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও কর্মের এক মহৎ দিকনির্দেশনা।রবীন্দ্রনাথ ছিলেন সব গুণে গুণান্বিত একজন অসাধারণ শিল্পদ্রষ্টা। মাত্র ১৫ বছর বয়সে তিনি সাহিত্য সাধনায় ব্রতী হয়েছেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত নিরন্তরভাবে চলেছে তাঁর কাব্য সাধনা। গোটা রবীন্দ্র সাহিত্যে স্থান পেয়েছে প্রকৃতি জগৎ, সৃষ্টি বৈচিত্র্য ও মানবপ্রীতি। তাঁর কাব্য সাহিত্য বাঁক নিয়েছে বিভিন্ন দিকে। কখনো মর্ত্যপ্রীতি মানবপ্রেম আবার কখনো অন্যায়ের প্রতিবাদ, মনুষ্যত্বের জয়গান। উদ্দীপকে রবীন্দ্রনাথের বিভিন্ন কাজের দিক এবং ফলাফলের কথা বলা হয়েছে। প্রবন্ধটিতেও তার কাজ, ভক্তি, ভালোবাসা, ঈশ্বরপ্রেমের কথা বলা হয়েছে। সবই ছিল তাঁর মনোরাজ্যে। সত্যকে তিনি নিবিড়ভাবে ভালোবাসেন। সত্যের প্রতি এই অকুণ্ঠ ভালোবাসাই তাঁর মধ্যে জাগিয়েছে মানবমুক্তির সঠিক নির্দেশনা ও বিশ্বাস। জীবন সায়াহ্নে এসে তিনি ব্যাকুল হয়ে উঠেছিলেন, অধিকারবঞ্চিত সাধারণ মানুষের জন্য একটি সুন্দর পৃথিবী রচনার স্বপ্নে। মনুষ্যত্বের অপমানে তিনি মর্মে মর্মে জর্জরিত হয়েছেন। জগৎ সংসারে মানুষে মানুষে বিশাল ব্যবধান দেখে তিনি হতাশ হয়েছেন। তবুও তাঁর মধ্যে এক অন্তিম আশার সঞ্চার হয়েছে জীবনের শেষলগ্নে। তিনি বিশ্বাস করতেন, প্রলয়ের পর যেমন প্রকৃতি রাজ্যে নির্মল দিনের সূচনা ঘটে, তেমনি সামনে সেই সুদিন অপেক্ষা করছে, যে দিন মানুষের অপমানে পৃথিবী আর কলুষিত হবে না। প্রকৃতির সম্ভার প্রতিটি মানুষই সমানভাবে ভোগ করবে। মানুষের জীবন থেকে দূর হবে দারিদ্র্য, রোগ, অশিক্ষা—দূর হবে হিংসা, লোভ আর হানাহানি। অনাগত সেই সুনির্মল পৃথিবী গড়ার স্বপ্নে বিভোর হয়ে রবীন্দ্রনাথ তাঁর অবিস্মরণীয় রচনামালায় রেখে গেছেন সেই আশাবাদ। তিনি মনে করেন, নতুন প্রজন্মের কাছে মূল্যায়ন পাবে তাঁর এই ভবিষ্যৎ আশার বাণী। একটি শুভ, সুন্দর ও নির্ভেজাল—লোভ আর দারিদ্র্যবর্জিত পৃথিবীকে সামনে রেখেই অস্তমিত হয়েছে বাংলা সাহিত্যাঙ্গনের প্রবাদপুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ইহজীবন। তার মৃত্যুর দীর্ঘদিন পরও তরুণ সমাজ, নতুন প্রজন্মের কাছেতার সৃষ্টি বর্তমানে অধিক সমাদৃত। তখনও তিনি নেতৃত্ব দিচ্ছেন নতুন সমাজ, নতুন পৃথিবী রচনার।