জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা: বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুলের মেলাপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ‘ফুলের মেলা’ প্রবন্ধ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। মানুষ স্বভাবতই সৌন্দর্যের পূজারি। ফুটন্ত ফুলের সৌন্দর্য নিমিষেই হূদয়কে আলোড়িত করে। পৃথিবীতে এমন কিছু পুষ্পশোভিত জায়গা আছে, যার টানে সৌন্দর্যপিপাসু মানুষ ছুটে যায় নিজের নয়ন ও আত্মার পরিতৃপ্তি সাধনের জন্য। তেমনি এক নৈসর্গিক সৌন্দর্যের স্থান হলো লন্ডন। ঋতুরাজ বসন্তে সেখানকার বিচিত্র ফুলের রং, রূপ ও সৌন্দর্য যেকোনো মানুষকে মুগ্ধ করে। ফুলের ধর্মই হলো আপন মাধুরী দিয়ে অন্যের হূদয়কে সুশোভিত করা। ক. ‘জীবনের সঞ্জীবনী’ অর্থ কী?খ. ইংল্যান্ডের রিজেন্ট পার্কের বর্ণনা দাও।গ. মানব জীবনকে কীভাবে ফুলের আদর্শে গঠন করা যায় তার স্বরূপ বর্ণনা করো।ঘ. ঋতুরাজ বসন্তে ইংল্যান্ডের বর্ণিল ফুলের সমাহারকে ‘ফুলের মেলা’ নামকরণের যথার্থতা নিরূপণ করো।উত্তর: ক. মৃত্যুর ভেতর থেকে যা জীবনের বার্তা বয়ে নিয়ে আসে তাকেই বলে জীবনের সঞ্জীবনী। উত্তর: খ. শিল্পসৌন্দর্যের দিক দিয়ে পৃথিবীতে অনিন্দ্যসুন্দর একটি সৃষ্টি হলো ইংল্যান্ডের রিজেন্ট পার্ক। বিশেষ করে এ পার্কের চিত্তাকর্ষক গোলাপ বাগানের খ্যাতি বিশ্বজোড়া। বাগানটি রানি মেরির নামের সঙ্গে জড়ানো। জুন-জুলাই এ মাস দুটি গোলাপের জন্য উপযুক্ত সময়। বর্ণিল গোলাপে সারা পার্ক ছেয়ে যায়। আধফোটা, সবফোটা গোলাপগুলো স্নানরত রূপবতী ললনার মতোই যেন স্নিগ্ধ ও কোমল হয়ে শোভা পায় পার্কের বিশাল চত্বরে। নানা রঙের এত গোলাপকে একসঙ্গে দেখে যেকোনো বেরসিক মানুষের মনেও প্রাণের সঞ্চার ঘটে। অপরিমেয় এসব ফুলের রং দেখে চোখে নেশা লাগে। পার্কের ভেতর-বাইরে এ সময় অসংখ্য নর-নারী ভিড় করে ফুলের শোভা দেখে মনকে প্রফুল্ল করার জন্য। এপ্রিল মাসে লাইলাক ফুলে ছেয়ে যায় সারা রিজেন্ট পার্ক। সে এক অভাবনীয় দৃশ্য। ইংল্যান্ডের রিজেন্ট পার্ক দেখলে যেকোনো রূপপিয়াসী মানুষই তার সুধা প্রাণভরে উপভোগ করে ধন্য হবে। উত্তর: গ. মানবজীবন ফুলের সঙ্গে তুলনীয়। ফুল যেমন সৌন্দর্যের উৎস, পবিত্রতার প্রতীক, তেমনি মানবজীবনকেও একটি ফুটন্ত ফুলের মতো সুন্দর ও পবিত্রময় করে তুলতে পারলে তা সার্থক হয়। সৌন্দর্যের প্রতীক এই ফুল অকাতরে তার রূপ, রস, গন্ধ ও স্পর্শ সবাইকে বিলিয়ে একসময় বৃন্তচ্যুত হয়। এতেই ফুলের সার্থকতা। মানুষও পৃথিবীতে জন্ম নেয় ক্ষণিকের জন্য। তারপর জীবনসায়াহ্নে পাড়ি জমায় অনন্তকালের পথে। জীবনের এই জন্ম-মৃত্যুর সঙ্গে ফুল ফোটা, বিকশিত হওয়া আর ঝরে যাওয়ার এক অদ্ভুত মিল লক্ষ করা যায়। ফুল শুধু তার ফোটার আনন্দেই ব্যাকুল। তার স্নিগ্ধতা ও নির্মল সুধা পান করে, আত্মার পরিতৃপ্তি সাধন করে সৌন্দর্য পিপাসু মানুষ। এভাবে একটা ফুল যেমন ফোটা থেকে শুরু করে ঝরে পড়া পর্যন্ত নিজের জীবনকে সম্পূর্ণ অন্যের সেবা দানে ব্যয় করে, তেমনি মানবজীবনও হওয়া উচিত পরহিতব্রত। শুধু নিজের ভোগবিলাস আর স্বার্থের মধ্যে নিজের কাজকে সীমাবদ্ধ রাখলে তা শুধু মানুষের সংকীর্ণতাকেই প্রকাশ করে। মানুষকে হতে হবে পরোপকারী। একজন মহৎ ও সাধু ব্যক্তির শারীরিকভাবে মৃত্যু ঘটলেও পৃথিবীতে তাঁর মহৎ কর্ম আর কীর্তি সুরভিত পুষ্পের মতোই সৌরভ ছড়িয়ে যায়। তাই জীবনকে ফুলের মতোই উদার ও সুন্দর করতে হবে। ফুল যেমন তার সুবাস ও সৌন্দর্য দানে নিজেকে সার্থক করে তোলে, তেমনি মানবজীবনকেও ফুলের মতোই উদারনীতি ও মহানুভবতার আদর্শে উদ্বুদ্ধ করতে হবে। উত্তর: ঘ. নামকরণ মূলত বিষয়বস্তুর অলংকারস্বরূপ। যেকোনো সাহিত্যকর্মের নামকরণ থেকেই শিল্পীর শিল্পসত্তার একটি আর্ট ফুটে ওঠে। সমগ্র রচনাটির মূল উদ্দেশ্য, অর্থ ও পরিণতি সার্থক হয়ে ওঠে নামকরণে। এখানে ‘ফুলের মেলা’ নামকরণটি করা হয়েছে মূলত ইংল্যান্ডের বিচিত্র ফুলের অপূর্ব সমন্বয়কে কেন্দ্র করে।‘মেলা’ বলতে আমরা বুঝি কোনো জিনিসের বিপুল সমারোহকে। ইংল্যান্ডে শীত-উত্তর মৃতপ্রায় গাছপালাতে প্রাণের সঞ্চার ঘটে। ঋতুরাজ বসন্ত নিয়ে আসে হরেক রকম ফুলের অপরূপ বিন্যাস। প্রতিটি শাখায় ফুটে ওঠে মন মাতানো রঙের অসংখ্য ফুল। তরুলতা এনে দেয় প্রাণসঞ্জীবনী প্রাচুর্য। লাইলাক, টিউলিপ, মেজব্লজম, চেস্টনাট, ডেইজি ইত্যাদি ফুলের মেলা বসে ইংল্যান্ডে। বসন্তের মন রাঙানো ফুলের মেলা বসে ইংল্যান্ডে। বসন্তের মন রাঙানো প্রকৃতির বুকে অজস্র ফুলের আধিক্য বোঝাতে লেখক এখানে ‘মেলা’ শব্দটি ব্যবহার করেছেন। সুতরাং বিষয়বস্তুর আঙ্গিকে দৃষ্টি দিলে সহজেই অনুমান করা যায় রচনাটির নাম ‘ফুলের মেলা’ যথার্থ হয়েছে। ফুলের এই শ্রেষ্ঠত্বকে লেখক ফুলের মেলা উপাধিতে ভূষিত করেছেন। তাই সবদিক দিয়েই বলা যায়, বিষয়বস্তুর সঙ্গে ফুলের মেলা নামকরণটি অত্যন্ত যুক্তিযুক্ত ও মানানসই হয়েছে। # জুনিয়র স্কুলসার্টিফিকেট পরীক্ষা: ইংরেজি ২য় পত্রের Adjective-এর ওপর মডেলটেস্ট ছাপা হবে আগামী শনিবার