স্মৃতিস্তম্ভপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ মহান ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত ‘স্মৃতিস্তম্ভ’ কবিতাটির সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। প্রশ্ন: গ. আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করো।উত্তর: গ. ভাষা একটি দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক ও বাহক। আর এই সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ভাষা হচ্ছে শক্তিশালী হাতিয়ার। মাতৃভাষার প্রচলন কোনো ভাষাগত বৈচিত্র্য বা বহু ভাষাভিত্তিক শিক্ষাকেই উৎসাহিত করবে না, তা ভাষাগত ও সাংস্কৃতিক ঐতিহ্যের উন্নয়ন ও অনুধাবনের ক্ষেত্রেও অবদান রাখবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য হলো, সব মাতৃভাষাকে বিকশিত হওয়ার সুযোগ দেওয়া। যথাযোগ্য মর্যাদা দেওয়া, বিলুপ্তির হাত থেকে রক্ষা করা, দুর্বল বলে কোনো ভাষার ওপর প্রভূত্ব আরোপের অপচেষ্টা না করা, ছোট-বড় সব ভাষার প্রতি সমান মর্যাদা প্রদর্শন। এ দিবসে প্রত্যেক ভাষাভাষী মানুষ নিজের মাতৃভাষাকে যেমন ভালোবাসবে, তেমনি অন্য জাতির মাতৃভাষাকেও মর্যাদা দেবে। এভাবে একুশকে চেতনায় ধারণ করে মাতৃভাষাকে ভালোবাসার প্রেরণা পাবে মানুষ। বাঙালি জাতি নিজের রক্ত দিয়ে সারা বিশ্বকে শিখিয়ে দিয়েছে ভাষাকে ভালোবাসার মন্ত্র। মাতৃভাষা দিবসের তাৎপর্য লুকিয়ে আছে দেশকে ভালোবাসা, দেশের মানুষকে, দেশের সংস্কৃতিকে ভালোবাসা, তার জীবনাচরণকে ভালোবাসা আর তার জন্য গর্ববোধ করার মধ্যে। এ দিবসের তাৎপর্য উল্লেখ করে বিশিষ্ট ভাষাবিজ্ঞানী হুমায়ুন আজাদ বলেছেন, ‘আমি মুগ্ধ, আমি প্রীত, আমাকে স্বীকৃতি দিয়েছে, আমার প্রাণের কথা আমার ভাষায় জানতে পারব বলে আমার হূদয় স্পন্দন বেড়েছে। সত্যিই গর্বিত আমি।’ দীর্ঘ ৪৭ বছর পর ইউনেসকোর স্বীকৃতিদানের মধ্য দিয়েই বাঙালির ভাষা আন্দোলন বিশেষ মহত্ত্ব লাভ করেছে। এই দিবসের তাৎপর্যকে সমুন্নত রাখতে মাতৃভাষা বাংলাকে হূদয়ে লালন করতে হবে। শুধু উৎকট স্বাদেশিকতা প্রদর্শন নয়, বরং প্রকৃতভাবে এ ভাষাকে ভালোবেসে এর প্রচার করতে হবে। সেই সঙ্গে বিশ্বের তাবৎ ভাষার প্রতিও আমাদের শ্রদ্ধাশীল থাকতে হবে। তাহলেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রকৃত মূল্যায়ন সম্ভব হবে। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল