স্মৃতিস্তম্ভপ্রিয় শিক্ষার্থী, গতকালের পর আজ মহান ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত ‘স্মৃতিস্তম্ভ’ কবিতা থেকে সৃজনশীল পদ্ধতির নমুনা প্রশ্নোত্তরটির শেষ অংশ আলোচনা করব। প্রশ্ন: ঘ. ভাষাশহীদদের স্মৃতি চির অম্লান থাকবে বলে কবি যে প্রত্যয় ব্যক্ত করেছেন, তা বিশ্লেষণ করো।উত্তর: ঘ. প্রখ্যাত কবি ও সাহিত্যিক আলাউদ্দীন আল আজাদ রচিত ‘স্মৃতিস্তম্ভ’ কবিতাটি বায়ান্নর ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত। কবিতাটি মূলত ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির উদ্দেশে নিবেদিত হয়েছে। পৃথিবীতে যুগে যুগে মানুষ তাদের স্মৃতিকেই হূদয়ে অম্লান করে রাখে, যাঁরা দেশ ও দশের জন্য আত্মদান করেছেন। এ দেশের যেকোনো আন্দোলনে যেসব বাঙালি বীরসেনা হাসিমুখে নিজেদের উৎসর্গ করেছেন, তাঁদের প্রতি প্রত্যেক বাঙালি অত্যন্ত সংবেদনশীল। বায়ান্নর ভাষা আন্দোলন বাঙালি জাতির জন্য একটি গৌরবময় অধ্যায়। তৎকালে পাকিস্তানি স্বৈরশাসক চেয়েছিল উর্দুকে রাষ্ট্রভাষা করতে। কিন্তু এ দেশের আপামর জনতা সে দাবি মেনে নেয়নি। মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষায় মর্যাদা দেওয়ার জন্য তাঁরা নির্ভয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন পরাশক্তির বিরুদ্ধে। রক্তে রঞ্জিত হয়েছিল বাংলার রাজপথ। সালাম, রফিক, জব্বার, বরকতসহ অনেক ছাত্র-জনতা বুকের রক্তে রঞ্জিত করেছিল বাংলার মাটি। ভাষার জন্য এ আত্মদান পৃথিবীতে বিরল। তাই তো কবি এসব তরুণ সেনাকে বলেছেন মহানায়ক। প্রতিবছর ভাষা আন্দোলনের বেদনাবিধুর স্মৃতি ও সংগ্রামী চেতনার অমিয় ধারা বহন করে একুশে ফেব্রুয়ারি আমাদের কাছে ফিরে আসে। তাঁদের জন্য বাঙালি হূদয়ে যে স্মৃতির মিনার তৈরি হয়েছে, তা কোনো কালের কোনো মহাশক্তিই ভাঙতে পারবে না। ক্ষণস্থায়ী ইটের মিনারকে ভেঙে ফেললেও হূদয়ের বেদিমূলে এসব ভাষাশহীদ থাকবেন অমর ও চিরঞ্জীব হয়ে। তাঁদের নাম গর্জে ওঠে সমুদ্রের কলতানে, সেতার আর বেহালার সুরে, ঋতুচক্রের নানা বৈচিত্র্যে, ফুলের শোভা আর পাখির গানে। তাঁরা আমাদের গর্ব ও অহংকার। বাঙালি জাতি আজ একতাবদ্ধ হয়ে এক পতাকার তলে সমবেত হয়েছে শুধু এসব বীরসেনার আত্মত্যাগের ফলে। এ দেশের মানুষের মনে নতুন সাহস ও শক্তি সঞ্চয় করতে এটাই অনুপ্রেরণা জুগিয়েছে। তাই তো বিচ্ছেদের বদলে তাঁদের জন্য মানুষের হূদয়ে তৈরি হয়েছে স্মৃতির মিনার। ভাষাশহীদেরা প্রত্যেক বাঙালির অন্তরে চিরস্মরণীয়, বরণীয়। লাল পলাশের মতো স্মৃতিময় শহীদদের নাম চিরজাগরূক থাকবে বাঙালির রক্তিম হূদয়ে। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল