জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা: বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মৃতিস্তম্ভপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর ‘স্মৃতিস্তম্ভ’ কবিতাটির সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর দুটি অংশ নিয়ে আলোচনা করব।প্রশ্ন: গ. ১৯৫২-র ভাষা আন্দোলনই পরবর্তী সময়ে স্বাধীনতা আন্দোলনের গতিকে বেগবান করেছিল- কথাটি ব্যাখ্যা করো। উত্তর: গ. ’৫২-এর ভাষা আন্দোলনের মধ্য দিয়েই বাঙালি জাতির স্বাধিকার আদায়ের চেতনা জাগ্রত হয়। এই আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতির মধ্যে যে চেতনার উন্মেষ ঘটে, তার চরম বিস্ফোরণ ঘটে ঊনসত্তর থেকে একাত্তরে। একুশে ফেব্রুয়ারির তাৎপর্য শুধু শহীদ দিবস পালনের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, তা বাঙালি জাতীয় জীবনের সর্বত্রই প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। বাংলাদেশের সব আন্দোলনের মূল চেতনা একুশে ফেব্রুয়ারি। তখন থেকেই বাঙালি উপলব্ধি করেছিল তার বাঙালি জাতীয়তাবোধ, তার সংস্কৃতির মর্ম। এই সংগ্রামী চেতনাই বাংলার সাংস্কৃতিক আন্দোলন ও রাজনৈতিক আন্দোলন—এই দুই ধারাকে একসূত্রে গ্রথিত করে মুক্তিসংগ্রামের মোহনায় এনে দিয়েছে। আর এর পরিপ্রেক্ষিতে ১৯৭১ সালে স্বাধীনতা আন্দোলনে সমগ্র বাঙালি ঐক্যবদ্ধভাবে আন্দোলিত হয়েছিল। ভাষা আন্দোলনের মধ্য দিয়েই বাঙালি জাতি ২৪ বছরের পাকিস্তানি ঔপনিবেশিক স্বৈরশাসনের গ্লানি থেকে মুক্তির পথ খুঁজে পেয়েছিল। সেই সূচনা শুধু বাংলাদেশের মানুষেরই নয়, বিশ্বের প্রতিটি স্বাধীনতাকামী মানুষের জন্য এটি একটি মাইলফলক হিসেবে কাজ করেছে। লাখ লাখ মানুষ জীবন দিয়ে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে ও সম্ভ্রম বিলিয়ে এ দেশের শ্যামল মাটিতে স্বাধীনতার লাল-সবুজ পতাকাকে উড্ডীন করতে সক্ষম হয়েছে। তাদের এই কর্মশক্তির মূল প্রেরণা ছিল ’৫২-এর ভাষা আন্দোলনে অভূতপূর্ব সাফল্য। তাই একুশের চেতনা আমাদের জাতীয় জীবনের আত্মত্যাগের বীজমন্ত্র। তাই তো ’৫২-এর ২১ ফেব্রুয়ারি জাতীয় জীবনের এক অবিনাশী চেতনা হয়ে জ্বল জ্বল করছে প্রতিটি বাঙালির হূদয়ের গভীরে।প্রশ্ন: ঘ. ‘স্মৃতিস্তম্ভ’ বলতে কবি কী বোঝাতে চেয়েছেন, তা বিশ্লেষণ করো।উত্তর: ঘ. সাহিত্যিক আলাউদ্দীন আল আজাদ রচিত ‘স্মৃতিস্তম্ভ’ কবিতাটি ’৫২-এর ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত। ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির উদ্দেশে মূলত কবিতাটি নিবেদিত হয়েছে। বাঙালির জাতীয় জীবনের এক গৌরবোজ্জ্বল অধ্যায় জুড়ে রয়েছে মহান একুশে ফেব্রুয়ারি। ভাষার দাবিতে সে দিন বাংলা মায়ের দুর্জয় সন্তানেরা বুকের রক্তে পিচ ঢালা কালো রাস্তাকে রঞ্জিত করে যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা বিশ্বের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। প্রতি বছর ভাষা আন্দোলনের বেদনাবিধুর স্মৃতি ও সংগ্রামী চেতনার অমিয় ধারাকে বহন করে একুশে ফেব্রুয়ারি আমাদের মাঝে ফিরে আসে। এই ভাষা আন্দোলন একদিকে যেমন বেদনার, অন্য দিকে তেমনি আনন্দের। কেননা বাঙালি জনতা পাকিস্তানি শাসকগোষ্ঠীর ষড়যন্ত্রের জাল ছিন্ন করতে পেরেছিল এই আন্দোলনের মাধ্যমে। তৎকালে পাকিস্তানি স্বৈরাচারী শাসক ঢাকায় এসে ১৪৪ ধারা জারি করে যখন সব রকম মিটিং-মিছিল ও সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে তখন সঙ্গে সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেই ধারা ভঙ্গ করে মিছিল বের করেন। সঙ্গে সঙ্গে পুলিশ মিছিলে নির্বিচারে গুলি চালায়। এতে সালাম, বরকত, রফিক ও জব্বারসহ আরও অনেকে শহীদ হন। এ হত্যাযজ্ঞ ও দমননীতির ফলে আন্দোলন আরও বেগবান হয়। পূর্ববাংলার চার কোটি বাঙালি সে দিন এসব শহীদদের প্রতি হূদয়ের সবটুকু ভালোবাসা আর আবেগ ছড়িয়ে তাদের স্মৃতিকে অম্লান করে রাখার জন্য তাৎক্ষণিকভাবে কয়েকটি ইট এনে নির্মাণ করেন শহীদ মিনার। কবি এটিকে মূলত ‘স্মৃতিস্তম্ভ’ বলে অভিহিত করেছেন। অমর একুশে তাই আমাদের জাতীয় জীবনে গভীর বেদনাবিজড়িত এক গৌরবগাথা। একুশের চেতনা ও জাতীয় জীবন একসূত্রে গ্রথিত হয়ে প্রতিটি বাঙালির মর্মমূলে তা উজ্জীবিত হয়ে আছে।ইটের তৈরি মিনারকে সহজে ভাঙা গেলেও বীর ভাষাশহীদদের জন্য বাঙালির হূদয়ে নির্মিত স্মৃতিফলকটি যুগ যুগ ধরে সগৌরবে দাঁড়িয়ে আছে। কোনো মহাশক্তিই তা কখনো ভাঙতে পারেনি, আর পারবেও না।