ফুলের মেলাপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ‘ফুলের মেলা’ প্রবন্ধ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও।মানুষ স্বভাবতই সৌন্দর্যের পূজারী। ফুটন্ত ফুলের সৌন্দর্য নিমেষেই হূদয়কে আলোড়িত করে। পৃথিবীতে এমন কিছু পুষ্পশোভিত জায়গা আছে, যার টানে সৌন্দর্যপিপাসু মানুষ ছুটে যায় নিজের নয়ন ও আত্মার পরিতৃপ্তি সাধনের জন্য। তেমনই এক নৈসর্গিক সৌন্দর্যের স্থান হলো লন্ডন। ঋতুরাজ বসন্তে সেখানকার বিচিত্র ফুলের রং, রূপ ও সৌন্দর্য যেকোনো মানুষকে মুগ্ধ করে।প্রশ্ন: ক. ফুলের মেলা প্রবন্ধটির উৎস কী? প্রশ্ন: খ. কবি এলিয়টের প্রিয় ফুল কোনটি? এ ফুলের বৈশিষ্ট্য লেখো। উত্তর: ক. প্রখ্যাত ভাষাবিদ ও ধ্বনিবিজ্ঞানী মুহম্মদ আব্দুল হাই বিরচিত ভ্রমণকাহিনি বিলাতে সাড়ে সাতশ দিন থেকে সংকলিত হয়েছে ‘ফুলের মেলা’ শীর্ষক প্রবন্ধটি।উত্তর: খ. বসন্তের আগমনী-সংকেত আসার সঙ্গে সঙ্গেই ইংল্যান্ডে প্রকৃতির রূপরাজ্যে বিরাজ করে বৈচিত্র্যময় ফুলের অপরূপ শোভা। চারদিকে মনে হয় যেন সুন্দরের আগুন লেগেছে। বসন্তের অসংখ্য ফুলের মধ্যে একটি অনিন্দ্যসুন্দর ফুল হলো লাইলাক। ইংরেজি সাহিত্যের বিখ্যাত কবি এলিয়ট ছিলেন লাইলাক ফুলের অনুরাগী। তিনি লাইলাককে প্রচণ্ড ভালোবাসতেন। এপ্রিল মাস শেষ না হতেই বেগুনি আর আসমানি রঙের মন পাগল করা লাইলাক ফুলে ছেয়ে যায় ইংল্যান্ডের বিখ্যাত রিজেন্ট পার্ক। মৃত্যুর ভেতর দিয়ে জীবনের বার্তা বয়ে নিয়ে আসে বলে লাইলাক ফুলকে কবি এত বেশি পছন্দ করতেন এবং একে জীবনের সঞ্জীবনী বলে মনে করতেন। লাইলাক ফুলের অপূর্ব রূপ যেকোনো নিরস মানুষকেও বিমোহিত করে তোলে। লাইলাকের সুবাসিত গন্ধে মানুষের মন উতলা হয়। ইংল্যান্ডে বসন্ত ঋতুর অন্য যেকোনো ফুলের চেয়ে লাইলাক ফুলকেই বলা যায় সুগন্ধীযুক্ত। প্রকৃতিকে নয়নাভিরাম করা এবং মানুষের মনে আনন্দদান করাই লাইলাকের বৈশিষ্ট্য। তাই তো রূপমুগ্ধ কবি এলিয়টের কাছে লাইলাকের সৌন্দর্যকে এত দৃষ্টিনন্দন মনে হয়েছে। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল