জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা: বাংলা ১ম পত্র ও ইংরেজি ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রূপকথার সেই আশ্চর্য প্রদীপপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘রূপকথার সেই আশ্চর্য প্রদীপ’ প্রবন্ধ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। সৃষ্টির আদিম প্রভাতে আকাশে বিদ্যুতের ঝলকানি দেখে, অসহায় ভয়ার্ত মানুষ তাকে কোনো অলক্ষিত শক্তি ভেবে অরণ্য অথবা গুহায় নিরাপদ আশ্রয়ে আত্মগোপন করেছিল। আধুনিক বিজ্ঞানের অভাবিত আবিষ্কারের বলে, মানুষ আজ হাতে পেয়েছে রূপকথার সেই আশ্চর্য প্রদীপ—যাকে দুর্ধর্ষ দৈত্যের মতোই বশীভূত করে মানুষ তাকে নিয়োজিত করেছে সভ্যতার সার্বিক বিকাশে।ক. ‘রূপকথার আশ্চর্য প্রদীপ’ বলতে কী বোঝানো হয়েছে?খ. কীভাবে এডিসনের সাংবাদিকতার ইতি ঘটে? গ. ‘মানুষ যেন হাতে পেল রূপকথার সেই আশ্চর্য প্রদীপ’—কথাটি ব্যাখ্যা করো। ঘ. সভ্যতার সার্বিক বিকাশে বিদ্যুৎশক্তির অবদান কতটুকু, তা তোমার পঠিত প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো।উত্তর: ক. বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কার বিদ্যুৎশক্তিকেই বলা হয়েছে রূপকথার আশ্চর্য প্রদীপ।উত্তর: খ. আধুনিক প্রযুক্তি বিজ্ঞানের অন্যতম আবিষ্কারক টমাস আলভা এডিসন বিদ্যুৎশক্তিকে মানুষের দৈনন্দিন কাজে ব্যবহারের উপযোগী করার পথিকৃৎ হিসেবে সমাদৃত। ছেলেবেলা থেকেই তিনি ছিলেন সংগ্রামী। প্রথম জীবনে তিনি ট্রেনে খবরের কাগজ বিক্রি করতেন। এর কিছুদিন পর তিনি কৌতূহলবশত রেল কোম্পানির অনুমতি নিয়ে ট্রেনের মালগাড়িত হাতে চালানো প্রেসের সাহায্যে একটি সংবাদপত্র প্রকাশ করেন, যার নাম গ্রান্ডট্রাঙ্ক হেরাল্ড। তিনি নিজেই ছিলেন পত্রিকাটির মুদ্রক, প্রকাশক, কম্পোজিটর, সম্পাদক, রিপোর্টার ও বিক্রেতা। এ ছাড়া ট্রেনের ওই মালগাড়িতে অবসর সময়ে তিনি তাঁর রাসায়নিক পরীক্ষাও চালাতেন। একবার ট্রেনের মেঝেতে কিছু ফসফরাস পড়ে গিয়ে ট্রেনটিতে আগুন ধরে যায়। ট্রেনের চালক তখন গাড়ি থামিয়ে আগুন নিভিয়ে ফেলেন ঠিকই, তবে ঘটে যায় বিরাট বিপত্তি। এডিসনের সমস্ত রাসায়নিক দ্রব্য এবং ছাপার মেশিন ট্রেনের চালক ছুড়ে ফেলে দেন। এতে করে এডিসনের জীবনে সাংবাদিকতার অবসান ঘটে।উত্তর: গ. বিজ্ঞানের অসাধারণ সাফল্য হলো বিদ্যুৎশক্তির আবিষ্কার। আর এই বিদ্যুৎশক্তির বলে মানুষ যুগান্তরের সিঁড়ি বেয়ে ক্রমেই এগিয়ে চলেছে সভ্যতার নিত্যনতুন প্রযুক্তির অট্টালিকায়। বিদ্যুৎশক্তির বিরাট সম্ভাবনার দ্বার যেদিন বিজ্ঞানীদের সামনে উন্মোচিত হলো, সেদিন থেকেই মানবসভ্যতার ইতিহাসে একটি নতুন যুগের সূচনা হলো। মানুষের হাতে ধরা দিল বিদ্যুতের সম্মোহনী ক্ষমতা। এই আশ্চর্য প্রদীপের প্রতীক্ষায় অসংখ্য বিজ্ঞানী নিরন্তর প্রচেষ্টা চালিয়ে গেছেন প্রতিনিয়ত। অবশেষে জয়ী হলেন সেসব সন্ধানী মানুষ। তাঁদের সাধনার ফসল একদিন মানুষের হাতে জাদুকরী বিদ্যারূপে প্রতিষ্ঠিত হলো। আঁধার ঘেরা চলার পথ বিদ্যুতের আলোয় ঝলসে উঠল। বিদ্যুৎ মানুষের জীবনকে করেছে নির্বিঘ্ন, স্বাচ্ছন্দ্যময়, আজকের প্রেক্ষাপটে মানুষ সবচেয়ে বিদ্যুতের ওপর বেশি নির্ভরশীল। মানুষের দৈনন্দিন আরাম-আয়েশ থেকে শুরু করে অফিস-আদালত, কল-কারখানা, যোগাযোগব্যবস্থা এমনকি মহাকাশ পর্যন্ত পৌঁছে গেছে বিদ্যুৎশক্তির অসীম ক্ষমতা। বিশ্বব্যাপী যন্ত্রসভ্যতার প্রসার লাভ করেছে বিদ্যুৎশক্তির ফলে। কোনো কাজকে মুহূর্তের মধ্যে নিষ্পন্ন করার এ যেন এক জাদুবিদ্যা। এই নিগূঢ় রহস্যে ঘেরা বিদ্যুৎশক্তিকে মানবসভ্যতার ইতিহাসে রূপকথার আশ্চর্য প্রদীপের মতোই চমকপ্রদ মনে হয়। তাই তো বলা যায়, ‘মানুষ যেন হাতে পেল রূপকথার সেই আশ্চর্য প্রদীপ’।বিদ্যুৎ ছাড়া আধুনিক সভ্যতা অচল। মানুষ নিজের স্বল্প ক্ষমতাকে বিদ্যুতের অসীম ক্ষমতার সঙ্গে প্রয়োগ করে ক্রমেই এগিয়ে চলেছে উন্নততর সমৃদ্ধির দিকে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল