রবীন্দ্রনাথের কথাপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘রবীন্দ্রনাথের কথা’ প্রবন্ধ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। সমাজে একশ্রেণীর মানুষ আছেন, যাঁরা বিত্তবলে সব সময় সমাজের উচ্চ আসনটি দখল করে থাকে। অপর দিকে অন্য একশ্রেণীর মানুষ আছেন, যাঁরা তাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে ওসব উচ্চবিত্ত শ্রেণীর দৈনন্দিন জীবনের চাহিদা মেটানোর কাজে সদা তৎপর। অথচ এরাই সমাজের কাছে অপাঙেক্তয়। মনুষ্যত্বের এই অপমানকে রবীন্দ্রনাথ ঠাকুর চেয়েছিলেন সমূলে বিনাশ করতে। মৃত্যুর আগে তিনি আশাবাদ ব্যক্ত করেন এই ভেবে যে একদিন হয়তো এই কলুষিত পৃথিবী আলোর মুখ দেখবে। সেদিন সূচনা হবে এক নতুন পৃথিবীর।ক. কোন বিষয়টি সারা জীবন ধরে রবীন্দ্রনাথের মর্মে আঘাত হেনেছে।খ. চিরকালের মানুষ বলতে কী বোঝানো হয়েছে।গ. সমাজের সাধারণ মানুষের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত বলে তুমি মনে করো, তা ব্যাখ্যা করো।ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর চেয়েছিলেন মনুষ্যত্বের অপমানকে সমূলে বিনাশ করতে—‘রবীন্দ্রনাথের কথা’ প্রবন্ধের আলোকে তা মূল্যায়ন করো।উত্তর: ক. যে বিষয়টি সারা জীবন ধরে রবীন্দ্রনাথের মনকে পীড়িত করেছে তা হলো মনুষ্যত্বের অপমান। এটাকে তিনি মোটেও সহ্য করতে পারেননি।উত্তর: খ. আমাদের চারপাশের সাধারণ যেসব মানুষ দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তারাই হলো চিরকালের মানুষ। এসব মানুষ আমৃত্যু লড়াই করে চলেছে জীবন-সংগ্রামে। তাঁদের উদয়াস্ত পরিশ্রমের ফসলই ভোগ করছে সমাজের উচ্চবিত্ত শ্রেণী। অথচ এসব সাধারণ মানুষই থেকে যায় লোকচক্ষুর অন্তরালে। নিজের উপলব্ধি আর মানবিক সত্তার বিকাশ ঘটিয়েই শুধু তাদের আবিষ্কার করা যায়। এরা নীরবে নিভৃতে সবাইকে সেবাদান করে যাচ্ছে, অথচ তারাই বঞ্চিত, উপেক্ষিত, অবহেলিত। রবীন্দ্রনাথ শৈশবের গণ্ডিবদ্ধ ঠাকুর পরিবারের বাঁধাধরা আবেষ্টনীর বাইরে প্রথম যেদিন এই মানুষগুলোকে আবিষ্কার করলেন, সেদিন থেকে এক নতুন পৃথিবী তাঁর সামনে উন্মোচিত হলো।উত্তর: গ. মানবতার প্রথম সোপান হলো সাধারণ মানুষকে ভালোবাসা। তাদের সুখ-দুঃখ, আনন্দ-বেদনার সঙ্গে নিজেকে একাত্ম করা। সবার সঙ্গে মিলেমিশে জীবন ধারণ এবং একে অপরের পাশে এসে দাঁড়ানোর মধ্যেই জীবনের যথার্থ সার্থকতা নিহিত। সমাজের অসহায়, সর্বহারা, হতাশাগ্রস্ত মানুষগুলোকে প্রাণবন্ত করে তোলাই মানুষের ধর্ম। শুধু আত্মস্বার্থে মগ্ন থাকলে অন্যকে সুখী করা যায় না। আমাদের চারপাশে যেসব দরিদ্র-নিপীড়িত মানুষ না খেয়ে আছে, তাদের মুখে অন্ন জোগানোই সমাজের উচ্চবিত্ত শ্রেণীর প্রধান দায়িত্ব। স্বার্থমগ্নতা মনুষ্যত্বের পরিপন্থী। মানব ধর্মের অবমাননাকারী এসব ব্যক্তি পৃথিবীর জঞ্জাল। মানুষ যদি মানুষের উপকারেই না আসে, তার শ্রেষ্ঠত্বের মূল্য নেই। একজন গরিব বলে তাকে পায়ের নিচে বসিয়ে রাখা, তাকে অপদস্থ করা—এগুলো খুবই গর্হিত কাজ। মানুষ হিসেবে প্রত্যেকেরই একটি সৎ ও মহৎ হূদয়বৃত্তি থাকা উচিত, যাতে করে সে তার বিবেক-বিবেচনা ও উপলব্ধি জ্ঞান দিয়ে অন্যকে সেবাদান করতে পারে। যে মানুষ আপনার আত্মার মধ্যে অন্যের আত্মাকে ও অন্যের আত্মার মধ্যে আপনার আত্মাকে জানে, সে-ই সত্যকে জানতে পারে। তাই বিপন্নকে সেবাদান, অনাহারিকে অন্নদান এবং অসহায়কে সাহায্য করে মানব জীবনের প্রকৃত মূল্যায়ন করাই মানবধর্ম। উত্তর: ঘ. প্রখ্যাত শিক্ষাবিদ ও গবেষক আনিসুজ্জামান রচিত ‘রবীন্দ্রনাথের কথা’ প্রবন্ধটিতে স্থান পেয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও কর্মের এক মহৎ দিকনির্দেশনা।বাংলা সাহিত্যাঙ্গনের প্রবাদপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন জ্ঞানে, গুণে, চিন্তা ও মননশীলতায় এক অনন্য বৈশিষ্ট্যের অধিকারী। একদিকে শৈশবের শাসন-বাঁধন, অন্যদিকে মুক্ত জীবনের প্রতি মমতা তাঁকে সাহিত্যের প্রতি আকৃষ্ট করেছে। তিনি ছিলেন মনুষ্যত্বের সাধক। সাহিত্যে তিনি প্রকৃতি আর সাধারণ মানুষের কথাই বারবার টেনে এনেছেন। সুন্দরের আরাধনা করতে গিয়ে তিনি কখনো মানবতাকে বিসর্জন দেননি। সবার ওপরে তিনি স্থান দিয়েছেন মনুষ্যত্বকে। আজীবন তিনি বঞ্চিত, অবহেলিত মানুষকে বুকে টেনে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করেছেন। কৃষক-শ্রমিক, জেলে-মুটে, কামার-কুমার, সমাজের নিম্নবিত্ত এসব মানুষকে তিনি কাছে টানতে চেয়েছেন তাঁর লেখনীর ভাষা দিয়ে। গ্রামের আটপৌরে জীবনগাঁথা লিখতেই তিনি স্বাচ্ছন্দ্য বোধ করতেন। জগৎ সংসারে মানুষে মানুষে বিশাল ব্যবধান দেখে তিনি হতাশ হয়েছেন। তবুও জীবনের শেষলগ্নে এসে তিনি আশা প্রকাশ করেন এই ভেবে যে একদিন হয়তো মানুষের জীবন থেকে দূর হবে দারিদ্র্য, রোগ-শোক, অশিক্ষা, হতাশা। রবীন্দ্রনাথ তাঁর মহৎ চিন্তার বেদিমূলে বসিয়েছিলেন সাধারণ মানুষের স্বীকৃতি। তিনি চাইতেন এ পৃথিবীতে মানুষ হিসেবে সবাই সমান কাতারে স্থান পাক। মনুষ্যত্বের অপমানকে সমূলে বিনাশ করার জন্য সারা জীবন তিনি তাঁর লেখনীর ভাষায় প্রতিবাদ করে গেছেন। খণ্ডকালের হয়েও রবীন্দ্রনাথ চিরকালের। চিন্তা, চেতনা, ধ্যান ও কর্মে তিনি ছিলেন এক বিদগ্ধ ভাবাদর্শের অধিকারী এবং মনুষ্যত্বের পূজারি।