পণ্ডশ্রমপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘পণ্ডশ্রম’ কবিতা থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য কবিতাটির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। লিটন অন্যের কথায় প্ররোচিত হয়ে বন্ধু রাজিবের প্রতি ভুল ধারণা পোষণ করল। এর পর থেকে সে রাজিবকে এড়িয়ে চলতে লাগল। এমনকি ক্লাসে তার সঙ্গে কথা বলাও বন্ধ করে দিল। এভাবে কিছুদিন যাওয়ার পর তাদেরই অন্য এক সহপাঠী মহিমের কাছ থেকে লিটন জানতে পারল আসল সত্যটি। তখন তীব্র অনুশোচনায় লিটন নিজের মনকেই ধিক্কার দিল এবং অহেতুক অন্যের কানকথা বিশ্বাস করার জন্য নিজের কাছে চরম অপরাধী মনে হলো তার।ক. ‘মুখের পাড়া’ বলতে কী বোঝানো হয়েছে? খ. ছোট্ট ছেলেটি সকলকে কী বলল? গ. লিটন কেন নিজের কাছে অপরাধবোধে ভুগছিল, উদ্দীপকের আলোকে তার কারণ ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকের মূলভাবটুকু ‘পণ্ডশ্রম’ কবিতার আলোকে মূল্যায়ন করো। উত্তর: ক. ‘মুখের পাড়া’ বলতে বোঝানো হয়েছে চোখ, কান, নাকসহ মুখমণ্ডল ও আশপাশের জায়গাকে।উত্তর: খ. চিলে কান নিয়েছে—এমন একটি অবিশ্বাস্য গুজব যখন সবাই বিশ্বাস করল, তখন নিজেদের মধ্যে চিলকে ধরার একটা মহা তোড়জোড় শুরু হয়ে গেল। চিলকে খোঁজার জন্য খাল-বিল, মাঠ-ঘাট, আকাশ-পাতাল একাকার করে তোলেন। তাদের ধারণা, পাজি চিলটাকে না ধরতে পারলে নিজেদের মান-ইজ্জত সবকিছু নষ্ট তো হবেই এবং মুখমণ্ডলের সৌন্দর্য বিনষ্ট হবে। তাই যেভাবেই হোক, আকাশে বিচরণকারী চিলকে নামাতেই হবে। এ জন্য ঢিল পর্যন্ত ছোড়া হলো। এভাবে চিলের প্রতি প্রতিশোধপরায়ণ হয়ে যখন হন্যে হয়ে সবাই চিলকে খুঁজে বেড়াচ্ছে, তখন হঠাৎ করে সবাইকে হতবাক করে দিয়ে একটি ছোট্ট ছেলে বলে উঠল, কান আসলে কানের জায়গাতেই আছে। অনর্থক সবাই মিছেমিছি কানের খোঁজে চিলের পেছনে ঘুরছে এবং বৃথা সময় নষ্ট করছে। এ কথা শোনা মাত্র সকলেরই চৈতন্যোদয় ঘটল। কারণ তারা এতক্ষণ অন্যের কথায় প্ররোচিত হয়ে নিজেদের কানে হাত দিয়ে না দেখেই অকারণে গলদঘর্ম হয়েছে।উত্তর: গ. অনুচ্ছেদটির মধ্যে বাঙালি সমাজের অন্ধ অনুকরণপ্রিয়তা ও গুজবে কান দেওয়ার অভ্যাসের একটি চিত্র ফুটে উঠেছে। নিজের বিচার-বুদ্ধি না খাটিয়ে, অন্যের কথায় কান দিয়ে অযথা বাড়াবাড়ি করলে আপন ব্যক্তিত্বকেই খাটো করা হয় এবং লজ্জাস্কর পরিস্থিতির শিকার হতে হয়। উদ্দীপকে লিটন তার নিজস্ব বিচার-বিবেচনাহীন কাজের জন্য অনুতপ্ত হয়েছিল। কারণ অন্যের বানোয়াট কথায় বিশ্বাস করে সে তার বন্ধুকে ভুল বুঝেছিল। বন্ধুর সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক থাকা সত্ত্বেও তাকে সে বিশ্বাস করতে পারেনি। নিজের আত্মবিশ্বাসের অভাব থাকার জন্যই লিটন রাজিবের প্রতি মনঃক্ষুণ্ন হয়েছে। ক্লাসে তার সঙ্গে কথা বলেনি, তাকে সব সময় এড়িয়ে চলেছে এমনকি ক্লাসে সে তার পাশেও বসত না। সম্পূর্ণ অন্যের কানকথা বিশ্বাস করে লিটন তার বন্ধুর সঙ্গে এমন অসদ্ব্যবহার করেছে। কিন্তু কিছুদিন পরে যখন লিটন বুঝতে পারল আসলে রাজিব সম্পর্কে তার ধারণা সম্পূর্ণ ভুল, তখনই তার বোধোদয় ঘটল। নিজের কাছে অত্যন্ত অপরাধী মনে হলো তার। তীব্র অনুশোচনায় তার মনটা ভেঙে পড়ল। সে উপলব্ধি করল, তার চিরচেনা বন্ধুর সঙ্গে এরূপ আচরণ করাটা মোটেও উচিত হয়নি। তাকে ভুল বোঝার আগে অন্তত সত্যটুকু যাচাই করা উচিত ছিল। এভাবে অকারণে অহেতুক অন্যের প্রতি ভুল ধারণার আগে নিজের বিবেক ও বিচারশক্তিকে কাজে লাগানো উচিত, যেটা লিটন করেনি। সে জন্যই নিজের বোকামির কথা ভেবে লিটন অপরাধবোধে ভুগছিল। স্বকীয়তা, সচেতনতাবোধ ও বিচারশক্তি কাজে লাগিয়ে পথ চললে যেকোনো অহেতুক বিড়ম্বনা থেকে নিজেকে রক্ষা করা যায়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল