ভাবসম্প্রসারণ অংশ-২প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ২য় পত্রের ভাবসম্প্রসারণ করার নিয়ম ও ভাবসম্প্রসারণ আলোচনা করব।চরিত্র মানবজীবনের মুকুটস্বরূপভাবসম্প্রসারণ: চরিত্র মানবজীবনের অমূল্য সম্পদ। মানুষ ধনসম্পদ, অর্থবিত্ত পরিশ্রমের দ্বারা, বুদ্ধি ও অধ্যবসায়ের দ্বারা একটু কষ্ট হলেও অর্জন করতে পারে। কিন্তু মানবচরিত্রের মহৎ গুণাবলির অধিকারী হতে হলে মানুষকে করতে হয় কঠিন পরিশ্রম ও সাধনা। ধন-সম্পদের দ্বারা একজন মানুষ ধনী হতে পারে, তবে ধনী বা সম্পদশালী ব্যক্তিমাত্রই মানুষের শ্রদ্ধা অর্জন করতে পারে না। চরিত্র মানুষকে যেমন শ্রদ্ধার আসনে নিয়ে যায়, তেমনি মানবজীবনের শ্রেষ্ঠ আসনের গৌরবে দীপ্ত করে। মহৎ মানুষের চরিত্র এক কঠিন বর্মের মতো। কোনো কলুষতা, অন্যায়, অকল্যাণ চরিত্রবান মানুষকে স্পর্শ করতে পারে না। চরিত্র মানুষকে দেয় মানসিক বল, দেয় নীতির ঐশ্বর্য। এই বল ও ঐশ্বর্য রাজমুকুটের চেয়ে কম মূল্যবান নয়। পৃথিবীতে আবির্ভূত মহাপুরুষদের জীবনের দিকে তাকালে আমরা দেখতে পাই, তাঁরা কেউ ঐশ্বর্যশালী ছিলেন না, বরং ঐশ্বর্যকে তাঁরা পদধূলিতে লুণ্ঠিত করেছেন। তাঁরা ছিলেন মানবজাতির জন্য অনুসরণীয় মহৎ চরিত্রের অধিকারী। সুতরাং ধন-সম্পদ, অর্থ-প্রতিপত্তি, আত্মঅহংকার কোনো সম্মান আনে না। আমাদের কাম্য হওয়া উচিত মহৎ চরিত্রগুণ অর্জন। কারণ চরিত্রই মানবজীবনের শ্রেষ্ঠ ভূষণ, জীবনের মুকুটস্বরূপ।যে জন দিবসে মনের হরষে/ জ্বালায় মোমের বাতি,আশুগৃহে তার দেখিবে না আর, নিশীথে প্রদীপ ভাতিভাবসম্প্রসারণ: অন্ধকারকে দূর করার জন্য আমরা আলো জ্বালাই। আলো জ্বালাই প্রয়োজনে। বিনা প্রয়োজনে আমরা বাতি জ্বালাই না। কারণ বাতি জ্বালাতে গেলে খরচ লাগে, অর্থ ব্যয় হয়। এ জন্য অনাবশ্যকভাবে আমরা কেউ বাতি জ্বালাই না। কিন্তু যারা নিতান্ত বিলাসিতা বা খামখেয়ালিবশত দিনে-দুপুরে বা প্রয়োজন না থাকা সত্ত্বেও বাতি জ্বালায়, সেটা যে বড় অপব্যয়, তা বলার অপেক্ষা রাখে না। যেকোনো অপব্যয় মানুষের জীবনে দুঃখ ও অভাব বয়ে আনে। কারণ প্রয়োজনের সময় সে তার চাহিদা অনুযায়ি দ্রব্য বা অর্থ খরচ করতে পারবে না। যে নিছক মনের আনন্দে অযথা অপব্যয় করে, তার ভবিষ্যৎ কখনো সুখের হতে পারে না। পরিণামে সে কষ্ট ও দুঃখে ভোগে। প্রত্যেক মানুষকেই অনাবশ্যক অপব্যয় থেকে দূরে থাকা উচিৎ। মানুষকে হতে হবে পরিণামদর্শী, মিতব্যয়ী এবং তাকে ভবিষ্যত সময়ের নিরাপত্তার জন্য সঞ্চয় করতে হবে। অদৃষ্টেরে শুধালেম, চিরদিন পিছেঅমোঘ নিষ্ঠুর বলে কে মোরে ঠেলিছে?সে কহিল, ‘ফিরে দেখো।’ দেখিলাম থামি,সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি।ভাবসম্প্রসারণ: মানুষ বিশ্বাস করে, অন্ধ নিয়তি বা অদৃষ্টই তাকে টেনে নিয়ে যাচ্ছে। মানুষ এও বিশ্বাস করে, দুঃখ-কষ্ট-দারিদ্র্য সব অমোঘ নিয়তির ফলেই ঘটছে, কিন্তু একটু ভেবে দেখলে দেখা যাবে এ ধারণা সত্যি নয়। মানুষের জীবনের মূল নিয়ন্তা হচ্ছে তার কর্ম। অতীতের কর্মই তাকে ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে, আর বর্তমানের কর্মের ভিত্তির ওপর দাঁড়িয়েই সে ভবিষ্যৎপানে এগোচ্ছে। এটাই জগতের কর্মচক্র ও জীবনচক্রের গতি। মানুষ অদৃষ্টের ক্রীড়নক, এটা একধরনের দুর্বলচিত্তের সিদ্ধান্ত। আসলে মানুষ নিজেই তার অদৃষ্ট ও ভাগ্যকে তৈরি করে। এটা সম্ভব হয় তার কর্মস্পৃহার মাধ্যমে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল