ভাবসম্প্রসারণ অংশ-৩প্রিয় শিক্ষার্থীরা, বাংলা ২য় পত্র থেকে ভাবসম্প্রসারণ ধারাবাহিকভাবে ছাপা হচ্ছে। আজ ছাপা হলো অংশ-৩।জোটে যদি মোটে একটি পয়সা/খাদ্য কিনিও ক্ষুধার লাগি;দুটি জোটে যদি তবে একটিতে/ফুল কিনে নিও হে অনুরাগী।ভাবসম্প্রসারণ: বেঁচে থাকার জন্য আমাদের খাদ্যের প্রয়োজন রয়েছে। এটা কঠিন বাস্তবতা। ক্ষুধা নিয়ে কাজ করা যায় না, জীবন যাপন করা যায় না। এই ক্ষুধা নিবৃত্তির জন্য মানুষ দিনরাত কঠোর পরিশ্রম করে যাচ্ছে। সৃষ্টির সূচনা থেকে চলছে মানুষের এই নিরন্তর সংগ্রাম। কিন্তু পেটের ক্ষুধা মিটে গেলেও মানুষের মানসিক ক্ষুধা মেটে না। মানুষের জৈবিক প্রয়োজন যেমন রয়েছে, তেমনি রয়েছে তার মানসিক প্রয়োজন। নান্দনিকতা, সৌন্দর্যবোধ, সুখানুভূতি এসব একজন মানুষের মনের খোরাক মেটায়। খাদ্য আমাদের প্রয়োজন, ক্ষুধা নিবৃত্তি করা অবশ্যই প্রয়োজন। কিন্তু মানসিক চাহিদা, আনন্দ ও মনের খোরাকও কম প্রয়োজনীয় নয়। মানুষ জড় পদার্থ নয়। তার মধ্যে রয়েছে কল্পনা, সৃজনশীলতা, সৌন্দর্যচেতনা ও কল্যাণবোধ। এ জন্য তার কাজ ও ভাবনার মধ্যে সুন্দরেরও অন্বেষা থাকা দরকার। কাজেই খাদ্যের পর মানুষ একটু ফুলের সুবাসও খুঁজতে পারে এবং এটাই মানবিক।কোথায় স্বর্গ, কোথায় নরক, কে বলে তা বহু দূর?মানুষের মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর।ভাবসম্প্রসারণ: স্বর্গ পরম সুখের স্থান। নরক সীমাহীন যন্ত্রণার স্থান। মৃত্যুর পর যাঁরা পৃথিবীতে সৎকর্ম করেন, সৎজীবন যাপন করেন, যথাযথ ধর্মকর্ম পালন করেন, তাঁরা স্বর্গে যাবেন—এই বিশ্বাস মানুষের মধ্যে রয়েছে। অন্যদিকে যাঁরা পাপী, যাঁরা পৃথিবীতে নানা দুষ্কর্ম ও দুরাচারে লিপ্ত থাকে, মৃত্যুর পর চরম যন্ত্রণা ও শাস্তির জায়গা নরকে তাঁদের স্থান হবে—এটাও প্রত্যেক ধর্মবিশ্বাসী মনে করেন। অর্থাৎ স্বর্গ চিরসুখকর ও এক পার্থিব শান্তিময় স্থান। অন্যদিকে নরক হলো সীমাহীন দুঃখ-যন্ত্রণাময় শাস্তির স্থান। এ তো গেল মৃত্যু-পরবর্তী জীবনের কথা। কিন্তু বাস্তব জগতেও আমরা এর প্রতিফলন দেখতে পাই। পৃথিবীতে যে ব্যক্তি সত্য, ন্যায় ও সদাচরণ করেন, পরের উপকার করেন, সর্বদা পুণ্য কাজে নিজেকে ব্যাপৃত রাখেন, স্বর্গীয় সুখের অনুভূতি ও আস্ব্বাদ তিনি পৃথিবীতেই পেতে পারেন। অর্থাৎ স্বর্গের অপার্থিব শান্তি মানুষ পৃথিবীতেও পেতে পারে। অন্যদিকে যে ব্যক্তি সর্বদা হিংসা-বিদ্বেষ, হানাহানি, অধর্ম, অকল্যাণ ও অমঙ্গলের কাজ করেন, তাঁরা পৃথিবীতে একটা নারকীয় পরিবেশ সৃষ্টি করেন। সুতরাং মহৎ ও পুণ্য কাজের দ্বারা, পরস্পর সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে মানুষ পৃথিবীকে যেমন স্বর্গতুল্য সুখকর ও শান্তিময় করে তুলতে পারে, তেমনি পাপাচার, দুষ্কর্ম ও পারস্পরিক কলহ-বিবাদের দ্বারা মানুষ নিজেদের জীবনকে নরকের মতো করে তুলতে পারে। প্রকৃতপক্ষে স্বর্গের সুখ ও নরকের যন্ত্রণার প্রতিরূপ মানুষ ইহজগতেও খুব কাছ থেকেই অনুভব করতে পারে।আপনারে লয়ে বিব্রত রহিতে/আসে নাই কেহ অবনী ’পরেসকলের তরে সকলে আমরা/প্রত্যেকে আমরা পরের তরে।ভাবসম্প্রসারণ: মানুষ একে অপরের ওপর নির্ভরশীল বলে তাকে সমাজবদ্ধভাবে বাস করতে হয়। এ জন্য পরস্পর প্রীতি ও ভালোবাসা, নির্ভরতা ও সহযোগিতার পরিবেশ মানুষ নিজের প্রয়োজনেই সৃষ্টির গোড়া থেকে গড়ে তুলেছে। শুধু পরিবার বা সমাজ নয়, রাষ্ট্র নয়, সমগ্র পৃথিবী ও রাষ্ট্রপুঞ্জ এবং জাতিগোষ্ঠী পরস্পর সম্প্রীতি, সৌহার্দ্য, নির্ভরতা ও সহযোগিতার মধ্যে বাস করার জন্য ব্যাকুল হয়ে উঠছে। কারণ, একজন মানুষ যেমন সমাজবিচ্ছিন্ন হয়ে বাস করতে পারে না, তেমনি পৃথিবীর বৃহৎ মানবগোষ্ঠীও পরস্পর নির্ভরশীলতা ছাড়া বাস করতে পারে না। এমন একটি বৈশ্বিক সমাজে আমরা নিজেদের নিয়ে আত্মকেন্দ্রিকভাবে, শুধু নিজের সুখ-শান্তির কথা চিন্তা করে বাস করতে পারব না। আমাদের কাছের ও পাশের সব মানুষকে ভালোবেসে এ পৃথিবীকে সুন্দর করে গড়ে তুলতে হবে। আমাদের ভাবতে হবে, আমরা শুধু নিজের জন্যই জন্মগ্রহণ করিনি, নিজের সুখই আমাদের একমাত্র কাম্য হতে পারে না। প্রকৃতপক্ষে পরের কল্যাণ কামনা, অন্যের সুখ-দুঃখ-আনন্দ-বেদনা ভাগ করে নেওয়ার মধ্যেই সুখ। এ সুখই আমাদের প্রার্থিত হওয়া উচিত। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল