জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা: বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাবসম্প্রসারণ  অংশ-৫প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ভাবসম্প্রসারণ অংশ থেকে আলোচনা করব।কহিল ভিক্ষার ঝুলি টাকার থলিরে/ আমরা কুটম্ব দোঁহে ভুলে গেলি কিরে?থলি বলে, কুটুম্বিতা তুমিও ভুলিতে/ আমার যা আছে গেলে তোমার থলিতে।ভাবসম্প্রসারণ: অবস্থার পরিবর্তনের ফলে মানবচরিত্রেও পরিবর্তন ঘটে। তবে এ ধরনের পরিবর্তনের মধ্যে আছে এক ধরনের স্বার্থচিন্তা ও এককেন্দ্রিকতা। ভিক্ষার ঝুলি যখন টাকার ঝুলিকে মনে করিয়ে দেয় তার কুটুম্বিতার কথা, তখন সে একবারও ভাবে না তার থলেটি পূর্ণ হলে সেও আবার একই ভঙ্গিতে তাকে নিন্দা করবে। পৃথিবীতে মানুষের যখন সামাজিক অবস্থা ও অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয়, তখন সে তার পূর্বাবস্থার কথা ভুলে যায়। তখন আর সে নিজেকে চিনতে পারে না। দরিদ্র অবস্থা থেকে যখন কারও ভাগ্য পরিবর্তন হয়, তখন আমরা দেখতে পাই সে আর আমাদের চিনতে পারে না। এ ধরনের স্বার্থপর আত্মপরিচয়বিস্মৃত মানুষের সংখ্যা সমাজে কম নয়।উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে/তিনিই মধ্যম যিনি চলেন তফাতে।ভাবসম্প্রসারণ: সমাজে যিনি চরিত্রগুণে বলীয়ান, যিনি মহৎ ও ব্যক্তিত্বশালী, তার কোনোরূপ স্খলনের ভয় নেই। তার চরিত্রের দৃঢ়তাই তার শক্তি। তাঁর রয়েছে অপরিমেয় আত্মবিশ্বাস। তিনি কোনো খারাপ বা নিকৃষ্ট কাজ করতে পারেন না, বরং ওই সব খারাপ কাজ তাঁকে স্পর্শও করতে পারে না। তাই তিনি সমাজের সর্বস্তরের, সর্বশ্রেণীর লোকের সঙ্গে অনায়াসে, অসংকোচে মিশতে পারেন। অন্যদিকে যিনি চরিত্রবলে অত দৃঢ় নন, নানা দ্বিধাদ্বন্দ্বে ভোগেন, সিদ্ধান্ত নিতে পারেন না, স্বাধীন মতামত দিতে পারে না—এ ধরনের লোক দুর্বলচিত্ত ও নানা সংশয়ে ভোগেন। যিনি চরিত্রবান ও দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী, তিনি হীন-অধম-নীচ সবার সঙ্গে মিশতে পারেন। কারণ তাঁর মনে কোনো দোলাচলবৃত্তি যেমন নেই, তেমনি নেই কোনো দুর্বলতা। সুতরাং আমাদের চরিত্রের দৃঢ়তা অর্জন করতে হবে।গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন/ নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন।ভাবসম্প্রসারণ: যে বিদ্যা মানুষের কাজে লাগে, যে বিদ্যার ব্যবহারিক প্রয়োগ রয়েছে, সে বিদ্যা সার্থক। যে জ্ঞান বা বিদ্যা মানুষের কোনো কাজে আসে না এবং শুধু পুস্তকেই সীমাবদ্ধ থাকে, সে জ্ঞান বা বিদ্যা মূল্যহীন। গ্রন্থসর্বস্ব বা কেতাবি বিদ্যা মানুষের কোনো প্রয়োজনে আসে না। সৃজনশীলতা বিকাশের পরিপন্থী বিদ্যা স্বাভাবিকভাবেই মানুষকে মানসিকভাবে পঙ্গু করে দেয়। মিষ্টান্নের দোকানের কাচে ঘেরা আলমারিতে পাত্রের মধ্যে সাজিয়ে রাখা মিষ্টান্নদ্রব্য যতই লোভনীয় হোক, তা যদি ধরাছোঁয়ার বাইরে থাকে এবং তা চেখে দেখা না যায়, সে মিষ্টান্ন যতই লোভাতুর ও রসে ভরা হোক, তাতে কারও কোনো লাভ নেই। তেমনি যে বিদ্যার কোনো প্রয়োগমুখিতা নেই, মানুষের প্রয়োজনে কাজে লাগে না, সমস্যার সমাধান করতে পারে না, স্মৃতি থেকে মুছে যায়, তাও তেমনি নিরর্থক। প্রকৃতপক্ষে যে বিষয়টি আত্মস্থ করা যায় না, নিজের অধিকারেও ব্যবহার করা যায় না তা যতই সমৃদ্ধ হোক, তাতে মানুষের কোনো উপকার হয় না। কাজেই আমাদের বাস্তব জীবনে কাজে লাগে এবং হাতে কলমে অর্জন করা যায় সে ধরনের বিদ্যা অর্জনে সচেষ্ট হতে হবে। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল