সৃজনশীল পদ্ধতিপ্রিয় শিক্ষার্থী আর মাত্র একদিন পর জেএসসি পরীক্ষা দিতে বসবে তোমরা। এক বছর ধরে একই বই নাড়াচাড়া করতে করতে প্রায় ছিঁড়ে গেছে। তার পরও কেমন মনে হচ্ছে, প্রস্তুতি যেন হয়নি। তাই আমি বলব, সময় নষ্ট কোরো না। তিনটি জিনিস পড়লেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে—১. পাঠ্যবই ২. পাঠ্যবই এবং ৩. পাঠ্যবই। পাঠ্যবইয়ের প্রতিটি লাইন বুঝে বুঝে পড়ো। পূর্ববর্তী বছরের মতো পুরোনো প্রশ্ন সম্ভবত আর হবে না। প্রশ্নের ধরনই পাল্টে গেছে। পরীক্ষার প্রশ্নে ঠিক যা চাইবে, খাতায় ঠিক তা-ই লিখবে। পরীক্ষার হলে বসে বেশি বেশি চিন্তা করে উত্তর দেবে। উত্তরপত্রটি পরিষ্কার-পরিচ্ছন্ন হলে পরীক্ষক খুশি থাকবেন। বাঁ দিকে মোটামুটি জায়গা রেখে খাতায় দাগ টেনে নেবে। প্রশ্ন পেয়েই সব প্রশ্ন সমান গুরুত্ব দিয়ে পড়ে লেখা শুরুর আগেই ছয়টি প্রশ্ন নির্বাচন করে নেবে। কারণ, লেখা শুরুর পরে যেন মনে না হয়, এটা না লিখে ওটা লিখলে নম্বর বেশি পেতে। তারপর ধীরে ধীরে লেখা শুরু করবে। লেখার জন্য কালো এবং নীল কালির কলম ছাড়া অন্য কোনো কালির কলম ব্যবহার করবে না। মনে রাখবে, যিনি খাতা দেখবেন, তিনি যেন তোমার উত্তরে শতভাগ সন্তুষ্ট হন। তবেই তুমি পুরো নম্বর পাবে। নিশ্চয়ই তোমাদের শিক্ষকেরা ইতিমধ্যে পরীক্ষার উত্তর কীভাবে লিখবে, তা ক্লাসে বিস্তারিত আলোচনা করেছেন। তার পরও আমি দু-একটি পরামর্শ দেব—জ্ঞানের স্তরের প্রশ্নগুলো যেহেতু সরাসরি পাঠ্যবই থেকে আসবে, তাই সূত্র, নীতি ও সংজ্ঞাগুলো মুখস্থ লিখবে। এগুলোর নম্বর ছাড়া যাবে না। জ্ঞানের স্তরের প্রশ্নগুলোর ক্ষেত্রে সংজ্ঞা লেখার পর প্রশ্নে উদাহরণ না চাইলেও দেবে।অনুধাবন স্তরের প্রশ্নগুলো যেহেতু সরাসরি পাঠ্যবই থেকে আসবে, তবে বুঝেছ কি না, তা যাচাই করবে। তাই সূত্র, নীতি ও সংজ্ঞাগুলো মুখস্থের পাশাপাশি উদাহরণসহ দু-তিন লাইন নিজের মতো করে লেখার অভ্যাস করো। এমনভাবে লিখবে, যেন মনে হয়, তোমার কাছে বিষয়টি পরিষ্কার।প্রয়োগ স্তরের প্রশ্নগুলো দিয়ে যেহেতু আগের ধারণাকে নতুন পরিস্থিতিতে তুমি প্রয়োগ করতে পারো কি না, তা যাচাই করবে, সেহেতু তোমার বইয়ের কোনো বিষয়কে নতুন একটা বিষয়ের ওপর প্রয়োগ ঘটাতে চাইবে। তাই আগে ওই প্রশ্নসম্পর্কিত যে তথ্য তোমার পাঠ্যবইয়ে আছে, তা লেখো (জ্ঞান)। তারপর উদাহরণসহ দু-তিন লাইন নিজের মতো করে এমনভাবে লিখবে, যেন মনে হয়, তোমার কাছে বিষয়টি পরিষ্কার (অনুধাবন)। সবশেষে প্রশ্নপত্রে উল্লিখিত নতুন বিষয় সম্পর্কে পূর্বজ্ঞানের প্রয়োগ ঘটাও।উচ্চতর দক্ষতা স্তরের প্রশ্নে সম্পূর্ণ নতুন একটি পরিস্থিতিতে তোমার নিজের একটা যুক্তি চাওয়া হবে। এ জন্য তুমি আগের মতো ওই প্রশ্নসম্পর্কিত যে তথ্য তোমার পাঠ্যবইয়ে আছে, তা লেখো (জ্ঞান)। তারপর উদাহরণসহ দু-তিন লাইন নিজের মতো করে এমনভাবে লিখবে, যেন মনে হয়, তোমার কাছে বিষয়টি পরিষ্কার (অনুধাবন)। এবার প্রশ্নপত্রে উল্লিখিত নতুন বিষয় সম্পর্কে পূর্বজ্ঞানের প্রয়োগ ঘটাও (প্রয়োগ)। সবশেষে প্রশ্নে উল্লিখিত বিষয় সম্পর্কে তুমি নিজের একটা মতামত কারণসহ প্রদান করো। নিচের ছকটি মনে আছে নিশ্চয়ই? পরীক্ষক এই ছক দেখে নম্বর দেবেন।জ্ঞান অনুধাবন প্রয়োগ উ. দক্ষতা মোট ক) জ্ঞান ১ ১ খ) অনুধাবন ১ ১ ২ গ) প্রয়োগ ১ ১ ১ ৩ ঘ) উ. দক্ষতা ১ ১ ১ ১ ৪ তোমাদের সবার সফলতা কামনা করে শেষ করলাম।