অধ্যায়-৫প্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ৫ নম্বর অধ্যায় ‘পানির খরতা’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্যান্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।তুর্ণাদের বাসায় ট্যাপের পানি ফুটিয়ে পান করা হয়। যে পাত্রে তারা পানি ফুটায়, কিছুদিন পর দেখা গেল পাত্রের তলায় একটি আস্তরণ পড়েছে।ক. পানির স্থায়ী খরতা কাকে বলে?খ. বৃষ্টি শুরু হওয়ার প্রথম দিকের পানি বিশুদ্ধ নয় কেন?গ. পাত্রের তলায় আস্তরণ পড়ার কারণ ব্যাখ্যা করো।ঘ. তুর্ণার পরিবার এভাবে পানি ফুটিয়ে পান করলে কি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে? মতামত দাও।উত্তর: ক. পানির স্থায়ী খরতা: পানির যে খরতা ফুটিয়ে দূর করা যায় না তাকে স্থায়ী খরতা বলে।উত্তর: খ. বৃষ্টির পানি মূলত পুকুর, খাল-বিল, নদী-নালা ও সমুদ্রের পানি। সূর্যের তাপে এসব উ ৎ সের পানি বাষ্পীভূত হয়ে উড়ে যায়। এ বাষ্প ঘনীভূত হয়ে মেঘ হয় এবং মেঘ থেকে বৃষ্টিরূপে ভূপৃষ্ঠে পতিত হয়। ভূপৃষ্ঠে পতিত হওয়ার আগে বাতাসের অক্সিজেন, নাইট্রোজেন, অ্যামোনিয়া, কার্বন ডাই-অক্সাইড, নাইট্রিক এসিড, ধুলাবালি, রোগজীবাণু প্রভৃতি মিলে যায়। এ জন্য বৃষ্টি শুরু হওয়ার প্রথম দিকের পানি বিশুদ্ধ নয়।উত্তর: গ. পাত্রের তলায় আস্তরণ পড়ার কারণ পানির খরতা। খর পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন ইত্যাদির লবণ দ্রবীভূত অবস্থায় থাকে। যখন এসব লবণ মিশ্রিত পানি ফুটানো হয়, তখন এই লবণগুলো অদ্রবণীয় লবণে পরিণত হয় এবং পাত্রের তলায় জমা হয়ে আস্তরণ সৃষ্টি করে।উত্তর: ঘ. তুর্ণার পরিবারের পানি ফুটানোর জন্য অধিক জ্বালানির প্রয়োজন হয়। ফলে জ্বালানির জন্য খরচও বেশি হবে। পানি ফুটালে পাত্রের তলায় আস্তরণ পড়তে পড়তে একসময় পাত্র নষ্ট হয়ে যাবে। ফলে আবার নতুন পাত্র কিনতে হবে। পানি ছাঁকার জন্য ছাঁকনি কিনতে হবে। আস্তরণ পড়ার কারণে পাত্রের তাপ পরিবাহিতা কমে যাবে। ফলে কোনো কিছু রান্না করতে অধিক সময়ের প্রয়োজন হবে। কিছুদিন ব্যবহারের পর পাত্রের তলা ছিদ্র হয়ে যাবে। ফলে নতুন পাত্র কিনতে হবে। সুতরাং তুর্ণার পরিবার এভাবে পানি ফুটিয়ে পান করলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে।