অধ্যায়-১৫প্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ১৫ নম্বর অধ্যায় ‘উদ্ভিদের অঙ্গসংস্থান: ফল ও বীজ’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।সুফিয়া বেগম সব সময় বাড়ির আঙিনায় লাউ, কুমড়া, শিম প্রভৃতি সবজির আবাদ করেন। এ জন্য প্রতিবছর তিনি বীজ সংগ্রহ এবং সংরক্ষণ করেন। যদিও তাঁর বীজ সংরক্ষণের পদ্ধতি সঠিক হয় না। একবার সুফিয়া বেগম বীজ রোপণ করার পর লক্ষ করেন, কিছু বীজের স্বাভাবিক অঙ্কুরোদ্গম হয়েছে। অবশিষ্ট বীজগুলোর মধ্যে কিছু বীজের কোনো অঙ্কুরোদ্গমই হয়নি এবং অধিকাংশ বীজে অসম্পূর্ণ অঙ্কুরোদ্গম হয়েছে। ক. ফল কাকে বলে?খ. জরায়ুজ অঙ্কুরোদ্গম বলতে কী বোঝায়?গ. উদ্দীপকে শেষোক্ত ধরনের বীজে ওই ধরনের অঙ্কুুরোদ্গমের কারণ ব্যাখ্যা করো।ঘ. অধিক ফলনের লক্ষ্যে সফল অঙ্কুুরোদ্গমের জন্য সুফিয়া বেগমের করণীয় সম্পর্কে তোমার মতামত দাও।উত্তর: ক. ফল: ফুলের গর্ভাশয় নিষিক্ত, পরিপুষ্ট ও পরিণত হয়ে যে অঙ্গ গঠন করে তাকে ফল বলে।উত্তর: খ. সমুদ্রের তীরবর্তী লোনা মাটিতে যেসব উদ্ভিদ জন্মে, তাদের লোনা মাটির উদ্ভিদ বলে। লোনা মাটির অধিকাংশ উদ্ভিদে যে বিশেষ ধরনের অঙ্কুুরোদ্গম দেখা যায়, তাকে জরায়ুজ অঙ্কুুরোদ্গম বলে। যেমন: গরান, কেওড়া, কাকরা ইত্যাদি। লোনা মাটির উদ্ভিদের বিশেষত্ব এই যে, গাছের সঙ্গে যুক্ত থাকা অবস্থায় ফলের ভেতর বীজের অঙ্কুুরোদ্গম হয়। উত্তর: গ. সুফিয়া বেগম বাড়ির আঙিনায় বীজ রোপণের পর দেখলেন, কিছু বীজের স্বাভাবিক অঙ্কুুরোদ্গম হলেও অধিকাংশ বীজে অসম্পূর্ণ বা আংশিক অঙ্কুুরোদ্গম হয়েছে। বীজের অঙ্কুুরোদ্গম কিছু বাহ্যিক ও অভ্যন্তরীণ প্রভাবক দ্বারা নিয়ন্ত্রিত হয়। বাহ্যিক প্রভাবকগুলো হলো—পানি, অক্সিজেন, তাপ, আলো এবং অভ্যন্তরীণ প্রভাবকগুলো হলো—খাদ্য, সুপ্ততা, বৃদ্ধি নিয়ন্ত্রক পদার্থ, বীজের অঙ্কুুরোদ্গম ক্ষমতা। বীজের অঙ্কুুরোদ্গমের প্রভাবকগুলো সঠিক মাত্রায় না থাকার কারণে সুফিয়া বেগমের শেষোক্ত ধরনের বীজে অসম্পূর্ণ অঙ্কুুরোদ্গম হয়েছে। উত্তর: ঘ. অধিক ফলনের লক্ষ্যে সফল অঙ্কুুরোদ্গমের জন্য সুফিয়া বেগমকে নিচের বিষয়গুলোর দিকে নজর দিতে হবে:১. সুফিয়া বেগমকে পরিপক্ব বা পরিপুষ্ট বীজ সংগ্রহ করতে হবে। ২. বাছাই করা বীজগুলো ভালোভাবে রোদে শুকিয়ে রাখতে হবে।৩. বীজ বপনের আগে বীজগুলো কয়েক ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে এবং যেখানে বীজ বপন করতে হবে, সেখানকার মাটি ভালোভাবে তৈরি করতে হবে।৪. বীজ বপনের পর নির্দিষ্ট সময় অন্তর পরিমিত পরিমাণে পানি দিতে হবে এবং লক্ষ রাখতে হবে যে সেখানে যেন পর্যাপ্ত আলো-বাতাস থাকে।৫. বীজ বপনের পর খড়কুটা বা কচুরিপানা দিয়ে ঢেকে দেওয়া যেতে পারে। এতে আর্দ্রতা রক্ষা পায়। এ ব্যবস্থাগুলো অঙ্কুরোদ্গমের বাহ্যিক প্রভাবকের চাহিদা পূরণ করে। বাহ্যিক প্রভাবকগুলো পেলে বীজের অভ্যন্তরীণ প্রভাবকগুলোও কাজ করে। ফলে বীজের স্বাভাবিক অঙ্কুরোদ্গম ঘটে। সুফিয়া বেগম উপরিউক্ত বিষয়গুলো সঠিকভাবে মেনে বীজ বপন করলে বীজের সফল অঙ্কুরোদ্গম হবে। আর বীজের সফল অঙ্কুরোদ্গমের মাধ্যমে তাঁর অধিক ফলনের লক্ষ্য অর্জিত হবে।