অধ্যায়-৭প্রিয় শিক্ষার্থীরা, আজ সামাজিক বিজ্ঞান বিষয়ের ৭ নম্বর অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। তাজরী, তাহি, নাবিলা, নাবিহা, আরিফা তাদের বিদ্যালয়ের মুক্তিযুদ্ধভিত্তিক ক্লাব ‘৭১ অবিনাশী সত্তা’র সক্রিয় সদস্য। শিক্ষকদের তত্ত্বাবধানে ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরে ক্লাব সদস্যদের সঙ্গে জাদুঘর পরিদর্শনকালে তারা দেখতে পেয়েছে মুক্তিযুদ্ধকালীন ঐতিহাসিক ঘটনাবলির প্রামাণ্য দলিলসমূহ। তারা আরও দেখেছে, যুদ্ধাহত পঙ্গু মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ যুদ্ধের ছবি, শহীদ বীরশ্রেষ্ঠদের কৃতিত্বের স্মারকসমূহ। তারা জেনেছে, পাকিস্তানিদের বৈষম্যমূলক নীতি একটি স্বাধীন দেশের অভ্যুদয়ে গুরুত্বপূর্ণ নির্ধারক ছিল। ফলে সংঘটিত হয়েছে ঊনসত্তরের গণ-অভ্যুত্থান, সত্তরের নির্বাচন, ও একাত্তরের সশস্ত্র গেরিলা পদ্ধতির মুক্তিযুদ্ধ। ক. পূর্ব ও পশ্চিম পাকিস্তানের প্রথম বিরোধ দেখা দেয় কী নিয়ে? খ. ভাষা আন্দোলনের তাৎপর্যপূর্ণ ফলাফলগুলো লেখো। গ. বৈষম্য ও অবিচার দূর করতে ‘মুক্তির সনদ’-এর দফাগুলো নেওয়া হয়েছিল। সেগুলো উল্লেখ করো। ঘ. পশ্চিমাদের বৈষম্যনীতিসমূহ প্রকটভাবে ধরা পড়ার পরে এ দেশে কী ঘটেছিল? বুঝিয়ে লেখো। উত্তর: ক. পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে প্রথম বিরোধ দেখা দেয় ভাষা নিয়ে। উত্তর: খ. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে সংঘটিত প্রতিবাদী জনতা ছাত্রসমাজের সঙ্গে একাত্ম হয়ে গড়ে তুলেছিল ‘সর্বদলীয় সংগ্রাম পরিষদ’। এই পরিষদ বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস ও সাধারণ হরতাল কর্মসূচি দিয়েছিল। ফলে সারা দেশে কর্মসূচি পালিত হয়। একদিকে পুলিশ ১৪৪ ধারা জারি করে, অন্যদিকে ছাত্ররা ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল করে। পুলিশ গুলি ছুড়লে সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর প্রমুখ নিহত হন এবং আহত হন অনেক ভাষাসৈনিক। এই আন্দোলনের তাৎপর্যপূর্ণ ফলাফলগুলো নিচে দেওয়া হলো। ১. বাঙালি জাতি আলাদা জাতিসত্তা লাভ করে এবং ১৯৫৬ সালে সংবিধানে বাংলা ভাষা অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি লাভ করে। ২. বাঙালিরা অধিকার আদায়ে সচেতন হয়ে ওঠে। ৩. বায়ান্নর চেতনা থেকে সংঘটিত হতে থাকে ১৯৫৪ সালের নির্বাচনে জয়লাভ, ১৯৬২ সালের শিক্ষা কমিশন রিপোর্টের বিরুদ্ধে আন্দোলন, ১৯৬৬ সালে ছয়দফা দাবি উত্থাপন, ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান, ১৯৭০ সালের নির্বাচনে জয়লাভ এবং ১৯৭১ সালে স্বাধীনতা অর্জন। প্রকৃতপক্ষে বায়ান্নর ভাষা আন্দোলন বাঙালি জাতীয়তাবাদের জন্ম দেয়। বাঙালির জাতীয় জীবনে তাই ভাষা আন্দোলনের প্রভাব অপরিসীম। উত্তর: গ. পূর্ব পাকিস্তানে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে পাকিস্তানিদের বৈষম্যমূলক আচরণ প্রকটভাবে ধরা পড়ে। বাঙালিদের প্রতি বৈষম্য ও অবিচার দূর করতে আওয়ামী লীগ ছয়দফা দাবি পেশ করে। এই ছয়দফা বাঙালি জাতির ‘মুক্তির সনদ’ (ম্যাগনাকার্টা) নামে অভিহিত। সে সময় আওয়ামী লীগের প্রধান শেখ মুজিবুর রহমান এই ছয়দফা পেশ করেন। আর তা হলো—১. লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তানে একটি সত্যিকার ফেডারেশন গঠন করতে হবে। তাতে পার্লামেন্টারি পদ্ধতির সরকার থাকবে। প্রাপ্তবয়স্কদের ভোটে নির্বাচিত আইনসভা হবে সার্বভৌম। ২. কেন্দ্রীয় সরকারের হাতে থাকবে শুধু দেশরক্ষা ও বৈদেশিক নীতিনির্ধারণ। ৩. পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য সহজে বিনিময়যোগ্য দুটি মুদ্রা প্রচলন করতে হবে। ৪. সব ধরনের ট্যাক্স বা খাজনা ধার্য ও আদায় করার ক্ষমতা থাকবে আঞ্চলিক সরকারের হাতে। আঞ্চলিক সরকার যা আদায় করবে, তার একটা অংশ ফেডারেল সরকারের খাতে জমা করবে। ৫. দুই অঞ্চল যে বৈদেশিক মুদ্রা অর্জন করবে, তার আলাদা হিসাব রাখতে হবে। বিদেশের সঙ্গে বাণিজ্য চুক্তি ও আমদানি-রপ্তানির অধিকার থাকবে আঞ্চলিক সরকার দুটির হাতে। ৬. পূর্ব পাকিস্তানের জন্য প্যারামিলিটারি বাহিনী গঠন করতে হবে। উপরের প্রস্তাবগুলো সরকার গ্রহণ না করে দমনমূলকনীতি গ্রহণ করে। ফলে পাকিস্তানের বৈষম্য দূরীভূত হয়নি। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল