অধ্যায়-১৪প্রিয় শিক্ষার্থীরা, আজ সামাজিক বিজ্ঞান বিষয়ের ১৪ নম্বর অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।মেরিনা গ্রামের নিম্নবিত্ত পরিবারের মেয়ে। লেখাপড়া শেখেনি। অল্প বয়সে বিয়ে হয়েছে তার। বিয়ের ছয় বছরের মাথায় তার চারটি কন্যাসন্তান জন্মলাভ করে। এখন তার অভাবের সংসার। তরুণী বয়সের একটি মেয়ের জীবনে দুঃখের অমানিশা। ক. বর্তমানে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত? খ. অশিক্ষিত লোকদের অধিক সন্তান কেন? গ. মেরিনার সংসারে জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে কোন কারণটিকে তুমি বেশি দায়ী মনে করো। ঘ. জনসংখ্যা বৃদ্ধিরোধে সরকার কর্তৃক গৃহীত ব্যবস্থাগুলো যথেষ্ট কি—বিশ্লেষণ করো। উত্তর: ক. বর্তমানে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার ১.৪১। উত্তর: খ. অশিক্ষিত লোকদের অধিক সন্তান হয়ে থাকে। শিক্ষিত জনগণ স্বাভাবিকভাবে নিজেদের ভালোমন্দ সম্পর্কে সজাগ। জনসংখ্যা বৃদ্ধি পরিবার, সমাজ এবং দেশের জন্য যে মঙ্গলজনক নয়—এ সত্য তারা সহজেই উপলব্ধি করতে পারে। অপরদিকে অশিক্ষিত লোকেরা জীবনযাত্রার মান সম্পর্কে সচেতন নয়। অতিরিক্ত জনসংখ্যা যে পরিবার, সমাজ এবং দেশের জন্য ভয়াবহ—এ সত্য তারা উপলব্ধি করতে অক্ষম। তাই অশিক্ষিত লোকদের সন্তান বেশি হয়। উত্তর: গ. উদ্দীপকের মেরিনার সংসারে আমরা পরপর চারটি কন্যাসন্তান দেখতে পাই। জনসংখ্যা বৃদ্ধির অনেক কারণ রয়েছে। শিক্ষার অভাব, নারীশিক্ষার অভাব, দারিদ্র্য, পুত্রসন্তান প্রত্যাশা ইত্যাদি। আমার মনে হয়, মেরিনার সংসারে জনসংখ্যা বৃদ্ধির জন্য পুত্রসন্তান প্রত্যাশাই দায়ী। কারণ, আমরা দেখতে পাচ্ছি তার পরপর চারটি কন্যাসন্তান হয়েছে। আর গ্রামীণ কৃষি সমাজে পুত্রসন্তানকে জীবনের শেষ আশ্রয়স্থল ধরা হয়। পুত্রসন্তান প্রাপ্তির আশায় মেরিনা মূলত তার সংসার বৃদ্ধি করে চলেছে। উত্তর: ঘ. জনসংখ্যা সমস্যা বাংলাদেশের এক নম্বর জাতীয় সমস্যা। জনসংখ্যা সমস্যা সমাধানে সরকার যে ব্যবস্থা নিয়েছে সেগুলোকে আমি যথেষ্ট মনে করি না। যদিও বাংলাদেশ সরকার জনসংখ্যাকে এক নম্বর জাতীয় সমস্যা গ্রহণ করে অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। যেমন—নিট প্রজনন হার অর্জন করা; জনসংখ্যা সমস্যার ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য ২ ফেব্রুয়ারিকে জনসংখ্যা দিবস ঘোষণা ইত্যাদি। তবু আমার মনে হয়, এগুলো বাস্তবায়নের দিকে আরও কঠোর হওয়া উচিত। বাল্যবিবাহ কঠোরভাবে রোধ করা উচিত। অশিক্ষিত জনসাধারণের মধ্যে আরও ব্যাপক প্রচারণা চালানো উচিত। জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারের কৌশল এবং পরিকল্পনা সঠিক। তবে এগুলো বাস্তবায়নে সরকারের আরও মনোযোগ হতে হবে।