অধ্যায়-১৪প্রিয় শিক্ষার্থীরা, আজ সামাজিক বিজ্ঞান বিষয়ের ১৪ নম্বর অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের একজন বড় বিনিয়োগকারী ইমরান সাহেব। এ বিনিয়োগের মাধ্যমে তিনি দেশি ও বৈদেশিক বাজার থেকে প্রচুর অর্থ উপার্জন করছেন। ব্যক্তিমালিকানাধীন পোশাক শিল্পের পাশাপাশি বাজারে সরকারি বস্ত্র শিল্পপ্রতিষ্ঠানও রয়েছে। তিনি মনে করেন, খাত দুটি বাজার কার্যক্রমকে সক্রিয় রাখার পাশাপাশি এ দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। ক. অর্থনীতিতে বাজার কাকে বলে? খ. বিনিয়োগের দুটি গুরুত্বপূর্ণ দিক ব্যাখ্যা করো। গ. বাজারের কোন বৈশিষ্ট্যাবলি সম্পর্কে ইমরান সাহেব সচেতন থাকবেন? সেগুলো চিহ্নিত করো। ঘ. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সরকারি ও বেসরকারি বিনিয়োগ কীভাবে সহায়তা করছে? বিশ্লেষণ করো। উত্তর: ক. ক্রেতা ও বিক্রেতার মধ্যে নির্দিষ্ট দামে দ্রব্য ক্রয়-বিক্রয়ের যে সম্পর্ক স্থাপিত হয় তাকে অর্থনীতিতে বাজার বলে। উত্তর: খ. কোনো নির্দিষ্ট সময়ে দেশের মোট মূলধন দ্রব্যের সঙ্গে যে পরিমাণ অতিরিক্ত মূলধন দ্রব্য যোগ করা হয় তাকে বিনিয়োগ বলে। বিনিয়োগের কতিপয় গুরুত্বপূর্ণ দিক রয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ দুটি দিক হলো—প্রথমত, বিনিয়োগ করা হলে দেশে মোট ব্যয়ের পরিমাণ বাড়ে। যেমন—এক হাজার কোটি টাকা নতুন বিনিয়োগের অর্থ হচ্ছে এক হাজার কোটি টাকা ব্যয়ের পরিমাণ বৃদ্ধি। এই ব্যয় বৃদ্ধি পেলে মূলধন দ্রব্য উৎপাদনকারী শিল্পের শ্রমিকদের আয় বাড়ে। ফলে দ্রব্য সামগ্রীর চাহিদাও বাড়ে। দ্বিতীয়ত, নতুন বিনিয়োগের ফলে দেশে অধিক পরিমাণে মূলধন দ্রব্য উৎপাদন হয়। এ ধরনের বিনিয়োগ দেশে যন্ত্রপাতি, কলকারখানা, উৎপাদনের সরঞ্জাম, পরিবহনসামগ্রী ইত্যাদি মূলধনী দ্রব্য সৃষ্টি করে। মূলধনী দ্রব্য ভবিষ্যতে আরও বেশি দ্রব্য সামগ্রী উৎপাদনে ব্যবহূত হলে দেশের উৎপাদন ক্ষমতা বাড়ে। উত্তর: গ. আমদানি-রপ্তানি বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট তৈরি পোশাক শিল্প খাতের বিনিয়োগকারী হিসেবে ইমরান সাহেবকে বাজার সম্পর্কে অনেক বেশি সচেতনতা অবলম্বন করতে হবে। তিনি বাজারের যে বৈশিষ্ট্যাবলি সম্পর্কে সচেতন থাকবেন তা হলো—১. অর্থনীতিতে তৈরি পোশাক শিল্প খাতের একটি পৃথক বাজার বিরাজমান থাকতে হবে। কেননা প্রত্যেক দ্রব্য ও সেবার একটি আলাদা বাজার রয়েছে। ২. উৎপাদিত পোশাক, বস্ত্র ও এ শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট অপরাপর খুচরা সামগ্রীর ক্রেতা ও বিক্রেতা থাকবে, যাতে ক্রেতা ক্রয় করতে এবং বিক্রেতা বিক্রয় করতে সক্ষম হবে। ৩. পূর্ণ প্রতিযোগিতার মাধ্যমে ক্রেতা ও বিক্রেতার লেনদেনের ফলে একটি নির্দিষ্ট দাম নির্ধারিত হবে। ওই দামে ক্রেতারা দ্রব্যটি ক্রয় করবে এবং বিক্রেতারা বিক্রয় করবে। ৪. পণ্যের বাজারে ক্রেতা ও বিক্রেতা এমনভাবে লেনদেন বা বিনিময় করবে, যাতে বাজারে একটি সহজ সম্পর্ক বিরাজ করবে। একজন উৎপাদনকারী ও বিক্রেতা ইমরান সাহেবকেও বাজারে উপরিউক্ত বৈশিষ্ট্যের আলোকে পরিবেশ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সচেতন হতে হবে।উত্তর: ঘ. যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যক্তিগত বা বেসরকারি এবং সরকারি উভয় প্রকার বিনিয়োগ কাজ করে। দেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য সুযোগ তৈরি করা সরকারি বিনিয়োগের মূল লক্ষ্য। অপরদিকে, মুনাফার আশা বেসরকারি বিনিয়োগের মূল প্রেরণা। মুনাফা বেশি হলে বেসরকারি বিনিয়োগ বেশি হয়। আর মুনাফা না হলে বা কমে গেলে বেসরকারি বিনিয়োগ হয় না বা কমে যায়। বর্তমান বিশ্বে কল্যাণমূলক অর্থনৈতিক ধারণা নিয়ে গণতান্ত্রিক সরকারগুলো রাষ্ট্র পরিচালনা করছে। বাংলাদেশের সরকারও বিশ্ব অর্থনীতির সঙ্গে পাল্লা দিয়ে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে। তাই স্বাধীন বাংলাদেশের সরকারি খাত বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে। যেমন—রাস্তাঘাট নির্মাণ, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পানি সেচের বাঁধ নির্মাণ ও খাল খনন, বন্যা নিয়ন্ত্রণ, রেলপথ নির্মাণ, শিল্পকারখানা, বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র স্থাপন, বিমানবন্দর স্থাপন প্রভৃতি সরকারি বিনিয়োগের খাত। উদ্দীপকের বস্ত্র শিল্পকারখানাটি বাংলাদেশের সরকারি বিনিয়োগের উদাহরণ। উপরিউক্ত খাতগুলোয় সরকার বিনিয়োগ করে বলে বেসরকারি বিনিয়োগ করা সম্ভব হয়। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের সরকারি বিনিয়োগ যথেষ্ট নয়। বেসরকারি বিনিয়োগের ফলে কর্মসংস্থান ঘটে, উৎপাদন বৃদ্ধি পায়, আয় বাড়ে এবং উৎপাদিত দ্রব্য ও সেবার বাজার সৃষ্টি হয়। ইমরান সাহেবের মতো ব্যক্তিমালিকানার পোশাক খাত থেকে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে, বেকারত্ব সমস্যার সমাধান হচ্ছে। সফল বিনিয়োগের মাধ্যমে আর্থিক উন্নতি লাভ করতে হলে সরকারি সহায়তায় বেসরকারি বিনিয়োগ পরিচালিত হওয়া প্রয়োজন। তাই বাংলাদেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য বেসরকারি বিনিয়োগের পাশাপাশি সরকারি বিনিয়োগ অত্যাবশ্যক। একটি অপরটির পরিপূরক হিসেবে রাষ্ট্রকে উন্নতির পথে চালিত করে।