সন্ধিপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ২য় পত্রের ব্যাকরণ অংশের সন্ধি নিয়ে আলোচনা করব। সন্ধি কাকে বলে: ‘সন্ধি’ শব্দটির একটি অর্থ মিলন। বাংলা ব্যাকরণে সন্ধি বলতে বোঝায় সন্নিহিত দুটো ধ্বনির মিলন। আমরা যখন দুটি শব্দ পাশাপাশি উচ্চারণ করি, তখন শব্দ দুটির কাছের বর্ণ দুটি অনেক সময় আলাদাভাবে উচ্চারিত হয় না। দুয়ে মিলেমিশে যায়। এভাবে পাশাপাশি দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। যেমন: বিদ্যা + আলয় = বিদ্যালয়, চলৎ + চিত্র = চলচ্চিত্র, সৎ + জন = সজ্জন, দুঃ + অবস্থা = দুরবস্থা।সন্ধির বৈশিষ্ট্য: অনেক সময় পাশাপাশি অবস্থানে দুটি ধ্বনির উচ্চারণ স্বাভাবিকভাবেই একীভূত হয়ে যায়। ব্যাকরণে এই স্বাভাবিক নিয়মকে বলা হয়েছে ‘নিত্য’।১. একপদে নিত্যসন্ধি হয়। যেমন: নে অন-এ রকম আলাদা আলাদাভাবে উচ্চারিত হয় না। এক পদে পরিণত হওয়ার সময় সন্ধিবদ্ধ হয়ে ‘নয়ন’ রূপে উচ্চারিত হয়। যেমন: (নে + অন = নয়ন)২. শব্দের সঙ্গে উপসর্গ যোগ করার সময় অনেক সময় সন্ধি হয়ে যায়। যেমন: নিঃ + দয় = নির্দয়।৩. সমাস অর্থাৎ দুই বা বহুপদ একপদে পরিণত হওয়ার সময় নিত্য সন্ধি হয়।যেমন: সূর্যের অস্ত = সূর্য + অস্ত = সূর্যাস্ত।সন্ধির ক্ষেত্রে ধ্বনির মিলন চার রকমের হতে পারে: ১. উভয় ধ্বনি মিলে একধ্বনিতে পরিণত হয়। ২. একটি ধ্বনি বদলে যায়। ৩. একটি ধ্বনি লোপ পায়। ৪. উভয় ধ্বনি বদলে গিয়ে নতুন একটি ধ্বনির সৃষ্টি হয়।সন্ধির প্রয়োজনীয়তা: ১. সন্ধি করলে পাশাপাশি দুটি বা ততোধিক শব্দের তাড়াতাড়ি উচ্চারণ সহজ ও সংক্ষিপ্ত হয়। যেমন: বিদ্যা + আলয় = বিদ্যালয়। ‘আমি বিদ্যা আলয়ে যাচ্ছি’-এর চেয়ে ‘আমি বিদ্যালয়ে যাচ্ছি’ বেশি সহজ ও সংক্ষিপ্ত। অনেক সময় দুটি ধ্বনি পাশাপাশি একসঙ্গে উচ্চারণ করার সময় সন্ধি আপনা থেকেই হয়ে যায়। যাহোক, সহজে উচ্চারণ করার জন্য সন্ধির প্রয়োজন। ২. সন্ধি করলে ভাষা শ্রুতিমধুর হয়। সুতরাং শ্রুতিমাধুর্যের জন্য সন্ধির প্রয়োজন।সন্ধির প্রকারভেদ: সন্ধি দুই প্রকার। স্বরসন্ধি ও ব্যঞ্জনসন্ধি।স্বরসন্ধি: স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয়, তাকে স্বরসন্ধি বলে। যেমন: অ + অ = আ, হিম + আলয় = হিমালয়।ব্যঞ্জনসন্ধি: স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি, ব্যঞ্জনধ্বনি ও স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি ও ব্যঞ্জনধ্বনি মিলিত হয়ে যে সন্ধি হয়, তাকে ব্যঞ্জনসন্ধি বলে। যেমন: সৎ + জন = সজ্জন।বিসর্গসন্ধি বলে ব্যঞ্জনসন্ধির একটি প্রকারভেদ আছে। বিসর্গ আসলে ‘র’ এবং ‘স্’-এর সংক্ষিপ্ত রূপ। বিসর্গের সঙ্গে স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনির সন্ধি হলে, তাকে বিসর্গসন্ধি বলে। যেমন: পুনঃ + বার = পুনর্বার, দুঃ + অবস্থা = দুরবস্থা ইত্যাদি। কেউ কেউ বিসর্গসন্ধিকে আলাদা একটি শ্রেণীতে ফেলে সন্ধিকে তিন প্রকার বলেছেন। আসলে বিসর্গসন্ধি ব্যঞ্জনসন্ধিরই অন্তর্ভূক্ত।শব্দের উৎস অনুসারে সন্ধিকে আবার দুই ভাগে বিভক্ত করা হয়েছে।ক. তৎসম সন্ধি খ. খাঁটি বাংলা সন্ধিক. তৎসম সন্ধি: বাংলা ভাষায় ব্যবহূত তৎসম শব্দের সন্ধি হলে তাকে তৎসম সন্ধি বলে। তৎসম সন্ধি স্বর ও ব্যঞ্জনভেদে দুই প্রকার।ক. তৎসম স্বরসন্ধি খ. তৎসম ব্যঞ্জনসন্ধিখ) খাঁটি বাংলা সন্ধি: বাংলা ভাষায় দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে তৎসম সন্ধির নিয়ম প্রয়োগ না করে, ভিন্ন নিয়মে সন্ধি করা হয়েছে। এ প্রকারের সন্ধিকে বলা হয় খাঁটি বাংলা সন্ধি।জেনে রাখো: ভাষা সব সময় নিয়ম মেনে চলে না। ব্যাকরণ দেখে দেখে তো ভাষার সৃষ্টি হয়নি। বরং ভাষার বিশ্লেষণ করেই ব্যাকরণ নির্ধারণ করা হয়েছে। তাই দেখা যায় ভাষায় নিয়ম ও শৃঙ্খলা যেমন আছে, তেমনি ব্যতিক্রম বা বিকল্পও আছে। যখন নিয়ম খাটে না, তখন তাকে ব্যাকরণে বলে ব্যতিক্রম বা নিপাতনে সিদ্ধ।# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল