প্রার্থনাপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘প্রার্থনা’ কবিতা থেকে সৃজনশীল পদ্ধতির নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য কবিতাটির বিষয়বস্তু ভালোভাবে পড়বে।# নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।বিশ্বজগতে সমস্ত সৃষ্টিই মহান আল্লাহ তাআলার। তিনি প্রকৃতিকে সাজিয়েছেন অপার সৌন্দর্য দিয়ে। আর মানুষের জন্য সৃষ্টি করেছেন বেঁচে থাকার নানা উপকরণ।একমাত্র সৃষ্টিকর্তার অনুগ্রহেই আমরা বেঁচে আছি। তাঁর মহিমা বলেই বিশ্বজগৎ পরিচালিত হচ্ছে। তাঁর সমস্ত সৃষ্টির মধ্যেই মানবকল্যাণ নিহিত। তাই আমাদের উচিত সর্বদা কৃতজ্ঞচিত্তে মহান আল্লাহ তাআলাকে স্মরণ করা এবং তাঁরই প্রার্থনায় নিজেকে নিয়োজিত রাখা।প্রশ্ন: ক) ‘প্রার্থনা’ কবিতাটির উৎস লেখো।প্রশ্ন: খ) কবি কেন হূদয়ে শক্তি কামনা করেন?প্রশ্ন: গ) উদ্দীপকটিতে স্রষ্টার যে মহিমা ফুটে উঠেছে, ‘প্রার্থনা’ কবিতায় তা কতটুকু বিধৃত হয়েছে মূল্যায়ন করো।প্রশ্ন: ঘ) মানুষ হিসেবে আমাদের কী করণীয়, তা ‘প্রার্থনা’ কবিতার আলোকে বিশ্লেষণ করো।উত্তর: ক) মহাকবি কায়কোবাদ রচিত বিখ্যাত কাব্যগ্রন্থ অশ্রুমালা থেকে সংকলিত হয়েছে ‘প্রার্থনা’ কবিতাটি।উত্তর: খ) কবি কায়কোবাদ ‘প্রার্থনা’ কবিতাটির মধ্যে একাধিক বার হূদয়ে শক্তি কামনা করে বিধাতার কাছে সাহায্য চেয়েছেন। তিনি মনে করেন, বিধাতার প্রশংসা বা ভক্তি করার মতো কোনো যোগ্যতা তাঁর নেই। তিনি যেন কোনো শোক-তাপ, বিপদ-আপদ কিংবা সুখ-সম্পদের মোহে বিধাতাকে ক্ষণকালের জন্য ভুলে না যান। সে জন্য তিনি হূদয়ে শক্তি ও সাহস কামনা করেছেন। তা ছাড়া তিনি যেন জীবনের চরম কোনো বিপদের মুহূর্তে দিশেহারা হয়ে না পড়েন অথবা দুঃখের তিমির রাতে যেন একাগ্রচিত্তে খোদাকে স্মরণ করতে পারেন—এ জন্যও হূদয়ে শক্তি সঞ্চার করতে চান। কবি মনে করেন, পরম ভক্তিভরে কেউ যদি বিধাতার কাছে আত্মসমর্পণ করে দেহ ও মনের শক্তি কামনা করেন, তাহলে অবশ্যই খোদা তাআলা তাঁকে সেই শক্তি দান করবেন। উত্তর: গ) এ বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত সৃষ্টির মধ্যেই আমরা অনুভব করি সৃষ্টিকর্তার অস্তিত্বকে। বিচিত্র এ জগতে সর্বময় ক্ষমতার অধিকারী তিনি। সৃষ্টজগতের সমস্ত সৌন্দর্য, ঐশ্বর্য এবং মানুষের ভোগ্য উপযোগী সবকিছুর মধ্যেই নিহিত আছে আল্লাহ তাআলার অপার মহিমা। উদ্দীপকে উল্লিখিত স্রষ্টার অপার মহিমাগুলো ‘প্রার্থনা’ কবিতার মধ্যেই বিধৃত হয়েছে। সূর্যের সোনালি আলো, চাঁদের কিরণ, পাহাড়-পর্বত, নদী-নালা, আকাশ-সাগর অরণ্যশোভিত বৃক্ষরাজি সবকিছুর মধ্যেই বিরাজ করছে বিশ্বপ্রতিপালকের সুমহান কীর্তি। বড়ই রহস্যময়, বড়ই অবাক করা তাঁর প্রতিটি সৃষ্টিকর্ম। মানুষ হিসেবে আমরা অতি ক্ষুদ্র। অথচ মানুষের নিমিত্তেই তিনি সৃষ্টি করেছেন এত কিছু। এসবের মধ্যে মানুষ একদিকে যেমন বেঁচে থাকার প্রয়োজনীয় উপকরণ খাদ্য ও পানীয় গ্রহণ করে, অন্যদিকে নিজেকে সতেজ ও প্রফুল্ল রেখে জীবনকে উপভোগ করে। বিধাতার এই অসীম রহমত ও অনুগ্রহের প্রতি সর্বদা আমাদের বিনীত থাকা উচিত। তাঁর মহিমার স্বরূপ উদ্ঘাটনে ব্যস্ত না থেকে বরং তাঁর সৃষ্টবস্তুর প্রতি অত্যন্ত যত্নশীল হওয়া উচিত। কারণ, বিধাতার দেওয়া সম্পদ ও সৌন্দর্যই আমাদের জীবনধারণের একমাত্র পাথেয়। মহান সৃষ্টিকর্তার এ মহিমা ‘প্রার্থনা’ কবিতায় ফুটে উঠেছে।উত্তর: ঘ) মহাকবি কায়কোবাদ বিরচিত অশ্রুমালা কাব্যগ্রন্থের অন্তর্গত ‘প্রার্থনা’ কবিতাটির মধ্যে মহান স্রষ্টার গুণগান সৃষ্টিকর্তার প্রতি আনুগত্যবোধ এবং নিজেকে কৃতজ্ঞচিত্তে স্রষ্টার কাছে আত্মসমর্পণের কথা বলা হয়েছে।বিশ্বজগতের ক্ষুদ্র থেকে বৃহৎ সমস্ত সৃষ্টিই মানুষের কল্যাণে নিয়োজিত। বিশ্ববিধাতার অনুগ্রহ ছাড়া এক মুহূর্তও আমাদের বেঁচে থাকা সম্ভব নয়। তিনি আমাদের জীবন দান করেছেন আবার ওই জীবনকে সচল রাখার জন্য সৃষ্টি করেছেন রহমতের বায়ু। সৃষ্টিজগতের এমন কোনো বস্তু নেই, যেটাকে তিনি অহেতুক সৃষ্টি করেছেন। এই অসীম ক্ষমতাধর আল্লাহ তাআলার প্রতি সব সময় আমাদের শোকর আদায় করা উচিত। আমাদের পার্থিব জগতের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, আশা-নিরাশার প্রতিফলন একমাত্র তাঁর নির্দেশেই ঘটে। তিনিই আমাদের বিপদের বন্ধু, আঁধারের আলো, অসহায়ের সঙ্গী। আমরা শুধু তাঁর করুণা ভিক্ষা করি। তিনি যেন আমাদের সেই শক্তি ও সাহস দান করেন, যা দ্বারা আমরা জীবনচলার পথে শুধু তাঁর গুণগানেই লিপ্ত থাকি। আমরা যেন সুখের আতিশয্যে বা দুঃখের তাপানলে তাঁকে ভুলে না যাই। মহান আল্লাহ তাআলার ধ্যানে নিজেকে নিয়োজিত রাখলে একদিকে যেমন দেহ-মনে বিরাজ করে এক অপার প্রশান্তি, তেমনি অন্যদিকে জাগতিক সব দুঃখ-যন্ত্রণাও দূরে সরে যায়। একমাত্র স্রষ্টাকে একাগ্রচিত্তে স্মরণ করলে, স্রষ্টার কাছে আত্মসমর্পণ করলে, মানুষ হিসেবে আমাদের স্রষ্টার অশেষ কল্যাণের প্রতি আনুগত্য প্রকাশ করা হয়। মানুষকে তিনি দান করেছেন সর্বশ্রেষ্ঠ জীবের মর্যাদা। তাই আমাদেরও উচিত সর্বদা তাঁর অপরাপর সৃষ্টির প্রতি দয়া-মায়া ও সম্মান প্রদর্শন করা। কবি নিজেও ‘প্রার্থনা’ কবিতাটির মধ্যে করজোড়ে, অশ্রুনয়নে স্রষ্টার কাছে নিজেকে সঁপে দিয়েছেন। আর অন্যদের মনের মধ্যেও সেই বোধটি জাগ্রত করার প্রয়াস পেয়েছেন।