অধ্যায়-৩ শব্দ পরিচয়প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ২য় পত্রের ব্যাকরণ অংশের ৩ নম্বর অধ্যায় থেকে শব্দ পরিচয় নিয়ে আলোচনা করব। শব্দ কাকে বলে: আমরা জানি অর্থবোধক ধ্বনিসমষ্টিকে শব্দ বলে। যেমন: ব এবং ই দুটি ধ্বনি। এ ধ্বনি দুটির সমষ্টি হলো বই (ব+ই)। ‘বই’ এমন একটি বস্তুকে বোঝাচ্ছে, যা পড়া যায়। ‘বই’—এই ধ্বনি সমষ্টির একটা অর্থ পাওয়া গেল। সুতরাং ‘বই’ শব্দের একটি দৃষ্টান্ত।শব্দ গঠন: শব্দ গঠনের প্রথম উপায় বর্ণের সঙ্গে বর্ণ যোগ। বর্ণের সঙ্গে বর্ণ জুড়ে আমরা শব্দ গঠন করি। যেমন: ব+ই=বই। আ+ম=আম।আমরা জানি, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে ‘কার’ এবং ব্যঞ্জবর্ণের সংক্ষিপ্ত রূপকে ‘ফলা’ বলা হয়। সরল বর্ণের সঙ্গে কার বা ফলা যোগ করে শব্দ গঠন করা যায়। যেমন: (১) ‘কার’ যোগ করে: কলা—ক্+অ=ক, ক+লা=কলাএখানে ক্-এর সঙ্গে অ যোগ করে প্রথমে ‘ক’ তৈরি করা হয়েছে এবং ল্-এর সঙ্গে আ যোগ করে ‘লা’ বানানো হয়েছে। ক ও লা মিলিয়ে ‘কলা’ শব্দটি গঠন করা হয়েছে। উল্লেখ্য, অকারের সংক্ষিপ্ত রূপের জন্য কোনো চিহ্ন নেই। অ-কার ব্যঞ্জনবর্ণের সঙ্গে মিশে যায়। যেমন: ক্+অ=ক।(২) ‘ফলা’ যোগ করে: ‘য্’-এর সংক্ষিপ্ত রূপ—‘য’ ফলা [্য] ক+য=ক্য। উদাহরণ: বাক্য, ঐক্য। র্-এর সংক্ষিপ্ত রূপ দুটি১. র-ফলা [ ্র]। ‘র’ ফলা বর্ণের নিচে যুক্ত হয়। উদাহরণ: ক্র—চক্র, বক্র।২. রেফ [র্ ]। রেফ বর্ণের শীর্ষে যুক্ত হয়। উদাহরণ: র্ক—অর্ক, তর্ক।পদের গঠন: আমরা জানি, বাক্যে ব্যবহূত শব্দকে পদ বলে। তবে পদ হতে গেলে শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত থাকতেই হবে। তাই অন্য কথায় বাক্যে ব্যবহূত বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। শব্দকে বাক্যে ব্যবহার করেই তাকে নানা অর্থে ব্যবহার করা হয়। তাই বাক্যে ব্যবহূত শব্দের গঠন আসলে পদের গঠন। পদের গঠন দুটি অর্থযুক্ত অংশ থাকে। একটি মূল অংশ। আরেকটি তার সঙ্গে যুক্ত অংশ।একটি উদাহরণ দিই: ‘ছাগলে খায়।’—এ বাক্যটিতে ‘ছাগলে’ শব্দটির দুটি অংশ আছে। ‘ছাগল’ এবং ‘এ’। ‘খায়’ এ শব্দটিরও দুটি অংশ ‘খ’ এবং ‘য়’।শব্দের যে অংশ অর্থপূর্ণ সেই অংশ হচ্ছে মূল অংশ এবং তার সঙ্গে যে অংশ যুক্ত হয় তা অর্থহীন। তা এক ধরনের চিহ্ন। তবে এই চিহ্নগুলোই শব্দকে পদে পরিণত করে এবং বিভিন্ন প্রকার ভাব প্রকাশে সহায়তা করে। যেমন: ছাগলে খায়।রানা ছাগলের দুধ খায়। এ দুটি বাক্যের প্রথম বাক্যে ‘ছাগলে’ বলতে যে কাজটি করছে তাকে বোঝাচ্ছে। অর্থাৎ ‘খাওয়া’ ক্রিয়াটি সম্পাদন করছে ‘ছাগল’। দ্বিতীয় বাক্যটিতে ‘ছাগলের’ শব্দটি বা পদটি ভিন্ন অর্থে ব্যবহূত হয়েছে। এখানে খাওয়া ক্রিয়াটি সম্পাদন করছে ‘রানা’। ‘ছাগল’ নয়। দুধটা কার?—এটি বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে ‘ছাগলের’ শব্দটি।এবার দেখি, ‘ছাগলে’ শব্দটি গঠনে রয়েছে ‘ছাগল+এ’ দুটি অংশ। আবার ‘ছাগলের’ শব্দটি গঠনে রয়েছে ‘ছাগল’+এর এ দুটি অংশ।এখন লক্ষ করি, দুটি শব্দের ‘ছাগল’ অংশ হচ্ছে অর্থময় অংশ। আর ‘এ’ এবং ‘এর’ হচ্ছে অর্থহীন যুক্ত অংশ। তবে অর্থহীন হলেও ‘ছাগল’ শব্দটিকে যথাক্রমে ‘এ’ এবং ‘এর’ দুটি ভিন্ন অর্থে ব্যবহার করতে সহায়তা করেছে। একই সঙ্গে ‘ছাগল’ শব্দটিকে পদ করে তুলেছে।উদাহরণ: ১. আমি খাই (খা+ই) ২. তুমি খাও (খা+ও) ৩. সে খায় (খা+য়)ওপরের বাক্য তিনটিতে খাওয়া ক্রিয়াটি সম্পাদন করছে যথাক্রমে তিনজন ভিন্ন ভিন্ন ব্যক্তি। ‘আমি’-এর বেলায় ‘খা’—এই ক্রিয়ার সঙ্গে যুক্ত হয়েছে ‘ই’।‘তুমি’-এর বেলায় যুক্ত হয়েছে ‘ও’। ‘সে’-এর বেলায় যুক্ত হয়েছে ‘য়’। বাক্য তিনটির মূল অর্থময় অংশ ‘খা’কে অর্থহীন যুক্ত অংশ যথাক্রমে ই, ও, এবং য় তিনটি ভিন্ন অর্থে ব্যবহার করতে সহায়তা করেছে, একই সঙ্গে ‘খা’ শব্দটিকে পদ করে তুলেছে। শব্দের বা পদের এই মূল অর্থময় অংশকে এক কথায় বলা হয় ‘প্রকৃতি’। প্রকৃতি দুই প্রকার। যেমন: ১. নাম প্রকৃতি ২. ক্রিয়া প্রকৃতি।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল