ক্রিয়ার কালপ্রিয় শিক্ষার্থী, আজ রয়েছে বাংলা ২য় পত্র থেকে ‘ক্রিয়ার কাল’ নিয়ে আলোচনা।বর্তমান কাল(ক) সাধারণ বা নিত্যবৃত্ত বর্তমান: যে ক্রিয়া সাধারণত নিত্য বা সব সময় ঘটে থাকে তার কালকে সাধারণ বা নিত্যবৃত্ত বর্তমান কাল বলে। যেমন: অমি খায়, সূর্য পূর্ব দিকে ওঠে, বাঙালিরা ভাত খায়, ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়। ইতিহাসের ঘটনা বর্ণনায় অতীত কালের ক্রিয়া নিত্য বর্তমান হিসেবে ব্যবহূত হলে তাকে ঐতিহাসিক বর্তমান বলা হয়।(খ) ঘটমান বর্তমান: কোনো ক্রিয়া বর্তমানে চলছে বোঝালে ঘটমান বর্তমান কাল হয়। যেমন: সবুজ লিখছে, খুকি খেলা করছে, বসন্তের হাওয়া বইছে ইত্যাদি।(গ) পুরাঘটিত বর্তমান: যে ক্রিয়া সবেমাত্র ঘটেছে, এখনো তার ফল বর্তমান আছে, তার কালকে পুরাঘটিত বর্তমান কাল বলে। যেমন: আমি পড়েছি, অপু ভাত খেয়েছে, রাজা এসেছেন ইত্যাদি।(ঘ) বর্তমান অনুজ্ঞা: যে ক্রিয়ার কালে বর্তমানের আদেশ, অনুরোধ ইত্যাদি বোঝায়, তাকে বর্তমান অনুজ্ঞা বলে। যেমন: তাকে কথাটা বলে এসো, সুখে থাকো, শান্তি পাও ইত্যাদি।অতীত কাল(ক) সাধারণ অতীত: যে ক্রিয়া কোনো অনির্দিষ্ট অতীত কালে ঘটেছে, তার কালকে সাধারণ অতীত কাল বলে। যেমন: গাড়ি এখনই ছাড়ল, তিনি এলেন ইত্যাদি।(খ) ঘটমান অতীত: যে ক্রিয়া অতীত কালে চলেছিল এবং তখনো শেষ হয়নি এরূপ বোঝায়, তার কালকে ঘটমান অতীত কাল বলে। যেমন: সে পড়ছিল, মা শিশুকে খাওয়াচ্ছিলেন, মনি তখন খেলছিল ইত্যাদি।(গ) পুরাঘটিত অতীত: যে ক্রিয়া আগেই শেষ হয়ে গেছে, তার কালকে পুরাঘটিত অতীত কাল বলে। যেমন: খোকা স্কুলে গিয়েছিল, বইটি পড়েছিলাম, আমি দেখেছিলাম ইত্যাদি।(ঘ) নিত্যবৃত্ত অতীত: যে ক্রিয়া অতীত কালে সব সময় ঘটত, এমন বোঝায়, তার কালকে নিত্যবৃত্ত অতীত বলে। যেমন: সীমা বেড়াত, ছুটিতে আমরা খেলতাম, বেড়াতে গেলে সে খুশি হতো ইত্যাদি।ভবিষ্যৎ কাল(ক) সাধারণ ভবিষ্যৎ: যে ক্রিয়া এখনো ঘটেনি তবে ভবিষ্যতে ঘটবে—এরূপ বোঝালে তাকে সাধারণ ভবিষ্যৎ কাল বলে। যেমন: বইটি পড়ব, বিকেলে খেলব, রীতা নাচবে ইত্যাদি।(খ) ঘটমান ভবিষ্যৎ: যে ক্রিয়া ভবিষ্যতে আরম্ভ হয়ে চলতে থাকবে, তার কালকে ঘটমান ভবিষ্যৎ বলে।যেমন: তিনি কথা বলতে থাকবেন, আমি কাজটা করতে থাকব, আমি তখন বেড়াতে থাকব ইত্যাদি।(গ) পুরাঘটিত ভবিষ্যৎ: যে ক্রিয়া অতীত কালে হয়তো হয়েছিল বা হয়ে থাকতে পারে, এমন সম্ভাবনা বোঝায় তার কালকে পুরাঘটিত ভবিষ্যৎ বলে। যেমন: বোধ হয় রানা এ কথা বলে থাকবে, রতি হয়তো ব্যাপারটা দেখে থাকবে ইত্যাদি।(ঘ) ভবিষ্যৎ অনুজ্ঞা: যে ক্রিয়া ভবিষ্যতে সম্পন্ন করার জন্য আদেশ, অনুরোধ ইত্যাদি বোঝায়, তার কালকে ভবিষ্যৎ অনুজ্ঞা বলে। যেমন: দয়া করে কাল এসো, কখনো প্রতারণা কোরো না ইত্যাদি।