জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি: বাংলা ও ইংরেজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুরন্ত আশাপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ‘দুরন্ত আশা’ কবিতা থেকে সৃজনশীল পদ্ধতির একটা নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।# নিচের উদ্দীপকটি পড়ো ও প্রশ্নগুলোর উত্তর দাও। বিশ্ব মাঝে যা কিছু কল্যাণকর, যা কিছু মঙ্গলময়—এসবের মূলে রয়েছে সংগ্রামী চেতনা। ভীরু, অলস ও কর্মবিমুখ যাঁরা, তাঁদের কাছে জীবনের তাৎপর্য কখনো অর্থবহ হয় না। অথচ সাহসী, সংগ্রামী আর উদ্যমী মনোভাব যাঁদের, তাঁরা মনে করেন ‘আশাই জীবন, জীবনের শ্রী’। প্রশ্ন: ক. ‘দুরন্ত আশা’ কবিতাটির মধ্যে কবি কোন সত্যটুকু স্পষ্টরূপে তুলে ধরেছেন।প্রশ্ন: খ. কবি কোন ধরনের জীবন পছন্দ করেন। প্রশ্ন: গ. উদ্দীপকের আলোকে, ‘দুরন্ত আশা’ কবিতায় অলস ও ভীরু বলে যাঁদের অভিহিত করা হয়েছে, তাঁদের পরিচয় ও মানসিকতার বর্ণনা দাও। প্রশ্ন: ঘ. ‘আশাই জীবন, জীবনের শ্রী’—‘দুরন্ত আশা’ কবিতার আলোকে এ বক্তব্যের তাৎপর্য বিশ্লেষণ করো।উত্তর: ক. ‘ভীরুতা নয়, সাহসিকতার মধ্যেই জীবনের প্রকৃত পরিচয় নিহিত’—এ সত্যটুকুই ‘দুরন্ত আশা’ কবিতাটির মধ্যে কবি সুস্পষ্টরূপে প্রতীয়মান করেছেন। উত্তর: খ. জীবনের আসল উদ্দেশ্য লক্ষ্যবস্তু থেকে সরে আসা নয় বরং লক্ষ্যবস্তুকে অর্জন করার জন্য যেকোনো প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম করা। অন্তরের উচ্চাশাকে অদৃষ্টের দোহাই দিয়ে আমাদের দমন করা উচিত নয়। যেকোনো কাজে সফলতা ও ব্যর্থতা দুটোই আসবে। ব্যর্থতাকে আবার নতুন করে সফল করার জন্য উদ্যমী হতে হবে। ভয়কে জয় করতে না পারলে, আরাম-আয়েশের শৃঙ্খল থেকে মুক্ত হতে না পারলে জীবনটা অন্তঃসারশূন্যই রয়ে যাবে। কবি এমন ধরনের জীবন পছন্দ করেন না। তিনি চান, মরুচারী আরব বেদুইনদের মতো সংগ্রামী জীবন। অন্ধকার স্রোতে গা ভাসিয়ে নিরুদ্দেশ হওয়াকে কবি সাহসিকতা বলেছেন। মৃত্যুর পরোয়া না করে কাঙ্ক্ষিত বিজয়ের লক্ষ্যে যাঁরা নিজের জীবনকে তুচ্ছ ভেবে সম্মুখের দিকে এগিয়ে যান, তাঁদের কবি পছন্দ করেন। এ পৃথিবীতে যা কিছু মহান ও কল্যাণকর তার সবটুকুই প্রতিষ্ঠিত হয়েছে সংগ্রামের মাধ্যমে। তাই কবি ভীরুতাকে পরিহার করে সংগ্রামমুখর জীবনকেই অধিক পছন্দ করেন। উত্তর: গ. ‘বীরভোগ্যা এ বসুধা’ কথাটি অত্যন্ত সত্য। কারণ, যুগ যুগ ধরে এ পৃথিবী শুধু যোগ্য ব্যক্তিদের দর্পই সহ্য করে। যাঁরা ভীরু, অলস-আর কর্মবিমুখ তাঁদের কাছে জীবনের নেতিবাচক দিকগুলোই ফুটে ওঠে। জীবনের প্রকৃত অর্থ তাঁদের কাছে কখনো সঠিকভাবে ধরা পড়ে না। ‘দুরন্ত আশা’ কবিতাটির মধ্যে কবি বাঙালি জাতির চরিত্রের মধ্যে ভীরুতা, কর্মবিমুখ, আর অলসতার দিকটি উল্লেখ করেন। তাঁদের ছাপোষা স্বভাবের একটি চমৎকার বর্ণনা দিয়েছেন। বাঙালি মাত্রই আরামপ্রিয়। তাঁরা নিরীহ ও ভদ্রবেশে সম্পূর্ণ ঝঞ্ঝাটহীন জীবনযাপন করতেই ভালোবাসেন। অজ্ঞতার মুখোশ পরে নিজেদের দুবলতাকে তাঁরা ঢেকে রাখেন। উচ্চাশাকে তাঁরা অদৃষ্টের দোহাই দিয়ে দমিয়ে রাখেন। সংগ্রামের পথ বেছে নিতে তাঁরা নারাজ। বাঙালিদের মধ্যে কোনো উদ্দীপনা বা কৌতূহল নেই বললেই চলে। তাঁদের জীবন অসার, গতিহীন ও নিশ্চল। প্রাণের মধ্যে সামান্য আশার সঞ্চার হলেও তাকে জয় করার মতো সাহস তাঁদের নেই। তাঁরা গৃহকোণে নিজেদের আবদ্ধ রেখে চিত্তবিনোদনের নানা উপায় খুঁজে বের করেন। তাঁদের শরীরটা সবসময় ক্লান্তিতে ভরা। যেকোনো প্রতিকূল পরিবেশ থেকে গা বাঁচিয়ে চলতেই তাঁরা স্বাচ্ছন্দ্য বোধ করেন। কবি বাঙালি জাতির এ চরিত্রকে অত্যন্ত কটাক্ষ করে তাদের প্রতি বিরূপ ধারণা পোষণ করেছেন। তিনি বাঙালি জাতিকে স্তন্যপায়ী জীব বলেও অভিহিত করেছেন। উদ্দীপকের ভীরু, অলস ও কর্মবিমুখ ব্যক্তিদের চরিত্রের প্রতিফলনই ফুটে উঠেছে ‘দুরন্ত আশা’ কবিতার বাঙালি জাতির চরিত্রের মধ্যে। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল