বাগধারাপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ২য় পত্রের ব্যাকরণ অংশের নির্বাচিত বাগধারা অনুশীলন করব। কলমের খোঁচা (অসৎভাবে সাধিত আদেশ)—বড় সাহেবের এক কলমের খোঁচায় কারখানাটি বন্ধ হয়ে গেল।কাকজোছনা (ক্ষীণ চন্দ্রালোক)—কাকজোছনার বাঁশবাগানের ভেতর দিয়ে যেতে আমার ভয় হয়।কাকতালীয় (আকস্মিক যোগাযোগ)—বাবা বাড়ি এলেন আর আমার অসুখ ভালো হয়ে গেল, কাকতালীয় ব্যাপার মনে হলো।কাগজে-কলমে (লিখিতভাবে)—তোমার অভিযোগ কাগজে-কলমে দেখাও, মুখের কথায় বিশ্বাস নেই।কাজের কথা (প্রয়োজনীয়)—কাজের কথা থাকলে বলো, বাজে কথা শোনার সময় নেই।কাজের কাজি (কর্মদক্ষ)—লোকটা ঠিকই কাজের কাজি, এত বড় কাজ কেমন সুষ্ঠুভাবে শেষ করল।কাঞ্চনমূল্য (অগ্নিমূল্য)—লোকটি আলু গুদামজাত করে বসে আছে কাঞ্চনমূল্য পাওয়ার আশায়।কাটা ঘায়ে নুনের ছিটা (যন্ত্রণায় নতুন মাত্রা যোগ করা)—পুরোনো কথা মনে করিয়ে দিয়ে কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার দরকার নেই।কাঠখড় (আয়োজন)—মেয়ের বিয়ে দিতে অনেক কাঠখড় দরকার।কানকাটা (নির্লজ্জ)—তার মতো কানকাটা লোককে দিয়ে বৈধ-অবৈধ সবই সম্ভব।কানপাতলা (নির্বিচারে অন্যের লাগানো কথায় বিশ্বাস করে এমন লোক)—এমন কানপাতলা লোকের কাছে তোমার গোপন কথা বলা ঠিক হয়নি।কানামাছি খেলা (শিশুদের খেলা)—কানামাছি খেললে জীবন চলবে না, বাস্তববাদী হতে হবে।কানে আঙুল দেওয়া (না শোনার চেষ্টা করা)—রিকশাওয়ালার অশ্লীল কথা শুনে সবাই কানে আঙুল দিল।কানে মন্ত্র দেওয়া (কুপরামর্শ দান)—বাজে লোকের কানমন্ত্র শুনে নিজের ক্ষতি করা ঠিক নয়।কেঁচো খুঁড়তে সাপ (বিপজ্জনক পরিণতি)—কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরোতে পারে, আর ঘাঁটাঘাঁটি করো না।কোমর বাঁধা (দৃঢ়সংকল্প)—ইভ টিজারদের বিরুদ্ধে কোমর বেধে নামতে হবে।কাকস্নান (সংক্ষিপ্ত গোসল)—দুই মিনিটে স্নান শেষ, এ তো দেখছি কাকস্নান।কচু বনে কালাচাঁদ (অপদার্থ)—পড়াশোনার নাম নেই, পোশাকের কী ঘটা! এমন কচু বনের কালাচাঁদ আর দেখিনি।কথায় চিঁড়ে ভেজে না (ফাঁকা আওয়াজে কাজ হয় না)—লোকের উপকার করতে গেলে শুধু কথায় চিঁড়ে ভিজে না, কাজ দেখানো চাই।কলুর বলদ (নির্বিকারে পরিশ্রম করা)—সে না বুঝেসুঝে কেবল কলুর বলদের মতো খেটে মরে।কল্কে পাওয়া (পাত্তা পাওয়া)—কেমন ভাই নতুন জামাই, বিয়ে করতে যাওয়ার সময় আমাদের নিয়ে যাবে, এখন দেখছি তোমার কল্কে পাওয়াই ভার হলো।ক অক্ষর গোমাংস (বর্ণপরিচয়হীন মূর্খ)—আরে বলছ কি, ব্যারিস্টার সাহেবের ছেলে হয়ে কি না ক অক্ষর গোমাংস।কপাল কাটা (অদৃষ্ট মন্দ হওয়া)—বিধবার একমাত্র পুত্রের মৃত্যুতে তার কপাল কেটেছে।কুঁড়ের বাদশা (ভয়ানক কুঁড়ে)—তুমি দেখছি একটা কুঁড়ের বাদশা, খেয়েদেয়ে আয়েসে সময় কাটালে সংসার চলবে কী করে?# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল